২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরাম বিদায় নিতে চেয়েছিলেন ‘আবাহনীর আকরাম’ হিসেবে

একসময়ের হরিহর আত্মা আকরাম খানের বিদায়বেলার অংশ হতে পারেনি আবাহনী ক্লাব। কিন্তু কাকতালীয়ভাবে ধানমন্ডির এই ক্লাব সংলগ্ন মাঠেই রোববার ওল্ড ডিওএইচএসের হয়ে ঘরোয়া ক্রিকেটের পাট চুকিয়ে দিয়েছেন ‘আবাহনীর আকরাম খান’। পুরনো সম্পর্কের কথা আবার মনে করিয়ে দিতেই যেন নিয়তি নিজের শেষ ম্যাচে তাকে টেনে এনেছে এই মাঠে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এই মাঠ থেকেই আবাহনীর এবং সেই সঙ্গে দেশের ক্রিকেটের উজ্জ্বল এক নক্ষত্র হওয়ার পথে যাত্রা শুরু করেছিলেন আকরাম খান। প্রত্যাশা ও প্রাপ্তির চমৎকার যুগলবন্দীতে এক সময় হয়েছিলেন জাতীয় দলের অধিনায়কও। বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছে দেওয়া ১৯৯৭ সালের আইসিসি ট্রফিজয়ী দলের অধিনায়ক আকরাম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০০৩ সালেই। এবার মাঠের সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন মাঠের বাইরে থেকে নতুন এক ইনিংস শুরু করবেন বলে। সেটা জাতীয় নির্বাচকের ইনিংস। কোনটা সহজ? আকরামের জবাব, “খেলাটা অনেক সহজ, নিজে আনন্দ পেতাম এবং অন্যদেরও আনন্দ দিতে পারতাম। কিন্তু নির্বাচকের কাজটা কঠিন। অনেক চাপ এবং সমালোচিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তবে দেশের জন্য ভাল কিছু যেন করতে পারি, সেটাই আমার লক্ষ্য।”

নতুন লক্ষ্যের দিকে যাওয়ার প্রস্তুতি হিসেবেই মাঠ ছাড়তে হচ্ছে তাকে। তাতেও কিন্তু যন্ত্রণা আছে, “ক্রিকেট মাঠ ছেড়ে যাওয়ার ব্যাপারটা খুব কষ্টের এক অনুভূতি। এই ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে। মাঠে থেকেই পেয়েছি মানুষের সম্মান আর ভালবাসা।” নিজে আকন্ঠ ক্রিকেট সুধা পানের সঙ্গে সঙ্গে দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে হল্যান্ডের সঙ্গে আকরামের অপরাজিত ৬৮ রানের ইনিংসটি বাদ দিলে তো বাংলাদেশের ক্রিকেটকে আজকের জায়গায় কল্পনা করাও অসম্ভব। বলা হয়, ওই ইনিংসের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের ক্রিকেট ডালাপালা মেলে ক্রিকেটের কুলীন সামাজে জায়গা করে নিয়েছে। যে কারণে ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরীর কাছে “আকরাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি অংশ।” আর আকরামের ব্যাটিং সম্পর্কে তার বিশ্লেষণ, “রক্ষণ ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের অপূর্ব এক সমন্বয় ছিল আকরামের ব্যাটে। ’৯২-৯৩ মৌসুমে মোহামেডানের বিপক্ষে তার ৭২ রানের ইনিংসটা আমার দেখা সেরা ইনিংসগুলোর একটা।”

নিজের সামনেই আকরাম-বন্দনা শুনে স্বভাসূলভ লাজুক ও বিনম্্র ভঙ্গিতে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বলে উঠলেন, “বলা হচ্ছে আমি অনেক কিছুই করেছি। আসলে বাংলাদেশের এই অবস্থায় আসার পেছনে অনেকের অবদান আছে। আমরা যখন খেলা শুরু করি তখন তেমন কিছুই ছিল না। জালাল ভাইরা না থাকলে, তারা সাহায্য না করলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সম্ভব হতো না।”

আর নিজের ক্রিকেটার হওয়ার পেছনে যাদের অবদান ছিল আকরাম তাদের কথা আরেকবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন, “আমার বড় ভাই ইকবাল খান, রাশেদ ভাই (চট্টগ্রামের ক্রীড়া সংগঠক মরহুম রাশেদ আজগর চৌধুরী), আবাহনীর তামিম ভাই আমাকে অনেক সাহায্য করেছে। তাদের সহযোগিতা ছাড়া আমার এ জায়গায় আসা কঠিন হতো।”

চট্টগ্রামে নিজের ভাইয়ের হাতে ক্রিকেটের হাতেখড়ি নিয়ে এসে তিনি ঢাকায় ঘরোয়া ক্রিকেটে মাতিয়েছেন এবং বাংলাদেশকে ঢুকিয়েছেন বিশ্ব ক্রিকেটের মূল স্্েরাতধারায়। এত প্রাপ্তির মধ্যেও ক্রিকেট ছেড়ে যাওয়ার সময় তার একটু আফসোস, “দীর্ঘ ১৬ বছর আমি আবাহনীতে খেলেছি। ইচ্ছা ছিল আগামী বছর আবাহনীতে খেলেই বিদায় নেবো কিন্তু.....।”

কিন্তু নির্বাচক হওয়ার চাপের কাছে বলি হলো আকরামের ‘শেষইচ্ছা’।