নয়া দিল্লী, ৩১ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- সফর শুরু হবে সেই নভেম্বরে। কিন্তু এরই মধ্যে দু দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে শুরু হয়ে গেছে নানা কথা। ভারত --- পাকিস্তান ক্রিকেট সিরিজ বলে কথা, আলোচনা --- উত্তেজনা তো থাকবেই! এখনো অবশ্য ভেন্যু নির্বাচনের মধ্যেই কথাবার্তা সীমাবদ্ধ। পাকিস্তানের আসন্ন ভারত সফরে ছোট ছোট ভেন্যুর ম্যাচে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপত্তির জবাবে ভারতীয় বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, প্রয়োজনে খেলোয়াড়দের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেয়া হবে,তবে ভেন্যুর ব্যাপারে ছাড় দেয়া যাবে না।
কদিন আগে পিসিবি বিসিসিআইকে অনুরোধ জানিয়েছে, নভেম্বরের প্রথম দিকে শুরু হতে যাওয়া সিরিজে খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমনে যেতে হয় এমন ভেন্যুতে যেন ম্যাচ আয়োজন না করা হয়। অনুরোধের জবাবটা পুরোপুরি খুশি করার মতো করে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন খেলোয়াড়দে যাতায়াতের কষ্ট লাঘব করার চেষ্টা করা হবে,তবে ভেন্যুর ব্যাপারে ছাড় দেয়ার কোনো ইচ্ছাই তাদের নেই,"আমরা তো কোনোরকম দ্বিধা না করেই পাকিস্তানের ছোট ছোট ভেন্যুগুলোতে খেলে এসেছি। প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবো, কিন্তু ভেন্যু নির্বাচনের ব্যাপারে ঘুরিয়ে ফিরিয়ে সবজায়গায় ম্যাচ আয়োজনের নিয়ম অনুযায়ীই চলবো আমরা।"
ক্রিকইনফো'র সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৫৪৭ ঘ.
bdnews24