২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী চ্যাম্পিয়ন

খেলোয়াড় সঙ্কটের কারণে ম্যাচটা খেলতেই অনাগ্রহী ছিল আবাহনী। শেষ পর্যন্ত অবনমনের ভয়ে বৃহস্পতিবার ভিক্টোরিয়ার বিপক্ষে তারা মাঠে নামলো এবং তাতেই নিশ্চিত হয়ে গেল কাই-অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর শিরোপা জয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

নারায়নগঞ্জের ওসমানী স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে ৭ উইকেটে হারিয়ে ১৯৯৯-২০০০ অর্থাৎ ছয় মৌসুম পর প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করলো তারা।

আবাহনীর পেসার তালহা জুবায়ের (৪/২৫) ও স্পিনার সোহরাওয়ার্দী শুভর (৩/৩৯) দুর্দান্ত বোলিংয়ে ৪৭ দশমিক ৩ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার নাসিরুদ্দিন ফারুক। জবাব দিতে নেমে ৩৮ দশমিক ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। শ্রীলঙ্কার অলরাউন্ডার উপুল চন্দনার অপরাজিত ৪৩ ও নাঈম ইসলামের অপরাজিত ৪০ রানের কল্যাণে সহজ জয় দিয়ে শিরোপা নিশ্চিত করতে সমস্যা হয়নি তাদের।

দিনের অন্য দুই ম্যাচে বিকেএসপিতে মোহামেডান (৫০ ওভারে ২৮৪/৮ : সন্দীপ শর্মা ৭৪, সগীর হোসেন ৬৮, নাবিল সামাদ ৩/৬০, খালেদ মাহমুদ ২/৬৬) ১৫০ রানে গত বারের চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস-কে (৩১ দশমিক ১ ওভারে ১৩৪ : রাশেদুল হক ২/৯, মঞ্জুরুল ইসলাম ২/২৮) এবং ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোনারগাঁও ক্রিকেটার্স (২৬ দশমিক ৫ ওভারে ১২৬/৩ : ইলিয়াস সানি ৩৮, মার্শাল আইয়ুব অপঃ ৩৩) ৭ উইকেটে বিমানকে (২৪ ওভারে ১২৪ : ফরহাদ রেজা ৩৫; মাহবুবুল আলম ৫/৩৪, অলক কাপালি ৩/৫) হারিয়েছে।