ভন ও পিটারসেনের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে ইংল্যান্ড
ইনজুরির কারণে লর্ডসে প্রথম টেস্টে খেলতে পারেননি। ফিরলেন হেডিংলিতে এবং সেটা একেবারে রাজসিক প্রত্যাবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি এসেছে ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের ব্যাট থেকে। সেই সঙ্গে কেভিন পিটারসেনের দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে প্রথম দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৬ রান।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে বিন্দু মাত্র দ্বিধা করেননি ভন। যদিও উদ্বোধনী জুটি বেশি কিছু করতে পারেনি। ভনের অনুপস্থিতিতে লর্ডস টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা অ্যান্ড্রু স্ট্রাউসকে (১৫) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন ড্যারেন পাওয়েল। ইংল্যান্ডের রান তখন ৩৮। এর পর প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান অ্যালিস্টার কুককে সঙ্গে নিয়ে ভাল মতোই এগোচ্ছিলেন তিন নম্বরে ব্যাট করতে নামা ভন। কিন্তু লাঞ্চের ঠিক আগে শেষ ওভারের শেষ বলে কুককে (৪২) এলবিডাব্লুর ফাঁদে ফেলে ইংল্যান্ডকে বড় এক ধাক্কা দিয়েছেন ক্রিস গেইল।
এর পরই জন্ম দিনের সেরা জুটিটার। পিটারসেনকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ভন যোগ করেছেন ১৬৩ রান। ইংল্যান্ড অধিনায়ক পেয়েছেন তার দশম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ভনের অধিনায়কোচিত ইনিংসটার সমাপ্তি ঘটেছে জেরম টেলরের বলে রুনাকো মর্টনের হাতে ক্যাচ দিয়ে। তার ১০৩ রানের ইনিংসে বাউন্ডারি ১১টি। লর্ডস টেস্টের দুই সেঞ্চুরিয়ান পল কলিংউড (২৯) ও ইয়ান বেল (৫) অবশ্য টিকতে পারেননি। দুজনকেই ফিরিয়েছেন কোরি কলিমোর।
তবে পিটারসেন ছিলেন লক্ষ্যের প্রতি অবিচল। স্বভাবসুলভ আগ্রাসী ঢংয়ে খেলে অষ্টম এবং টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি । মাত্র ১০৪ বলে তিন অংকে পৌঁছানো পিটারসেনের এটাই দ্রুততম টেস্ট সেঞ্চুরি। দিনশেষে তার নামের পাশে জ্বলজ্বল করছিল ১৫৫ বলে ১৫টি বাউন্ডারিসহ ১৩০ রান। লর্ডসে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করা ম্যাট প্রিয়র ব্যাট করছেন ১৩ রান নিয়ে।
রানের পাহাড়ের নিচে চাপা পড়ার আশঙ্কার পাশাপাশি সফরকারীদের জন্য আরেকটি দুঃসংবাদ বয়ে এনেছেন রামনরেশ সারওয়ান। একটি চার ঠেকাতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের ওপরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয়েছে মাঠের বাইরে। হাঁটুর ইনজুরির কারণে শিবনারায়ণ চন্দরপলও নেই এই টেস্টে। তার জায়গায় সুযোগ পেয়েছেন সিলভেস্টার জোসেফ।
