চার বছরের সুখস্মৃতি নিয়েই যাচ্ছেন হোয়াটমোর
বিদায়ী টেস্টে উপহার পেলেন এক ইনিংস ও ২৩৯ রানের হার। নিশ্চয়ই বিদায়ী উপহার হিসেবে ডেভ হোয়াটমোরের এটা প্রাপ্য নয়। কিন্তু তার আগেই অবিশ্বাস্য সব সাফল্য দিয়ে হোয়াটমোরের প্রাপ্তির খাতাটা সমৃদ্ধ করে দিয়েছে বাংলাদেশ। তাই হতাশাকে চাপা দিয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে হোয়াটমোর হাসিমুখেই হাজির এবং সুখস্মৃতিগুলো রোমন্থন করেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অধ্যায় শেষ করেছেন এই অস্ট্রেলিয়ান কোচ।
তারপরও এসে যায় শেষ ম্যাচের প্রসঙ্গ। এমন হার দিয়ে শেষ হওয়াটা খুবই কষ্টের, তবু হোয়াটমোর সান্ত¡না খুঁজছেন এভাবে, “আমার কাছে এটা অতো হতাশার নয়। একদিকে ধীরে ধীরে উন্নতির চেষ্টা করছে এমন একটা দল, অন্যদিকে তাদের প্রতিপক্ষ শক্তিশালী একটা দল হলে এরকম হতেই পারে। বিশেষ করে এত বড় একটা স্কোর করার পর এরকম ভেঙ্গে পড়াটা একেবারে অস্বাভাবিক নয়।” এই ভেঙ্গে পড়ার ভীড়েও তিনি ইতিবাচক দিক হিসেবে খুঁজে নিয়েছেন মোহাম্মদ আশরাফুলের অসাধারণ ৬৭ রানের ইনিংসটি, “ঐ ইনিংসটা সবার মাঝে সুবাতাস ছড়িয়েছে। মানুষকে স্বস্তি দিয়েছে কিছুটা।”
শেষ টেস্টটা তার জন্য নির্মম হয়েছে ঠিক কিন্তু তাতে তো আর গত চার বছরে তার সব অবদান একেবারে শেষ হয়ে যাচ্ছে না। ২০০৩ বিশ্বকাপের চরম ভরাডুবির পর দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থায় এসে হাল ধরেছিলেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ উপহার দেওয়া এই কোচ। মাঝের এই চার বছর কেমন কাটল? “বাংলাদেশে চাকরি নিয়ে আমি প্রথম টেস্ট খেলেছি স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে। জিততে না পারলেও সেখানে প্রেরণা জাগানোর মতো কিছু মুহূর্ত ছিল। পুরো চার বছরেই অনুপ্রাণিত হওয়ার মতো কিছু ব্যাপার অবশ্যই ছিল। নিজেদের দিনে আমরা যে কোনো বড় প্রতিপক্ষকেই ধাক্কা দেওয়ার ক্ষমতা রাখি। সেটা অস্ট্রেলিয়াও জানে। তাই আমি বলবো, বাংলাদেশ অবশ্যই উন্নতি করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।”
এই উন্নতির বড় বিজ্ঞাপন হয়ে আছে সদ্য সমাপ্ত বিশ্বকাপ। ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েই নিজেদের নতুন করে চিনিয়েছে বাংলাদেশের ক্রিকেট। এসবই তার ক্যারিয়ারের সুন্দরতম মুহূর্ত, “অনেক আনন্দের স্মৃতি আছে আমার। বড় দলের সঙ্গে জয়গুলোই আমার সুখস্মৃতি হয়ে থাকবে।” তবে ওয়ানডের মতো কোনো চমক নেই টেস্ট ক্রিকেটের আঙ্গিনায়। সেজন্যই বিদায় বেলায় হোয়াটমোরের পরামর্শ, “ব্যক্তিগত দক্ষতার জায়গায় আরো উন্নতি করতে খেলোয়াড়দের। যেমন আশরাফুলের সেরাটা এখনো দেখা যায়নি। আর খেলোয়াড়রা প্রথম শ্রেণীর ম্যাচ যতো বেশি খেলবে ততই টেস্ট ম্যাচের জন্য পরিণত হয়ে উঠবে বাংলাদেশ।”
টেস্ট ম্যাচে না হোক, ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিস্ময়কর উত্থানই তো এই বিদায়ী কোচের জন্য বড় উপহার। এটা শুধুই সুখস্মৃতি নয়, কোচের ক্যারিয়ার সমৃদ্ধ করার সনদও।
