২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার দুপুরেই শেষ হয়ে যাচ্ছে হোয়াটমোর অধ্যায়

বাংলাদেশ দলের কোচ হিসেবে এদেশে পা রাখার দিনটা নিশ্চয়ই খুব মনে পড়ছিল তার। সেদিন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কক্ষ গিজগিজ করছিল সাংবাদিকে। তাদের সামনে হাস্যোজ্জ্বল ডেভ হোয়াটমোর, এই ছবিটা পরের চার বছরে আর অমলিন থাকেনি। বিদায়বেলায় সাংবাদিকরা না আবার বিমানবন্দরে গিয়ে হামলে পড়েন, বাংলাদেশের বিদায়ী কোচ হয়তো এমন আশঙ্কাই করছেন। তাই "কাল (শুক্রবার) আপনার ফ্লাইট কখন?" প্রশ্নে ফোনের ওপার থেকে হোয়াটমোরের জবাব রীতিমতো আর্তনাদের মতোই শোনালো,"আমি তো এয়ারপোর্টে কোনো ইন্টারভিউ দেব না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, ৩১ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- বাংলাদেশ দলের কোচ হিসেবে এদেশে পা রাখার দিনটা নিশ্চয়ই খুব মনে পড়ছিল তার। সেদিন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কক্ষ গিজগিজ করছিল সাংবাদিকে। তাদের সামনে হাস্যোজ্জ্বল ডেভ হোয়াটমোর, এই ছবিটা পরের চার বছরে আর অমলিন থাকেনি। বিদায়বেলায় সাংবাদিকরা না আবার বিমানবন্দরে গিয়ে হামলে পড়েন, বাংলাদেশের বিদায়ী কোচ হয়তো এমন আশঙ্কাই করছেন। তাই "কাল (শুক্রবার) আপনার ফ্লাইট কখন?" প্রশ্নে ফোনের ওপার থেকে হোয়াটমোরের জবাব রীতিমতো আর্তনাদের মতোই শোনালো,"আমি তো এয়ারপোর্টে কোনো ইন্টারভিউ দেব না। জেনে কী হবে?" পরে এটুকু জানালেন,"লাঞ্চ টাইমে চলে যাচ্ছি।" অবশ্য মিডিয়ার সঙ্গেই নয় শুধু। ক্রিকেটারদের সঙ্গে দিনকে দিন তার দূরত্ব তৈরির খবরই পেয়ে এসেছে মিডিয়া। বরাবরই সুসম্পর্ক বজায় রেখে চলা ক্রিকেট বোর্ডের জনাতিনেক শীর্ষ কর্মকর্তার পছন্দের তালিকা থেকেও খসে পড়েছিলেন শেষবেলায়, বিশ্বকাপ চলাকালীন যেচে ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে। তাই বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌছে দিয়ে যাওয়া এই অস্ট্রেলিয়ান কোচের বিদায়টা শেষপর্যন্ত একরকম নিরাবেগই হয়ে থাকছে। শুক্রবার দুপুর সোয়া একটায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের বিমান আকাশে ওড়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ক্রিকেটে হোয়াটমোর অধ্যায়ের সমাপ্তি হয়ে যাবে। শেষ হলেও ওই অধ্যায়ের জন্য বাংলাদেশের ক্রিকেট ইতিহাস চিরস্থায়ী জায়গাই বরাদ্দ রাখবে। ২০০৩ এর বিশ্বকাপে চরম ব্যর্থতার পর পথ হারানো এক বাংলাদেশ দলের হাল ধরেছিলেন এসে। ১৯৯৯ এর বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর পাঁচ বছর জয়খরায় ভোগা বাংলাদেশের জন্য এক পশলা বৃষ্টি হয়েই এসেছিল ২০০৪ এর ফেব্র"য়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়। এরপর একে একে ভারত, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া বধ। ২০০৭ এর বিশ্বকাপেও সচল ছিল পরাশক্তি বধের চাকা। ভারতকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়ে দেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য সুপার এইটে ওঠা এবং সেখানে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সর্বত্রই এমন সার্টিফিকেট পাচ্ছে বাংলাদেশ,"ওয়ানডেতে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর মতো দল।" তার অধীনে ৯০ টি ওয়ানডে খেলে ৩৩ জয় পেয়েছে বাংলাদেশ। তুলনায় টেস্ট ক্রিকেটে সেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ২৭ টেস্টে চার ড্রয়ের পাশে জয় মাত্র একটি। তবুও ২০০৫ এর জানুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশকে প্রথম টেস্ট জয়ের স্বাদ এনে দেওয়ার অন্যতম রন্ধনশিল্পীও তিনিই। আছে টেস্ট ক্রিকেটে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এমনকি অস্ট্রেলিয়াকেও কাঁপিয়ে দেওয়ার মতো কিছু বিরল মুহুর্তও। সুতরাং চলে গেলেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ঠিকই জড়িয়ে থাকবেন হোয়াটমোর। শ্রীলঙ্কান বংশোদ্ভুত এই কোচও ভুলে যাবেন না বাংলাদেশকে। বৃহষ্পতিবার বিকেলে গুলশানের নাভানা টাওয়ারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনা অফিসে বোর্ডের তরফ থেকে দেওয়া অনাড়ম্বর বিদায়ী সংবর্ধনায় সেরকমই বলেছেন হোয়াটমোর। সেখানে বিশ্বকাপ দলের সব সদস্যের অটোগ্রাফ সম্বলিত একটা জার্সি স্মারক হিসেবে বিদায়ী কোচের হাতে তুলে দিয়েছেন অধিনায়ক হাবিবুল বাশার। প্রায় সব শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে বিসিবি তাকে উপহার হিসেবে দিয়েছে প্রথম টেস্ট জয়ী দলের এবং প্রতিপক্ষের ক্রিকেটারদের স্বাক্ষর দেওয়া ব্যাট। অনুষ্ঠান শেষ হওয়ার একটু পর এগুলোকেই অমূল্য হিসেবে তুলে ধরেছেন বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের কাছে। জানাচ্ছেন, বিদায়বেলায় সুখের স্মৃতিগুলোই তার মনের দরজায় গিয়ে কড়া নাড়ছে বেশি,"অনেক, অনেক সুখের আর আনন্দের মুহুর্তের জন্য বাংলাদেশকে সবসময় মনে থাকবে আমার।" এদেশে ক্রিকেটের বাইরের জগৎটাও তাকে খুব টানছে,"ক্রিকেটের বাইরে এখানকার মানুষকে খুব ভালো লাগতো আমার। কতো সহজে তারা মানুষকে কাছে টেনে নিতে পারতো।" আর তার স্ত্রীকে টানতো বাংলাদেশের শাড়ি। হেসে জানালেন, একগাঁদা শাড়িও সঙ্গী হচ্ছে তার,"আমার স্ত্রীর জন্য আগেও অনেক শাড়ি নিয়ে গেছি। এবারো বেশ কিছূ নিয়ে যাচ্ছি।" আর নিজের চার বছরের কাজের জগৎ থেকে নিয়ে যাচ্ছেন,"অনেক, অনেক মধুর স্মৃতি। ছেলেদের সঙ্গে তোলা অসাধারণ কিছু ছবি। আর কয়েকটা স্মারক।" যেগুলো বাংলাদেশের কোচ হিসেবে তাকে সাফল্যের কথাই মনে করাবে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমপি/এমএম/২০৩৫ঘ.