টেন্ডুলকার---সৌরভের জবাবে মাশরাফি---শাহাদাত
টেন্ডুলকার---সৌরভ এবং বৃষ্টি দুটোকেই ছাপিয়ে গেলেন ওরা দুজন। মাশরাফি এবং শাহাদাত। রোদ---বৃষ্টির লুকোচুরির এই টেস্টে সোমবার সারাদিন ছাড় দেয়ার পর ম্যাচ শেষ হতেই ধুম বৃষ্টি। তাতে পঞ্চম দিনে পুরো খেলা হওয়া নিয়ে ঘোর সংশয়। কিন্তু খেলা যদি আর না---ও হয় তাহলেও বাংলাদেশের ড্র---টা আর পুরো বৃষ্টির উপহার নয়। মাশরাফি---শাহাদাত চতুর্থদিনে সমীকরণটা অনেকখানিই নিয়ে এলেন নিজেদের দিকে।
চট্টগ্রামের আকাশে এই কয়দিন যত মেঘের রাশি ঘুরে বেড়িয়েছে বা বেড়াচ্ছে তার চেয়েও বেশি চাপের রাশি ছিল ওদের দুজনকে ঘিরে। শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। তা ওরা এমন অভিজ্ঞ এবং ঘাত---প্রতিঘাতের শিক্ষায় এত শিক্ষিত যে এই চাপ জয় করতেই পারেন। বৃষ্টির ফাঁকে সামান্য সুযোগ তাতেই দুটো সেঞ্চুরি। এটা যদি হয় রূপকথা, তাহলে চট্টগ্রামে সোমবার দেখলো রূপকথার পরও কিছু কথা থাকে। সেই কথাগুলো ক্রিকেটে রূপান্তরিত হলে দলের সেরা স্ট্রাইক বোলারের ব্যাটে চলে আসে আগ্নেয়গিরির আগুন। তার আঁচ সঙ্গীর গায়ে এমন প্রবাহিত হয় যে তিনিও পুরোদস্তুর ব্যাটসম্যান। দুয়ে মিলে যে প্রতিরোধের দেয়াল সেটা আর ভেদ হয় না। দরজায় দাঁড়িয়ে থাকা ফলো অন হুমকি পেছনের জানালা দিয়ে ছুটে পালায়। ব্যবচ্ছেদে যা দাঁড়াচ্ছে তাতে ম্যাচটা আসলে টেন্ডুলকার---সৌরভ বনাম মাশরাফি---শাহাদাত খন্ডযুদ্ধ। এখন হিসাব করে দেখা যাচ্ছে টেন্ডুলকার--সৌরভের সেঞ্চুরি দুটো বাদ দিলে ভারতের স্কোর মানহানিকরই হয়। যেমন মাশরাফি---শাহাদাত ব্যাট হাতে এমন না দাঁড়ালে ১৩ মাস পর খেলতে নামা বাংলাদেশের মান--ইজ্জত সোমবারই চলে যায়। ১৪৯ রানে ৮ উইকেট পড়ার পরও অবিশ্বাস্য অবিচলতায় ৭৭ রানের জুটি গড়ে তারা স্কোরটাকে নিয়ে গেছেন ২৩২এ। মাশরাফির প্রথম টেস্ট ফিফটিটি ৭৯ রানের, বুক চিতিয়ে সঙ্গ দেয়া শাহাদাত টেন্ডুলকারের গুগলিতে বোল্ড হওয়ার আগে করেছেন ৩১। তাই ভারতকে নামতে হয়েছে দ্বিতীয় দফা ব্যাটিংয়ে এবং সেখানেও তাদের দুরন্ত বাউন্সারের মুখে ৬ রানে ২ উইকেট নেই। তার আগে ভারতের ৮ উইকেটের ৭ টিই তাদের ভাগাভাগি করে নেয়া। এই ম্যাচের মাশরাফি আর শাহাদাত তাই আর নিছক ক্রিকেট খেলোয়াড় নন, ভারতের জন্য একেকজন দশ---হাতি দৈত্য যেন। একেক হাতে একেকটা করে অস্ত্র, এর প্রতিকার খুঁজতে পুরাণের চরিত্রে যেতে হবে। ক্রিকেটে কোথায়!
