মাশরাফি-শাহাদাত জুটি, ব্যাটে-বলে-সংবাদ সম্মেলনে
বল হাতে ওদের জুটি হতে পারে জানা ছিল। এখন জানা গেল ব্যাট হাতেও হয়। এবং দেখা গেল তারপর সংবাদ সম্মেলনেও হয়। মাশরাফি---শাহাদাত কাল ব্যাট---বল---মাইক্রোফোন সবখানে এমন একীভূত হয়ে গেলেন যে তাতে চট্টগ্রাম টেস্টটা বেঁচেই থাকল না শুধু, থাকল বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক শিক্ষা। আন্তর্জাতিক ক্ষেত্রে বিনা খরচায় হয়ে গেলো জম্পেশ একটা বিজ্ঞাপনও।এক সময় দুরন্ত প্রকৃতির ছিলেন। এমনকি গেছো প্রবৃত্তির খবরও আছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বছর কাটিয়ে, তার উত্তাপ জেনে এবং বুঝে মাশরাফি তার ইচ্ছাগুলোকে বয়সের পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। শাহাদাত মাশরাফি নন। দুরন্তপনার চাইতে সরলতাই তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য এবং সেই সারল্য থেকে জন্ম নেওয়া এমন কিছু ঘটনা আছে যে বাংলাদেশ ক্রিকেট শিবিরের অন্তর্গত কৌতুকগুলোর বেশিরভাগই তাকে নিয়ে।
তা বাইরে যে যেমনই হোন মাঠের ভেতরে তারা প্রায় অভিন্ন। একই শারীরিক তেজ নিয়ে বোলিং, নতুন বল হাতে ওদের অশেষ ক্ষুধা। চট্টগ্রামের মরা পিচে ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে রানের চাপায় পিষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর পর সোমবার ব্যাট হাতেও তারা বিপক্ষ বোলারদের খাদ্য হতে রাজি হলেন না। তাই নবম উইকেটে হয়ে গেলো ৭৭ রানের পার্টনারশিপ। তারপর দিনের শেষ ভাগে ভারতীয় ব্যাটসম্যানদের আবার কাঁপিয়ে সংবাদ সম্মেলনে এসে হাসিয়ে মারলেন। শাহাদাত অবশ্যই অগ্রণী। ইংরেজিতে সাবলীল নন বলে আন্তর্জাতিক সংবাদ সম্মেলনটাও বাংলায়, সেখানে প্রথম প্রশ্নটাই হলো টেন্ডুলকারের দিকে প্রায় প্রতি বলের পর তার রক্তচোখে তাকানো নিয়ে। শাহাদাত নীচু গলায় এবং উঁচু ঔদ্ধত্যে ঘোষণা করলেন, “এটা আমি সবসময়ই করি। ফাস্ট বোলারদের একটা আক্রমণাত্মক মেজাজ সবসময়ই থাকতে হয়। আমি সবসময়ই এমন করি। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পন্টিংয়ের সঙ্গেও তাই করেছিলাম।”
এই যে চোখ রাঙ্গানো তাতে কী ব্যাটসম্যানরা ভয় পায় বা নিজের কোনো কাজ হয়? উত্তর, “আমি তো করিই আসলে আমার মেজাজটা ওদের বোঝাতে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয় হয়ত। পন্টিং এত ভালো পুল করে, কিন্তু গতবার অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে আমার বিপক্ষে সেভাবে পুল করতে পারেনি।” সবচেয়ে মজাদার ঘোষণাটা তারপর। উইকেটে যখন যান তখন স্কোর ৮ উইকেটে ১৪৯, ফলো অন এড়াতে আরও ৩৯ রান দরকার, সে অবস্থায় তিনি কী ভাবছিলেন এমন একটা প্রশ্নের উত্তর হলো, “আমি আত্মবিশ্বাসী ছিলাম হয়ে যাবে। কারণ আমার সঙ্গে যে আছে (মাশরাফি) সে এই মুহূর্তে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান।”
