২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ক্রিকেটারদের ভদ্র আচরণ করার নির্দেশ

ক্রিকেট মাঠে পাকিস্তানের খেলোয়াড়দের অশোভন আচরণ নতুন কিছু নয়। সর্বশেষ আবুধাবির ওয়ানডে সিরিজে দেখা গেল এক জন পাকিস্তানির ‘অক্রিকেটীয়’ আচরণ। মোহাম্মদ আসিফকে সেজন্য ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ সতর্কও করে দিয়েছেন। ওখানেই সব চুকেবুকে গেলে কোনো কথা ছিল না। ঘটনাটা হয়তো জানাই হতো না সবার। কিন্তু ক্রিকেটারদের আচরণের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষ। ভবিষ্যতে কোনো ক্রিকেটার অশোভন আচরণ করলে তাকে বড় অংকের অর্থ জরিমানা করার হুঁশিয়ারি দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

গত রোববার শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে আউট করার পর পিচের ওপরে কিছুক্ষণ নেচেছিলেন আসিফ । তারপর জয়াবর্ধনে ফিরে যাওয়ার সময় কিছু একটা বলেওছিলেন। পাকিস্তানের সহ-অধিনায়কের এই আচরণ ভালো লাগেনি বলেই ম্যাচ শেষে তাকে ডেকে পাঠিয়ে সতর্ক করে দিয়েছিলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এই ঘটনার পরই টনক নড়েছে পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষের। এই সিরিজে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা তালাত আলী ক্ষুব্ধ কণ্ঠে জানিয়েছেন,“আসিফের ঐ ঘটনা ঘটানোর কোনো দরকার ছিল না। খেলোয়াড়দের মাঠের মধ্যে ভদ্র আচরণ করার জন্য বলা হচ্ছে। এবং আইসিসির আচরণবিধি মেনে চলারও নির্দেশ দেয়া হচ্ছে। তাদের মনে রাখা উচিৎ যে তারা হলো দেশের দূত। এ ধরনের শিশুসুলভ আচরণ শুধু তাদেরই নয়, পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিও নষ্ট করবে।”

গত এক বছরের মধ্যে অশোভন আচরণের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের সতর্কবার্তা বা শাস্তি পাওয়ার এটা তৃতীয় ঘটনা। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে এক জন দর্শককে ব্যাট দিয়ে আঘাত করতে উদ্যত হওয়ার শাস্তি হিসাবে চার ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছিলেন শহীদ আফ্রিদি। সেজন্য বিশ্বকাপে দুটো ম্যাচে খেলতেও পারেননি তিনি। আর গত বছর বহুল আলোচিত ওভাল টেস্টে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ ওঠায় মাঠে নামতে অস্বীকৃতি জানানো ইনজামামের ওপরেও নেমে এসেছিল চার ম্যাচের সাসপেনশন। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগই মিস করতে হয়েছিল পাকিস্তানের সদ্য সাবেক হওয়া অধিনায়ককে।