‘‘ম্যাচ বাঁচানোটা কঠিন, খুব কঠিন’’
চট্টগ্রাম টেস্টে ঘন্টা দুয়েকের জন্য বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ওই সময়েই দেশের ভবিষ্যৎ অধিনায়কের ছড়ানো আলোটা দেখা হয়ে গিয়েছিল অনেকের। অনুপ্রেরণাদায়ী অনেক ফোনও পেয়েছিলেন তখন।
এবার তিনি অধিনায়কত্বের অন্ধকার দিকটাও দেখলেন। যেখানে দল খারাপ করলে সংবাদ সম্মেলনে এসে প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়। নানাজনের নানা খোঁচানো প্রশ্নের ঝাপটা সামলাতে হয়। এমন অভিজ্ঞতা শনিবারই প্রথম হলো তার। এর আগে যত বার সংবাদ মাধ্যমের সামনে এসেছেন তত বারই তিনি ছিলেন পারফরমার আশরাফুল। কিন্তু ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে আসলেন হাবিবুল বাশারের ডেপুটি হিসেবে। যেদিন ভারত ৩ উইকেটে ৬১০ রান তুলে স্বেচ্ছায় দান ছেড়ে দেয়। এবং ১৫ বলের মধ্যেই ৭ রানে ৪ উইকেট খুইয়ে বাংলাদেশ রীতিমতো শ্মশানের নীরবতা নামিয়ে আনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আর আশরাফুল নিজেও প্রথম বলেই আউট। ভারতীয় ব্যাটসম্যানরা যে উইকেটটাকে রানের আবাদী ভূমি হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন একরকম, সেখানেই শ্রমক্লান্ত দিনের শেষভাগে নিজেদের ব্যাটসম্যানদের আত্মাহুতির কারণ দর্শাতে আশা আশরাফুলকে এমন সংবাদ সম্মেলনের ঝাঁঝটাও গায়ে মাখতে হলো । একে অনভ্যস্ত, তার ওপর দলের এমন পারফরম্যান্স যে বলার মতোও তেমন কিছু নেই; আশরাফুল তাই সংবাদ সম্মেলনে কাবু হলেন বারবার। এটা যেন এই ম্যাচের বাংলাদেশ দলের প্রতীকী ছবিই। দ্বিতীয় দিন শেষে ফলো অন এমন নিশ্চিত যে অলৌকিক কিছু না ঘটলে এই ম্যাচে বাংলাদেশের রক্ষার আর কোনো উপায় নেই। আশরাফুলও একরকম মেনে নিচ্ছেন সেটা,‘ “এই ম্যাচ বাঁচানোটা এখন খুব কঠিন। আরো নয়টা সেশন বাকি আছে। আমি বলবো খুবই কঠিন।” কিন্তু পুরো দলের মুখপাত্র হয়ে কথা বলতে এলে একেবারে হাল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করাটাও নিয়ম নয়। সেজন্যই হয়তো এও যোগ করলেন,“ কঠিন হলেও খেলাটার নাম ক্রিকেট। এখানে যে কোনো কিছুই ঘটতে পারে।”
পুরো দলের প্রতিনিধি যখন আশরাফুল তখন অনেক কিছূরই জবাব দিতে হলো তাকে। তবে সবচেয়ে বেশি জবাবদিহিতা দিতে হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য। এখানে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাকেই হয়তো ঢাল মনে করলেন তিনি,“আমাদের ব্যাটসম্যানদের ডিফেন্সে গলদ ছিল।” আর একথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বারবার বললেন বাংলাদেশের সহ-অধিনায়ক। প্রচন্ড গরমজনিত পানিশূন্যতা দীনেশ কার্তিক এবং ওয়াসিম জাফরদেরও কাবু করে ফেলেছিল। সেখানে দেড় দিনেরও বেশি সময় ফিল্ডিং করার প্রভাব ব্যাট করতে নামার পর পড়েছিল কিনা, প্রসঙ্গক্রমে এসেছিল এটাও। আশার কথা, এমন মোক্ষম প্রশ্নেও অজুহাতের আশ্রয় খুঁজলেন না আশরাফুল,“কন্ডিশনের প্রভাব অল্প কিছুটা তো পড়েছেই। কিন্তু আমরা তো সবাই পেশাদার ক্রিকেটার। এমন হওয়ার তো কথা না।” প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের নড়বড়ে ফুটওয়ার্কও নজর এড়ায়নি কারো। অবধারিতভাবেই তাই প্রশ্ন আসলো,“দুর্বল ফুটওয়ার্কের কারণেই এই বিপর্যয় কিনা?” আশরাফুল এই প্রশ্নেও বিরুদ্ধে না গিয়ে সায় দিলেন এক শব্দের উত্তরে,“হয়তোবা।”
