লিডস, ইংল্যান্ড ২৯ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- লর্ডস টেস্ট ড্র রাখতে দারুণ লড়েছিলেন ব্যাটসম্যানরা। কিন্তু পরের টেস্টে তাদের কেউ দাাঁড়াতেই পারলেন না। পরিণামে একদিন বৃষ্টিতে ধুয়ে যাবার পরও চতুর্থ দিনেই রেকর্ড ১ ইনিংস ২৮৩ রানে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়। স্বাভাবিক ভাবেই ব্যাপারটি খুব হতাশ করেছে তাদের কোচ ডেভিড মুরকে। তার মতে," (হেডিংলি টেস্টের ) শেষটা হয়েছে কুৎসিত। কাপুরুষোচিত আত্মসমর্পণের মতো মনে হয়েছে পুরো ব্যাপারটা। মনে হয়েছে (ডোয়াইন) ব্রাভো আর (রুনাকো) মর্টন ভালো ব্যাট করে অন্যদের কিছুটা সাহস যুগিয়েছিল, কিন্তু ...।"
তার আগেই অবশ্য ৫ উইকেট হারিয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। রুনাকো মর্টন ২৫ রান করে আউট হওয়ার পর ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করা ব্রাভোও প্যাভিলিয়নে ফিরতে দেরি করেননি। মাত্র ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৪১ রানে অলআউট (চোটের জন্য দ্বিতীয় ইনিংসেও ব্যাট করেননি সারোয়ান) হয়ে যায় সফরকারীরা। যার অর্থ, নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। বিশ্বকাপ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অস্ট্রেলিয়ান কোচ বেনেট কিংয়ের সহকারী হিসেবে কাজ করা মুর কোচ হিসেবে তার প্রথম সফরে ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্সে খুব বিরক্ত ও হতাশ," আমরা পাঁচদিনের ম্যাচ খেলছি এটা তাদের (ব্যাটসম্যানদের) মনে রাখতে হবে। তাদের সময় নিয়ে ব্যাট করতে হবে। ইংল্যান্ড তা --- ই করেছে। আগামীতে আমাদেরও তা করতে হবে। আমরা তা পারবো। ১৫ জন খেলোয়াড়ের ওপরই আস্থা আছে আমার।"
কিন্তু ১৫ জনের মধ্যে অধিনায়ক রামনরেশ সারোয়ানকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন দারুণ সংশয়ে। হেডিংলি টেস্টের প্রথম দিনে কাঁধে চোট পাওয়া সারোয়ান ম্যাচের কোনো ইনিংসেই ব্যাট করতে পারেননি। সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চিত হতে মঙ্গলবারই ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার কথা টিম ম্যানেজমেন্টের। সারোয়ানকে নিয়ে সংশয় থাকলেও অন্য একটা সুখবর অবশ্য ইতিমধ্যেই পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। হাঁটুর চোটের জন্য হেডিংলি টেস্ট মিস করা শিবনারায়ন চন্দরপল তৃতীয় টেস্টের আগেই সেরে উঠছেন।
ওদিকে ইংল্যান্ড শিবিরে এখন চোট বা বাজে পারফরম্যান্স নিয়ে কোনো হা --- হুতাশ নেই। হাঁটুর চোটের জন্য ২০০৫ --- এর ডিসেম্বর থেকে একটাও টেস্ট খেলতে না পারা মাইকেল ভন এই ম্যাচে ফেরার মতোই ফিরেছেন। নিজে খেলেছেন ১০৩ রানের চমৎকার এক ইনিংস, দলও পেয়েছে বিশাল জয়। ইংল্যান্ড অধিনায়কের মুখে তাই সব পাওয়ার তৃপ্তি, "দারুণ একটা সপ্তাহ কাটলো। এর চেয়ে ভালো কিছু আমি আশাই করিনি। সিরিজে ১ --- ০ তে এগিয়ে যেতে পারায় আমি খুব খুশি।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৫৫৫ ঘ.
bdnews24