হাবিবুল অধিনায়কত্ব ছাড়লেন, ওয়ানডে ছাড়লেন না
ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে ঢাকঢোল পিটিয়েই ঘোষণা করেছিলেন, “দেশের মাটিতে এটাই আমার শেষ ওয়ানডে সিরিজ।” এমনকি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণাও এরমধ্যেই দিয়ে দেওয়ার ইচ্ছের কথাও গোপন রাখেননি সেসময়। কিন্তু এই সিরিজের সময়ই আবার তার ওয়ানডে খেলার ইচ্ছে ডানা মেলতে শুরু করায় এখন জানাচ্ছেন,“আমি ওয়ানডেতে আর অধিনায়কত্ব করতে চাই না। আজ (রোববার) বোর্ডের একজন কর্মকর্তাকে (সাধারণ সম্পাদক মাহবুব আনাম) বিষয়টা আমি খুলেও বলেছি। এটাও জানিয়েছি শুধু খেলোয়াড় হিসেবে ওয়ানডে দলে চাইলে আমাকে পাওয়া যাবে।”
বাংলাদেশের সফলতম অধিনায়ক অবশ্য একই সঙ্গে জানাচ্ছেন, “অধিনায়কত্ব আমার কাছে শেষ কথা নয়। দেশের হয়ে খেলতে পারাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি।” আর টেস্টে তাকে অধিনায়ক রাখা হবে কি না, ব্যাপারটা বোর্ডের ওপরেই ছেড়ে দিতে চান তিনি। মানে টেস্টে তিনি খেলোয়াড় এবং অধিনায়ক দুটোই থাকতে চান, আর ওয়ানডেতে থাকতে চান শুধু খেলোয়াড় হিসাবে।
কিন্তু সমালোচনার দমকা হাওয়াকেই যে এতোদিন সবচেয়ে গুরুত্ব দিয়ে আসছিলেন তিনি। বিশ্বকাপে ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থতায় ওয়ানডে দলে তার জাযগা নিয়েই প্রশ্ন উঠেছিল, নেতৃত্ব নিয়ে নয়। ভারত বাংলাদেশে পৌঁছানোর আগেই জানিয়েছিলেন, ওয়ানডে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাতে ওইসব সমালোচনারও প্রভাব আছে অনেকটা। এই সপ্তাহ তিনেকের ভেতর তার মনোজগতে লাগা বৈরি হাওয়ার রেশ অনেকটা কেটে গেছে বলেই মনে হচ্ছে। না হলে যেটা প্রশ্নের উর্ধ্বে, সেই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে মরচে ধরা সামর্থ্য নিয়ে লড়তে নামার ঘোষণা দিচ্ছেন কেন? “ওয়ানডে দলে আমার জায়গা নিয়ে কথা উঠেছে। আমি শুধু অধিনায়ক হিসেবে দলে জায়গা নিয়ে থাকতে চাই না। নিজেকে প্রমাণ করে যদি খেলতে পারি তাহলে ওয়ানডে খেলবো। নয়তো খেলবো না। এজন্যই আমার এমন সিদ্ধান্ত। পারফরমার হিসেবেই আমি ওয়ানডে দলে থাকতে চাই।”
অর্থাৎ হাবিবুল এখন নির্বাচকদের কোর্টেই বল ঠেলে দিলেন রীতিমতো। তারাই ঠিক করবেন আগামী মাসে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে তাকে রাখবেন কিনা। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছূ বলতে অসহায়ত্বই প্রকাশ করলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, “আমরা ৪ জুন শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করবো। তার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবো। এখনই কিছূ বলা সম্ভব নয়।”
কিছু বলছেন না বোর্ড সাধারণ সম্পাদক মাহবুব আনামও, “হাবিবুল ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে। কিন্তু যতোক্ষণ না চিঠি দিয়ে বোর্ডকে জানাচ্ছে, ততোক্ষণ পর্যন্ত তো আর ওর এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিক বলা যাচ্ছে না। জানালে আমি ২ জুনের বোর্ড সভায় বিষয়টা তুলবো। সেখানেই ঠিক হবে টেস্টেও আমরা তাকে অধিনায়ক রাখবো কিনা।”
অবশ্য তার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে বলে জানালেন বিসিবির পারফরম্যান্স মূল্যায়ন কমিটির প্রধান শাহ নুরুল কবীর শাহীন, “আমরা কাল (সোমবার) মূল্যায়ন কমিটির জরুরি সভা ডেকেছি। সেখানে আলোচনা হবে। এরপর আমরা খেলোয়াড়দের সঙ্গেও বসবো। বলতে পারেন সিরিজ বৈঠকই করতে যাচ্ছি আমরা।” ওই বৈঠকগুলোতে যে হাবিবুলের টেস্ট নেতৃত্বে বহাল থাকার ‘লাইফলাইন’ থাকবে, সেটাও বুঝিয়ে দিলেন বিসিবি সহ-সভাপতি, “হাবিবুল টেস্ট ক্রিকেটে কতোটা সফল সেটাও তো আমাদের ভাবতে হবে।”
ঢাকা টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে দেশ-বিদেশের অনেক সাংবাদিককে সেটাই আরেকবার মনে করালেন হোয়াটমোর, “এই ব্যর্থতা ঝেড়ে ফেলা শুধু সময়ের ব্যাপার। আপনারা জানেন, হাবিবুল টেস্টে বাংলাদেশের হয়ে যা করেছে, তা ইতিহাস।”
এখন লড়ে ওয়ানডে দলে টিকে গিয়ে ইতিহাস হওয়ার হাতছানিও হয়তো দেখাচ্ছেন নিজেকে। কিন্তু তার আগে সুযোগটা তো পেতে হবে। যদিও সতীর্থদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপে তাকে এমনই শুনতে হয়েছে, “না, সুমন ভাই, আরো কিছুদিন অধিনায়ক থেকে যান।” হাবিবুল অবশ্য ভেবেছেন অন্যরকম, “ওয়ানডেতে নতুন একজনকে অধিনায়ক হিসেবে তৈরি করার সময় এসে গেছে।” এই সময়ের প্রেক্ষাপটে দাড়িয়ে নিজেকে টস জিতে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য ভিলেনও মনে হচ্ছে না, “আমিই একমাত্র লোক না যে টসে ভুল সিদ্ধান্ত নিয়েছে।” তবে নেতৃত্ব ছেড়ে দিয়ে দলে টেকার লড়াইয়ে সফল অনেকের ভিড়ে হাবিবুল সামিল হওয়ার ব্যাটনটা পাবেন কিনা, সেটা জানতে তাকে অপেক্ষাই করতে হচ্ছে।