তাই বলে এটাকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ‘বাজে দিন’ এর রায় দিতে আপত্তি আছে তার,“আমি বাজে দিন বলবো না। টেস্ট ক্রিকেটে তো এমন দিন যেতেই পারে।” অবশ্য নিজেদের ব্যর্থতায় আবার প্রতিপক্ষের কৃতিত্বকে খাটো করার ইচ্ছেও তার নেই বলেই মনে হলো তার এই কথায়,“ওরা খুব ভালো বল করেছে। বিশেষ করে নতুন বলটার ব্যবহার করেছে ভালো। ভালো জায়গায় বল ফেলে গেছে। ব্যাটিংও তাই। ওদের ব্যাটসম্যানরা উইকেটের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছিল।” এখানেই চলে আসলো ঢাকা টেস্টে টস জিতে বাংলাদেশের আগে ফিল্ডিং করার যৌক্তিকতা নিয়ে প্রশ্নটা। “আসলে উইকেট দেখে মনে হয়েছিল, এখানে হয়তো বা ময়েশ্চার থাকবে। আমাদের দলে তিনজন সিম বোলার নেওয়া হয়েছে। আবার ভারতীয় দলেও পাঁচজন বোলার। টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল এখানে আগে বল করে দ্রুত কয়েকটা উইকেট তুলে নেওয়ার সুবিধা পাওয়া যেতে পারে”-উত্তর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার এক ভারতীয় সাংবাদিকের কূটচালের প্রশ্নে খেই হারাতে হলো,“দলের এমন কেউ একজন কি ছিলেন, যিনি আগে ব্যাটিং নিতে বলেছিলেন?” পুরো দল নিয়ে এই প্রথম কথা বলতে এসে তাই কী উত্তর দেবেন ভেবে পাচ্ছিলেন না হয়তো। বিসিবির মিডিয়া ম্যানেজারের শেখানো বুলি আওড়েই এ যাত্রায় নিজেকে পার করে নিলেন আশরাফুল,“আগে ফিল্ডিং নেওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল।”
একসময় মনেই হচ্ছিল না, ভারতের কোনো উইকেট পড়তে পারে। টেস্টের প্রথম দিনে সারা দিন উইকেটের জন্য মাথা কুটে মরা বাংলাদেশ দ্বিতীয় দিনের সকালেই পায় বহু আরাধ্য উইকেটের দেখা। রাহুল দ্রাবিড়কে বিদায় করার সময় নিয়মিত অধিনায়ক হাবিবুল বাশার বিশ্রাম নিতে ড্রেসিংরুমে। আর তখন দলকে নেতৃত্ব দিচ্ছেন আশরাফুল। চট্টগ্রাম টেস্টেও তার নেতৃত্বের সময় এমনই বেশ কিছু সাফল্য এসেছিল। তবে তিনি এ সবকে দলীয় ভান্ডারে জমা করতেই আগ্রহী,“আসলে আজকে সকালের উইকেটটা ছিল দলীয় প্রচেষ্টার ফল। এখানে আমার বিশেষ কোনো অবদান নেই।”
কিন্তু হাবিবুল মাঠে ফেরার পরও দেখা গেছে, অনেক সময় আশরাফুলই দল চালাচ্ছেন, ফিল্ডিং সাজাচ্ছেন। অনেকের চোখে এটা অন্যরকম লাগলেও নিজে সেটাকে অন্য চোখে দেখার কারণ আছে বলে মনে করছেনই না,“আরে, এটা এমন কিছুই না। আমার যখন মনে হচ্ছিল ভূমিকা রাখা দরকার, তখনই ওরকম করেছি।”
ভবিষ্যতে এমন ভূমিকা তাকে আরো রাখতে হবে। তারই প্রস্তুতি হিসেবে হয়তো তার কোনো রান না করার দিনেও তাকে সংবাদ সম্মেলনে পাঠিয়ে দেওয়া হলো!
