হোয়াটমোরকে বিদায় দিলেন ক্রিকেটাররা
তিনি চলে যাচ্ছেন। সেখানে নতুন কেউ আসবেন কোচ হিসেবে। কিন্তু তার চার বছরের মেয়াদকালে যেখানটাতে গিয়ে পৌছেছে বাংলাদেশের ক্রিকেট, সেখান থেকে পা হড়কানো চলবে না কিছুতেই।
বরং ছোট ছোট অর্জন দিয়ে গাঁথা হতে থাকা মালাটা যেন ফুলে ফুলেই ভরে ওঠে কেবল। বাংলাদেশ দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে দেওয়া ডেভ হোয়াটমোরের বিদায়ী ভাষণের সারমর্ম অনেকটা এরকমই।
ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের পরপরই আসলে বাংলাদেশের সঙ্গে সব সম্পর্ক চুকেবুকে গেছে শ্রীলঙ্কায় জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ানের। শুক্রবার তিনি ফিরে যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পরিবারের সান্নিধ্য উপভোগের পাশাপাশি ৪ জুন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ নির্বাচনী সভার দিকেও তাকিয়ে থাকবেন। সেদিনই নির্ধারিত হবে তার পরবর্তী গন্তব্য ভারত কিনা। সোমবার সকালে হোটেল শেরাটনের পাঁচতলার মিটিং রুমে কোচকে বিদায় জানালেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এজন্য ছোটোখাটো একটা আয়োজনও নিজেরাই উদ্যোগ নিয়ে করেছিলেন। ক্রিকেটারদের তরফ থেকে বিদায়ী উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় ডিনার সেট। বিশ্বকাপের সময় থেকেই জানা, ভারতের কোচ হওয়ার জন্য কতোটা ব্যাকুল হয়ে আছেন হোয়াটমোর। বিদায়বেলায় তার এই মনোবাসনা পূরণের জন্যও শুভকামনা জানিয়েছেন কেউ কেউ। তাদেরই একজন মোহাম্মদ আশরাফুল,“ভারতের কোচের চাকরিটা যাতে পান, সেই শুভকামনা জানিয়েছি তাকে।”
জবাবে আলাদা করে কাউকে তেমন কিছু বলেননি হোয়াটমোর। তবে দলের তরুণ তুর্কীদের আগামীর দায়িত্ব নিজেদের কাঁধে একযোগে তুলে নেওয়ার ব্যাপারটায় জোর দিয়েছেন। বাংলাদেশ দলে এমন কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন, যারা বেলা শেষের ডাক শুনতে পাচ্ছেন। তারা চলে গেলে এই তরুণদেরই ঠিকমতো দলের হালটা ধরে রাখার ডাক দিয়েছেন হোয়াটমোর। সকালে হোটেল থেকে চেক আউট করার সময় তার জবানিতে সেটাই তুলে ধরলেন রাজিন সালেহ,“উনি বলেছেন,‘দেখ, হাবিবুল, রফিক, জাভেদরা তো আর খুব বেশিদিন নেই। তখন তোমাদের তরুণদেরই এখনকার অবস্থানটা ধরে রেখে দলকে আরো এগিয়ে নিতে হবে।’ আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনেছি। বলেছি, তাকেও আমরা খুব মিস করবো।”
আরো অনেকে হোয়াটমোরকে মিস করার কথা বললেন বটে। কিন্তু সেগুলোকে ঠিক মনের কথা বলে মনে হল না। অবশ্য হোয়াটমোরের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব তৈরি হয়ে যাওয়ার খবরটা এতোদিনে অনেকটাই প্রকাশ্য হয়ে গেছে। এতোটাই যে হাবিবুল বাশারও মুখ ফুটে বলে ফেলতে পারছেন,“আসলে আমরা সবাই-ই উপলদ্ধি করতে পারছি যে, যা হওয়ার হয়ে গেছে। এখন সেসব ভেবে কোনো লাভ নেই।” বিদায়বেলায় তাই কেউ এসব মনে করে বসে থাকেননি। তাই বলে হোয়াটমোরকে বিদায় জানানোর জন্য আয়োজিত ছোট্ট অনুষ্ঠানটায় আবেগের মাখামাখিও ছিল না বলেই খবর।
পারফরম্যান্সের পাশাপাশি তার নিরাবেগের জন্যও আলোচিত সাকিব আল হাসান বিদায়ী কোচকে মনে রাখবেন তাকে উৎসাহ জোগানোর জন্য,“আমি তাকে কোচ হিসেবে খুব বেশিদিন পাইনি। তাই কিছু শেখানোর ব্যাপারও তেমন একটা ঘটেনি। তবে তিনি আমাকে ভালো খেলার জন্য ভীষণ উৎসাহিত করতেন।” তবে কারো কারো সঙ্গে হোয়াটমোরের আচরণ উৎসাহে জলও ঢেলে দিয়েছে কখনো কখনো। তাতে কেউ কেউ হতাশ হয়েছেন। আবার কারো কারো মাঝে চাপিয়েছে ভালো করার জেদ। সেই জেদে আখেরে লাভবান এক তরুণ ক্রিকেটার বলছেন, “উনি কোচ থাকায় আমার অনেক লাভ হয়েছে! পছন্দ করতেন না বলে আমার রাগ বেড়ে যেত। সেই জেদেই তো আমি ভালো খেলেছি সেদিন।” হোয়াটমোর চলে যাওয়া এই ক্রিকেটারটি কিন্তু হাঁফ ছেড়ে বাঁচলেন!
