চলে গেলেন বিল জন্সটন
স্যার ডন ব্র্যাডম্যানের ‘ইনভিন্সিবল’ বা ‘অপরাজেয়’ দলের তিনি ছিলেন অন্যতম সদস্য। শুক্রবার ৮৫ বছর বয়সে সেই বিল জন্সটন চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে।
তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি দিন স্থায়ী হয়নি। তবে ১৯৪৭ থেকে ’৫৫ পর্যন্ত মাত্র আট বছরে ৪০ টেস্ট খেলেছিলেন জন্সটন। বাঁ হাতে স্লো অর্থোডক্স ও ফাস্ট মিডিয়াম দু ধরনের বলই করতে পারতেন। ২৩ দশমিক ৯১ গড়ে ১৬০ উইকেটের পরিসংখ্যানই বলে দিচ্ছে অস্ট্রেলিয়া দলে কতটা কার্যকর বোলার ছিলেন তিনি। ১৯৪৯-এ উইজডেনের অন্যতম সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া জন্সটনের অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার পক্ষে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অর্জন ৫৫৪টি উইকেট।
দু ধরনের বল করতে পারতেন বলে সতীর্থদের কাছে দারুণ প্রিয় ছিলেন জন্সটন। ব্র্যাডম্যানের সেই ‘অপরাজেয়’ দলের সদস্য, কিংবদন্তীতুল্য ব্যাটসম্যান নিল হার্ভের শ্রদ্ধাঞ্জলিতেও তা প্রকাশিত হয়েছে,“সে ছিল ব্যতিক্রমী এক বোলার। নতুন বলে বিল জন্সটনের মতো ভালো বোলার খুব বেশি ছিল না। আর বলের ঔজ্জ্বল্য কমে গেলে সে শুরু করতে স্পিন। ১৯৪৭-৪৮ সালের দিকে মনে হতো, আমরা ১৩ জনকে নিয়ে খেলছি! আমরা ব্র্যাডম্যানকে দু জন হিসাবে ধরতাম, আর বিল জন্সটনকে দু জন। আমার দেখা অন্যতম সেরা বোলার ছিল সে। আমি তাকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বল করে অনেকবার তাদেরকে আউট করতে দেখেছি।”
সর্বকালের সেরা ব্যাটসম্যান ব্র্যাডম্যান চলে গেছেন ২০০১ সালের ফেব্রুয়ারিতে। জন্সটনও আর পৃথিবীতে নেই। সেই ‘অপরাজেয়’ দলটির আর মাত্র পাঁচ জন বেঁচে রয়েছেন-নিল হার্ভে, আর্থার মরিস, স্যাম লক্সটন, বিল ব্রাউন ও রন হ্যামেন্স।
