২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ তো নিজেদের জয়ী ভাবতেই পারে

স্কোরকার্ডে লেখা থাকবে ড্র। কিন্তু আপনি চাইলে নিশ্চিন্তে ধরে নিতে পারেন জয়ী দলের নাম বাংলাদেশ। কেউ কেউ তর্ক করবে, কিন্তু সেই তর্কে আপনার জয় অনিবার্য, কারণ আপনি কত কী দেখেছেন! আপনি দেখেছেন, বাংলাদেশ রানের পাহাড়ে পিষ্ট হওয়ার আশঙ্কাকে দূর করে কীভাবে ওদের চারশোর নীচে আটকে দিল! পাহাড় চাপার হাত থেকে বাঁচার পর আবার খাদের কিনারায় এবং সেখান থেকেও ঠিক কেমন রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াল। দ্বিতীয় ইনিংসে একশোর মধ্যে ভারতের ৬ উইকেট নেই এবং তারপর ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের ভুল শুধরে কেমন অন্যরকম বাংলাদেশ। যারা এমনকি জেতার কথাও ভাবছিল। কিছুক্ষণের জন্য ভাবনাটা রুহুল আমিন স্টেডিয়াম থেকে পুরো দেশেও ছড়িয়ে দিয়েছিল। সেই ম্যাচের স্কোরকার্ড বাংলাদেশের জন্য নিছকই একটা কাগজের পাতা, যার মুল্য থাকবে বইয়ে লেখা ইতিহাসে; বাংলাদেশের ক্রিকেট মানসিকতার মানচিত্রে নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ভারত : ৩৮৭/৮(ডি.) ও ১০০/৬ (ডি.)

বাংলাদেশ : ২৩২ ও ১০৪/২

ফল : ম্যাচ ড্র

ওয়ানডের ধুমধাড়াক্কায়ও আর ঠিক হচ্ছে না। ক্রিকেট এখন যাচ্ছে টুয়েন্টি --- টুয়েন্টির বন্যতার দিকে। যত এই বানিজ্যিক জগতের দিকে যাচ্ছে ততোই টেস্ট ক্রিকেটের আভিজাত্যে পড়ছে কুপ্রভাব। এবং এসবের কালো ছায়াতেই আজকাল টেস্ট ম্যাচ ড্র হওয়া আর ঢালিউডে ভালো ছবি তৈরি হওয়া সংখ্যার দিক থেকে প্রায় একই জায়গায় চলে আসবে। ড্র হওয়ার একমাত্র উপায় বৃষ্টি এবং এই টেস্টও ড্র হলো বৃষ্টিতে। কিন্তু বৃষ্টিকে অনেক কৃতিত্ব বা দায় দেয়া হয়েছে, এবার বাদ দিতেই হবে। কারণ নইলে যে মনে হবে বাংলাদেশ ড্র করেছে বৃষ্টির পুরো আনুকুল্যতেই। কিন্তু বৃষ্টি কি মাশরাফি --- শাহাদাতকে এমন ব্যাট করিয়েছে! বৃষ্টি তো বাংলাদেশের হয়ে বলও করেনি যে ভারতের দ্বিতীয় ইনিংসে টেন্ডুলকার --- সৌরভরা এমন ব্যর্থ হলেন। হাবিবুলের স্বরুপে ফিরে আসার ইঙ্গিত কিংবা জাভেদের টেস্টে কার্যকারিতার  আরেকটি উদাহরণও বৃষ্টি তৈরি করে দেয়নি। কাজেই শেষ দিনের অর্ধেকের বেশি সময় খেয়ে ফেলার পরও বৃষ্টি বাদ। এখন হিসাব ক্রিকেটের। সেই ক্রিকেট খেলে বাংলাদেশ ড্র করেছে এবং দূর আকাশের ঝিলিকের মতো জয়ের রেখাও কখনও কখনও দেখা গেছে ঠিক।  টেস্টের বাধ্যবাধকতাহীন বোলিং ---ফিল্ডিংয়ে ৪৩ ওভারে ২৫০ অসম্ভবের কাছাকাছি, কিন্তু বাংলাদেশ তো মাথা নীচু করে স্রেফ সময়টা কাটানোর কাপুরুষতার দিকে যায়নি। অধিনায়ক জানাচ্ছেন, জয়ের চিন্তা তার মাথাতে ভালোমতোই ছিল।