আর বাংলাদেশের এই সেরা ব্যাটসম্যান মাশরাফিরও নাকি আত্মবিশ্বাসটা বেড়ে যায় শাহাদাত উইকেটে আসার পর, “ও উইকেটে আসার পর আমার আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়। তখন মনে হতে থাকে পারব।” কেন মনে হতে থাকে তার নিশ্চিত কোনো ব্যাখ্যা মাশরাফির কাছ থেকে পাওয়া গেল না, স্বাভাবিক যুক্তি হতে পারত দুজন জুটি বেঁধে বল করেন বলে ব্যাটিংয়েও বোঝাপড়াটা ভালো হয়, কিন্তু তেমন প্রশ্নে মাশরাফির আশাব্যঞ্জক কোনো সাড়া নেই, “আসলে দলের সবার মধ্যেই তো একটা বোঝাপড়া থাকে। কাজেই ওটা এমন বিশেষ কিছু ছিল না।”
বিশেষ কিছু ব্যাপার হতে পারে বিপক্ষের নামটা যখন ভারত। যে দুটো ওয়ানডেতে বাংলাদেশ ভারতকে হারিয়েছে দুটোতেই তিনি ম্যান অব দ্য ম্যাচ, এখানে দ্বিতীয় ওয়ানডেতেও চার ছক্কা মেরেছেন, তারপর টেস্টে এই পারফরম্যান্স। না মাশরাফি সেটাকেও আলাদা করে দেখতে রাজি নন, “আমি আসলে সবসময়ই পারফর্ম করার চেষ্টা করি। সবার সঙ্গেই। সেই চেস্টাটা কিন্তু সবার সঙ্গে থাকে। ভারতের সঙ্গে তুলনামুলক ভালো হয়।” সেই ভালোটা প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি থেকে উন্নীত হতে পারত প্রথম টেস্ট সেঞ্চুরিতেও। মাশরাফিও সেই স্বপ্ন দেখছিলেন, “হ্যাঁ। সেরকম একটা স্বপ্ন ছিল। কিন্তু রাজিব (শাহাদাত) আউট হয়ে যাওয়ার পর কাজটা একটু কঠিন হয়ে যায়।”
সেটা দৃশ্যত কঠিন হয়ে গিয়েছিল রমেশ পাওয়ারের জায়গায় টেন্ডুলকার বল করতে আসার পর। নিজের স্বচ্ছন্দ স্ট্রোকগুলোকে তিনি অনেক নিয়ন্ত্রিত করে ফেলেছিলেন টেন্ডুলকার বোলিংয়ে আসতেই, “আসলে টেন্ডুলকারের বলে টার্ন অনেক বেশি। কাজেই খেলাটা একটু বদলাতে হয়েছেই। তার বিপক্ষে সেরকম শট খেলা ছিল অনেক ঝুঁকিপুর্ণ।”
দুই বোলারের ব্যাটে ভর করে বাংলাদেশের ফলো অন এড়িয়ে যাওয়া মানে একরকম ম্যাচ বাঁচিয়ে ফেলাও, কিন্তু দুজনের কেউই এখনও নিজেদের পুরো নিরাপদ ভাবতে রাজি নন। “এখনও পুরো একটা দিন বাকি। কাজেই অনেক কিছুই হতে পারে। কিন্তু আমরা আমাদের সামর্থ্যমতো চেষ্টা করব।” মাশরাফির এই বক্তব্যের সঙ্গে শাহাদাত যোগ করছেন, “এখনও টেন্ডুলকার উইকেটে আছে। তারপর আছে সৌরভ গাঙ্গুলী। কাজেই কাজটা এখনই হয়ে গেছে ভাবার কিছু নেই। কিন্তু আমরা আজ (সোমবার) যেমন খেলেছি সেটা বিশ্বাসটা অনেক বাড়িয়ে দিয়েছে। আর এই উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো।”
ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে তারা দুজন ব্যাট করেছেন। আবার সেই উইকেটে দুরন্ত সব বাউন্সার দিয়ে ভারতীয়দের ঘাম ঝরিয়েছেন। এবং তারপর সংবাদ সম্মেলনে ঔদ্ধত্য আর সারল্য মেশানো পারফরম্যান্সে আন্তর্জাতিক মিডিয়াকে মাত করেছেন।
সবকিছু দুজন মিলিতভাবে। সোমবারের রুহুল আমিন স্টেডিয়ামে মাশরাফি-শাহাদাতের শরীরটাই শুধু যেন আলাদা। বাকি সব এক। এক প্রতিজ্ঞা, এক সংকল্প, এক বিশ্বাস। আর এসব মিলে-মিশে যে রাস্তাটা তৈরি হলো সেটা দিয়ে হেঁটে হেঁটেই বাংলাদেশ ফলো অন থেকে বাঁচল। এবং হয়ত বাঁচল হার থেকেও।
