২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বা ড্র নয়, বাংলাদেশ চায় নিজেদের সেরা খেলাটা খেলতে

১৩ মাস পর চট্টগ্রামে টেস্ট খেলতে নেমেও আসলে টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। বৃষ্টির বাড়াবাড়িতে ৫ দিনের টেস্ট ম্যাচকে আড়াই দিনের ম্যাচ। আর তাই এই ম্যাচের আগেও হাবিবুলের গলায় অনভ্যস্ততার প্রসঙ্গ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

একে প্রতিপক্ষ ভারতের মতো শক্তিশালী দল, তার সঙ্গে যোগ করার মতো অজুহাতও যখন থাকছে তখন বাংলাদেশ অধিনায়ক মিরপুর টেস্ট নিয়ে উচ্চাবিলাসী কোনো স্বপ্নের কথা মুখে আনতে চান না। বাংলাদেশের কোচের মুখে যেটা বাড়াবাড়ি শোনাবে রাহুল দ্রাবিড়ের মুখে সেটা স্বাভাবিক। জেতার কথা না বললে সেটাই বরং ভারতীয় দৃষ্টিকোন থেকে অপরাধ হয়।

দুই টেস্টের মধ্যে প্রথমটি ড্র হয়েছে বলেই দ্বিতীয়টি জিততেই হবে, এমন একটা চাপ চেপে বসে আছে ভারতীয় অধিনায়কের মাথায়। আর সেই জায়গাতেই চাপমুক্ত হাবিবুল বাশার, কোনো ভনিতা না করেই তিনি বলতে পারছেন, “আমরা জেতা বা ড্র করার টার্গেট নিয়ে নামছি না। নিজেদের সেরা খেলাটা খেলতে চাই, তাতে যদি ম্যাচ ড্র হয় আশ্চর্য হওয়ার কিছু নেই।”

বাংলাদেশী খেলোয়াড়দের মনে নিশ্চয়ই লুকিয়ে আছে ৫ দিন খেলে ড্র করার চিন্তাটা। একটু বেড়ে গিয়ে হয়তো সমর্থকদের কেউ কেউ জেতার কথাও ভাবছেন। ওয়ানডের মতো টেস্টে বাংলাদেশ একটা চমক দেখাক না! কিন্তু এই চাওয়াটাকে আপাতত উসকে দিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক, “টেস্ট ম্যাচ জেতা আমাদের জন্য সহজ নয়। প্রথমত অনেকদিন পর আমরা টেস্ট ম্যাচ খেলছি। দ্বিতীয়ত ওয়ানডেতে দিনটা নিজেদের হলেই জেতা সম্ভব। কিন্তু টেস্ট ম্যাচে ৫ দিনই ভাল ক্রিকেট খেলতে হবে।”

চট্টগ্রামের মতো ঢাকা টেস্টে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না বলেই আবহাওয়া অফিসের পূর্বাভাস। সম্ভাব্য ৫ দিন লড়ার জন্য বাংলাদেশের কৌশল কী হবে, ক’জন পেসার খেলবে তা শুক্রবার সকালে ঠিক করা হবে বলেই জানিয়েছেন হাবিবুল বাশার।

কিন্তু বাংলাদেশের ৫ দিন খেলার পথে বড় বাধা অনিল কুম্বলে। চট্টগ্রাম টেস্টের মাঝপথে জ্বরের কবলে পড়ে বোলিং করতে না পারা এই ভারতীয় লেগ স্পিনার এখন সুস্থ, বৃহস্পতিবার পুরোদমে প্র্যাকটিস করেছেন। তার রোগমুক্তিতে ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন, “অনিল বড় এক ফ্যাক্টর। এক যুগ ধরে সে ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই টেস্টে তার উপস্থিতি আমাদের অনেক সাহায্য করবে।” তাই হাবিবুলকেও ভাবতে হচ্ছে এই লেগস্পিনারকে নিয়ে, “কুম্বলে এমন এক বোলার মাঠে থাকলেই সে পার্থক্য গড়ে দেবে। কিন্তু তার মুখোমুখি হওয়ার জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে।”

কুম্বলে দলে থাকছেন, থাকছেন রমেশ পাওয়ারও। দলে আরেকজন স্পিনার যোগ হবে নাকি পেসার, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে ১২ জনের দল থেকে ভিআরভি সিংকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গা নেবেন পেসার ইশান্ত শর্মা অথবা স্পিনার রাজেশ পাওয়ারের কেউ একজন। আর তাই চট্টগ্রাম টেস্টের মতোই বাইরে বসে থাকতে হচ্ছে লক্ষণ এবং যুবরাজকেও। কারণটা শুনুন দ্রাবিড়ের মুখে, “এই কন্ডিশনে ৫ জন বোলার দরকার। আর সৌরভ-শচীন যখন রান পাচ্ছে তখন দুই ব্যাটসম্যানকে বাইরে রাখতেই হচ্ছে।” চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই শুন্য রান করা ওয়াসিম জাফরের পক্ষে অধিনায়ক যুক্তি দিলেন, “সে ভাল ব্যাটসম্যান। এখানে আসার আগে দক্ষিণ আফ্রিকায় সে সেঞ্চুরি করেছে।”

আর চট্টগ্রাম টেস্ট খেলার পর ভারতীয় অধিনায়কের বাংলাদেশ দর্শন হচ্ছে, “তাদের টপ অর্ডার চাপের মুখে ভেঙ্গে পড়ে। তবে লোয়ার অর্ডারে আবার হাল ধরতে পারে তারা।” মানে চট্টগ্রাম টেস্টের পর ব্যাটসম্যান মাশরাফি বিন মুর্তাজাও একটা চিন্তার বিষয় ভারতীয়দের জন্য।

তার চেয়েও বড় চিন্তা বা চাপ হচ্ছে মিরপুর টেস্টে জয় ছাড়া কোনো পথ নেই তাদের। এই চাপে ভারত পথ হারিয়ে ফেললেই বাংলাদেশের সুযোগ।