ঢাকা, ১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে সব সম্পর্ক চুকেবুকে গেছে ঠিকই। তবু এই দেশের প্রতি টানটা রয়েই যাবে। সেই টানে বেড়াতে হলেও আবার বাংলাদেশে আসবেন ডেভ হোয়াটমোর। শুক্রবার দুপুরে এদেশ ছেড়ে যাওয়ার আগে তাকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের তেমনই জানিয়ে গেছেন বাংলাদেশের বিদায়ী কোচ। আগেরদিন বিকেলে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির ব্যবস্থাপনা অফিসে এই অস্ট্রেলিয়ানকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছিল। তাই এদিন বিমানবন্দরে তাকে বিদায় জানাতে কর্তাদের তেমন একটা ভিড় ছিল না। দুপুর সোয়া একটায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে মেলবোর্নের উদ্দেশে রওনা হয়ে যান হোয়াটমোর। তার আগে দুপুর ১২ টায় তাকে বিদায় জানিয়ে আসেন বিসিবির সহ --- সভাপতি শাহ নুরুল কবীর শাহীন এবং সাধারণ সম্পাদক মাহবুব আনাম।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমপি/এমএম/১৮৩০ঘ.
bdnews24