আফ্রো - এশিয়া কাপে শোয়েব আখতারের জায়গায় সুযোগ পেলেন মাশরাফি
চট্টগ্রাম টেস্টে টেন্ডুলকার,গাঙ্গুলী,দ্রাবিড়দের ম্লান করে ম্যাচ সেরা হওয়ার দুদিনের মধ্যেই আরেকটা স্বীকৃতি পেলেন মাশরাফি বিন মর্তুজা। আফ্রো --- এশিয়া কাপে শোয়েব আখতারের জায়গায় বেছে নেয়া হয়েছে তাকে!
আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় আফ্রো --- এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে খেলার কথা ছিল শোয়েব আখতারের। কিন্তু হাঁটুর চোট এখনো না সারায় বাদ দেয়া হয়েছে তাকে। ফলে একজন ফাস্টবোলার নেয়াটা জরুরী হয়ে পড়েছিল। মাশরাফি বিন মর্তুজা সেই জরুরী প্রয়োজনই মেটাবেন এশিয়ার হয়ে। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্বাচকমন্ডলীর সদস্য এ এস এম ফারুক নিশ্চিত করেছেন বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মাশরাফির এশিয়া একাদশে সুযোগ পাওয়ার খবর, “এশিয়া দলে (শোয়েব ) আখতারের জায়গায় আমরা মর্তুজাকে নিয়েছি।”
এর আগে আফ্রিকা একাদশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলার জন্য এশিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ রফিক। এখন মাশরাফিও সুযোগ পাওয়ায় বাংলাদেশের দুজনকে পেলো এশিয়া । আফ্রো --- এশিয়া কাপের প্রথম ম্যাচটি হবে ৬ জুন, ব্যাঙ্গালোরে। বাকি দুটো ম্যাচ হবে ৯ ও ১০ জুন চেন্নাইয়ে।