চা বিরতির সময় জাভেদের সঙ্গে অপরাজিত থেকে ফিরছেন হাবিবুল বাশার। ফেরার সময় গ্যালারি থেকে একটুও টিপ্পনি নেই, নেই ভর্ৎসনা, যা গত কিছুদিনের হাবিবুলের অমোঘ নিয়তি হয়ে । ভর্ৎসনা যারা করে তারা তাদের পুরনো হাবিবুলকে ফিরে পাওয়ার জন্যই করে বোধহয়, কারণ মঙ্গলবার তো সেই বিরোধী দর্শকরাই হাততালিতে ভাসিয়ে দিল বাংলাদেশ অধিনায়ককে। বহুদিন পর পুরনো এবং প্রিয় পরিবেশ ফিরে  পেয়ে হাবিবুলের ব্যাটও তার মতো। সেরকম আত্মবিশ্বাসী স্ট্রোক, সেরকম অনায়াস ভঙ্গি। না। তার ওয়ানডে ব্যর্থতার কুফল টেস্টেও পড়েছে বলে যে আশঙ্কা হয়েছিল প্রথম ইনিংস দেখে, দ্বিতীয় ইনিংসে তা অনেকখানিই দূর। যেমন জাভেদ ওমরের ৮২ বলে ৫২ রানের ইনিংসটি তার টেস্ট উপযোগিতার আরেকটি ঘোষণা। আগের দিন ৬ রানে ২ উইকেট ফেলে দিয়েই বাংলাদেশ জানিয়ে দিয়েছিল এই ইনিংসে ভারতের কাজটা সহজ হবে না, মঙ্গলবার সেটা এমন কঠিন হলো যে ১০০ রানের মধ্যেই ৬ উইকেট নেই। তবু তারা ডিক্লেয়ার করে দিয়েছিল, কারণ তাহলেও একটা সুযোগ ছিল। প্রথম ইনিংসে টপ অর্ডার ব্যাটসম্যানরা যেমন পথ হারিয়ে ফেলেছ্লি তেমন কিছু তো হতে পারে, তখন চাপে ভেঙ্গে পড়তেই পারে, আর ৪৩ ওভার সময়ও কম নয়। কিন্তু জাভেদ দেখালেন ভারত যদি ভেবে থাকে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ওয়ানডে খেলতে খেলতে টেস্ট ভুলে গেছে তাহলে সেটা ভুল। ওদের ভুলটা শোধরানোর পর তার সম্পর্কে মানুষের সাধারণ ধারণাটা বদলানোর একটা চেষ্টাও করলেন। তাতে বেরিয়ে এল টেস্ট ক্রিকেটে তার প্রথম ছক্কা এবং সঙ্গে এমন কিছু শটও যাতে বোঝা যায় জাভেদ শুধু বল আটকায় না, অল্প --- বিস্তর মারতেও জানে। তার আগে আমরা যেমন জেনেছি টেস্টে স্বাধীনতা পেলে মরা উইকেটে বাউন্সার দিয়ে শাহাদাত মহামুল্য বোলার হয়ে যেতে পারেন। দলের দৃষ্টিকোণটা আড়ালে সরিয়ে ব্যক্তিগত অর্জনের চোখে দেখলেও এই ম্যাচ দিয়ে গেলো কতকিছু। হাবিবুলের ফর্মে ফেরা, শাহাদাতকে কাজের বোলার হিসাবে আবিষ্কার এবং জাভেদের নিজেকে চেনানো ফিফটি। এটা কি বাংলাদেশের জেতা টেস্ট নয়!

৪৫তম ম্যাচে পঞ্চম টেস্ট ড্র তাই নিছকই অঙ্কের হিসাব। স্কোরকার্ড  শুধুই একটা কাগজের পাতা। পরিসংখ্যানমুখীদের স্মৃতির খাতাতেই এসব থাকবে শুধু, আপনার কাছে নয়। আপনি জানবেন বৃষ্টিধোয়া চট্টগ্রাম টেস্টে জয়ী দলের নাম বাংলাদেশ এবং তর্কে তাদের সঙ্গে সহজেই জয়ী হবেন যারা মুল্যহীন স্কোরকার্ডের কাগজ নিয়ে শুধু শুধু তর্ক করতে আসবে।