আফ্রো --- এশিয়া কাপ থেকে বাদ পড়লেন শোয়েব
এশিয়া কাপে তার খেলা নিয়ে যেন জন্ম হয়েছিল এক রহস্যের ধূম্রজাল। এশিয়ার দল নির্বাচনের আগে শোয়েব আখতার নিজেই জানিয়েছিলেন, পারিবারিক কিছু অঙ্গীকারের কারণে তার পক্ষে এই সিরিজে খেলা সম্ভব নয়। ক’দিন পর জানালেন, সব ঝামেলা মিটে যাওয়ায় আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় সিরিজটাতে খেলতে কোনো সমস্যা নেই তার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে নিয়ে সৃষ্ট নিয়ে টানাপোড়েন কিংবা দ্বিধা --- দ্বন্দ্বের অবসান হল অবশেষে। মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) পাকিস্তানের নির্বাচক মহসিন খান জানিয়ে দিলেন, দুই মহাদেশের তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লড়াইয়ে খেলবেন না শোয়েব। ফিটনেসের অভাবে তাকে বাদ দেয়া হয়েছে এশিয়ার দল থেকে।
গত ১৪ মাসে মাত্র একটি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলেছেন শোয়েব। হাঁটুর ইনজুরিই শুধু নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়াও বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন অনুপস্থিতির অন্যতম কারণ। অবশ্য বিশ্বকাপ ও আবুধাবি সিরিজ মিস করার কারণ একটাই ---- ফিটনেসের অভাব। সাবেক টেস্ট ওপেনার মহসিন খানের মনে হয়েছে, এখনো ম্যাচ খেলার মতো সুস্থতা ফিরে পাননি শোয়েব। তাই তাকে দল বাদ থেকে দেয়ার এই সিদ্ধান্ত। “অনেক আলোচনার পর আমাদের মনে হয়েছে পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য শোয়েবের আরো সময় প্রয়োজন। তাই এই অবস্থায় তাকে খেলানোর ঝুঁকি নিতে চাইনি আমরা”---- মহসিন খানের মন্তব্য। এবং আবুধাবি সিরিজে শোয়েবের পাকিস্তান দলে না থাকার প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, “যদি কোনো খেলোয়াড় নিজের দেশের হয়ে খেলার মতো ফিট বলে নিজেকে মনে না করে তাহলে সে অন্য দলের পক্ষে কিভাবে খেলতে পারবে!”
আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান দল। সেখান থেকে ফিরেই ভারত সফরের চ্যালেঞ্জ। তার পর ২০০৮ এর শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ। সামনে এতগুলো গুরুত্বপূর্ণ সিরিজ থাকার জন্যই শোয়েবকে আফ্রো --- এশিয়া কাপ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি’র কর্মকর্তা এহসান মালিক, “সামনে আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। এবং আমরা সেই সিরিজগুলোর জন্য শোয়েবকে ফিট দেখতে চাই। সেজন্যই তার ব্যাপারে ঝুঁকি না নেওয়ার ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি।”
