২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস ও ২৮৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ

৪২৪ রানে পিছিয়ে ফলো অন করতে নেমে দুই উইকেটে ২২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ক্যারিবীয়রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

তারপর তৃতীয় দিনে খেলা শুরুই হতে দেয়নি বৃষ্টি। চতুর্থ দিন সকালেও ক্রিস গেইলকে (১৩) হারিয়ে ওয়েস্টইন্ডিজের স্কোর যখন ৩ উইকেটে ৩১ তখন আবার খেলা বন্ধ। মনে হচ্ছিল প্রকৃতি বুঝি হাত মিলিয়েছে সফরকারীদের সঙ্গে। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর যেই খেলা শুরু হলো, অমনি শুকনো পাতার মতো ঝরে পড়তে লাগলো উইকেট। চা বিরতির একটু পরে খেলাই শেষ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৪১ রানে ৯ উইকেট হারানোর পরই নিশ্চিত হয়ে গেছে ফলাফল-লিডস টেস্ট ১ ইনিংস ও ২৮৩ রানে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে গেছে ইংল্যান্ড। অধিনায়ক রামনরেশ সারোয়ান কাঁধের চোটের জন্য ব্যাট করতে পারবেন না। তাই আগের ইনিংসের মতো ৯ উইকেট হারানোর পরই অল আউট ওয়েস্ট ইন্ডিজ।

মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল ব্যাটিং বিপর্যয়। ডেভন স্মিথ (১৬) আর সিলভেস্টার জোসেফও (১) আউট হওয়ায় স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫৭। তারপর ডোয়াইন ব্রাভো আর রুনাকো মর্টনের সামান্য প্রতিরোধ। জুটিতে ৬৩ রান তোলার পর মর্টন (২৫) ফিরে যান হার্মিসনের বলে। আবার ভেঙ্গে যায় বাঁধ। ১ রানে জীবন পাওয়া দীনেশ রামদিন (৫) ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করা ব্রাভোকে ছেড়ে গেলে ভেঙ্গে যায় ২১ রানের সপ্তম উইকেট জুটি। ৭ উইকেটে ১৪১। একই স্কোরে ব্রাভো আর জেরম টেলরও আউট, ওয়েস্ট ইন্ডিজ অল আউট ১৪১ রানে।

দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার রায়ান সাইডবটম। এ ইনিংসের ৪৪ রানে ৪ উইকেট মিলিয়ে ম্যাচে ৮৬ রানে ৮ উইকেট পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫২ রানে ২ উইকেট পাওয়া হার্মিসন এবার পেয়েছেন ৩৭ রানে ৩ উইকেট। তবে ম্যান অব দ্য ম্যাচ তাদের কেউ নন। সেই পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের একমাত্র ইনিংসে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি (২২৬) করা কেভিন পিটারসেন।