২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে নিষিদ্ধ ইমরান খান

আগামী একমাস করাচি যেতে পারবেন না ইমরান খান। শুধু করাচিই নয়, পুরো সিন্ধু প্রদেশেই এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক এই কিংবদন্তি ক্রিকেটারকে। আর নিজের প্রদেশ পাঞ্জাবের সরকারও তাকে রোববার বেরোতে দেয়নি লাহোর থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:17 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ক্রিকেটার হিসেবে অবশ্য নয়, ইমরানের কপালে এই নিষেধাজ্ঞা জুটেছে একটি টেলিভিশন টক শোয়ে বেফাঁস কথা বলার কারণে। ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া তেহরিক-ই ইনসাফ পার্টি প্রধান করাচির সাম্প্রতিক সহিংসতার জন্য মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম পার্টিকে দায়ি করে মন্তব্য করেছেন এমকিউএম প্রধান আলতাফ হুসাইন একজন ‘সন্ত্রাসী’। তারপরই সিন্ধু প্রদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে ইমরানকে নিষিদ্ধ করার।

করাচির পুলিশ প্রধান আজহার ফারুকি বলেছেন, “সরকারের শরীক দল সম্পর্কে তার মন্তব্যের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি করাচিতে এলে সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, তাই আমরা তাকে এখানে থাকতে দেবো না আমরা।”

সিন্ধু প্রদেশের পাশাপাশি পাকিস্তানের কেন্দ্রিয় সরকারেও শরীক দল এমকিউএম। প্রধান বিচারপতির পদ থেকে ইফতিখার চৌধুরিকে সরিয়ে দিতে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের উদ্যোগকে সমর্থন করছে তারা। বিচারপতি ইফতিখার চৌধুরির সফরকে কেন্দ্র করেই গত ১২ মে করাচিতে ছড়িয়ে পড়েছিল সহিংসতা, তাতে অন্তত ৪০ জন নিহত হয়।

ইমরান অবশ্য এই নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, আলতাফ হোসেইনের বিরুদ্ধে লন্ডনের আদালতে তার মামলা করার হুমকির জবাবেই এটা করা হয়েছে। “এটা এমকিউএমের ফ্যাসিবাদী কৌশল, ওরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে”-সাংবাদিকদের বলেছেন তিনি।