২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসও নেই আফ্রো - এশিয়া কাপে

আফ্রো - এশিয়া কাপে এশিয়ার পেস আক্রমণ দুর্বল হয়ে পড়লো আরো। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় এই সিরিজে খেলতে পারবেন না চামিন্ডা ভাসও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

প্রথমে দলে থাকলেও ফিটনেস সমস্যার কারণে ইতিমধ্যেই বাদ দেয়া হয়েছে শোয়েব আখতারকে। শনিবার তার সঙ্গে যোগ হল ভাসকে না পাওয়ার ধাক্কা। শ্রীলঙ্কার এই বাঁ হাতি পেসারের অবশ্য ফিটনেসজনিত কোনো সমস্যা নেই। ইংলিশ কাউন্টি মিডলসেক্সের হয়ে খেলার জন্যই আফ্রো - এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএল) সেক্রেটারি মাথিভানান শনিবার এশীয় দলকে দিয়েছেন এই দুঃসংবাদ। এশিয়া ও আফ্রিকার মধ্যে আয়োজিত সিরিজটা শুরু হবে ৫ জুন থেকে, একটি টুয়েন্টি - টুয়েন্টি ম্যাচ দিয়ে । পরদিন ব্যাঙ্গালোরে হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা। চেন্নাইয়ে ৯ ও ১০ জুন হবে বাকি ম্যাচ দুটো। 

তবে আফ্রো - কাপে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য জুনের মাঝামাঝি দেশে ফিরবেন শ্রীলঙ্কার সর্বকালের সফলতম পেসার ভাস।