যেমন রাজিনের কীর্তির উপমা খুঁজতেও ইতিহাস-পুরাণ এসবে যেতে হবে। হার্ডলারের মতো লাফ, পাখির মতো উড়াল, চুম্বকের আকর্ষণ হাতে যোগ করে বলটা এমন জমিয়ে ফেললেন যে রাহুল দ্রাবিড় ফিরতে ফিরতে ভাবলেন, তার ক্রিকেট সাম্রাজ্যে ধস নামিয়ে দিতে এই দলটার হয়ে ক্রিকেট ঈশ্বরও কখনও কখনও নেমে পড়ছেন বোধহয়। রাহুল দ্রাবিড়ের ফ্লিকটি মিডউইকেটে দাঁড়ানো রাজিন যেভাবে তালুবন্দী করলেন তেমন ক্যাচ জন্টি রোডসেরও খুব একটা নেই। থাকবে কী! ক্রিকেট ইতিহাসেই যে তূল্য সংখ্যাটা হবে খুব সামান্য। তার আগে ওয়াসিম জাফরকে জোড়াশূন্যের ‘চশমা’ উপহার দিয়ে ইনিংসের তৃতীয় বলেই ফিরিয়েছেন শাহাদাত, ফলে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ রানে ২ উইকেট। তাই ১৪৯ রানের সঙ্গে আরও দ্রুত কিছু রান যোগ করে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলার মিশনটাতে সাময়িক বিরতি দিতেই হলো। টেন্ডুলকার লড়ছেন প্রথম ইনিংসের মতোই এবং শাহাদাত বাউন্সারের সঙ্গে সঙ্গে চোখও খুব রাঙ্গাচ্ছেন। টেন্ডুলকার ব্যাটে জবাব দিতে সাহস করছেন না।
একটা জিনিসের উদাহরণের জন্য অবশ্য ইতিহাসে একটুও যেতে হচ্ছে না। টাটকা উদাহরণ যে একেবারে হাতের কাছে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং। বরাবরের মতোই ভঙ্গুর, সবসময়ের মতোই লজ্জাকর। ব্যতিক্রম বলতে রাজিন। ওয়ানডে দলে তাকে বহন করা হয়েছে গত অনেকদিন কিন্তু খেলানো হয়নি, সেজন্যই কিনা ওয়ানডের দোষ তার মধ্যে প্রবাহিত নয়। এই উইকেটে বাউন্স আছে যখন কাজেই ভারতের তিন পেসার ক্রমাগত বল উঠিয়ে গেলেন আর রাজিন সেগুলো ছাড়লেন ধ্র“পদী টেস্ট ব্যাটসম্যানের মতো। কিন্তু কতোক্ষণ আর কুসঙ্গীদের প্রভাবমুক্ত থাকা যায়। সুন্দর ৪১ রানের জঘন্য সমাপ্তি, আউট হলেন ধৈর্য্য হারানো একটা শট খেলে। তার আগে শাহরিয়ার নাফীসও ওয়ানডের কুপ্রভাব মুক্ত থাকার খেলা খেলে শেষ পর্যন্ত ওয়ানডের মতোই আউট। হাবিবুল বাশারের বেলায় সে সান্ত্বনাও নেই। টেস্ট এলে তিনি যাদুর ছোয়ায় অন্যরকম হয়ে যাবেন বলে তার নিজস্ব একটা বিশ্বাস আছে, কেউ কেউ তাতে বিশ্বাসও রেখেছিলেন, মাত্র তৃতীয় বলে বিশ্বাসটা ভেঙ্গে খানখান। অধিনায়ক যেভাবে খেলে আরেকটি শূন্য উপহার দিলেন তাতে ওয়ানডের সঙ্গে টেস্ট থেকেও অবসরের দাবি না আবার উঠে বসে! সহ---অধিনায়ক আশরাফুলও এই ইনিংসে তার অধিনায়কের পথের একনিষ্ঠ অনুসারি। আর সাকিব ২৭ রান করলেও জানিয়ে এবং জেনে গেলেন ওয়ানডে আর টেস্টের অনেক তফাত। ২৭ রানের ইনিংস ফাক---ফোঁকড়ে এমন ভরপুর যে দেখে ওয়ানডের সাকিবকে টেস্টে কতোটা পাওয়া যাবে সেই সন্দেহ যথেষ্টই থেকে গেল।
কাজেই আকাশ কাঁপিয়ে রাতে যে বৃষ্টি হচ্ছে সেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সুখবরই। রোজ রোজ তো আর তাদের কলঙ্ক ঢাকার দায়টা মাশরাফি----শাহাদাতরা নেবেন না। যেটুকু নিয়েছেন সেটুকুতেই ব্যাটসম্যানদের লজ্জা দেওয়া হয়ে গেছে। অবশ্য সেই লজ্জাটা তারা অতীতে পাননি; এবার পাবেন সেই নিশ্চয়তাও তাই নেই। তাহলেও টেন্ডুলকার---সৌরভদের বাংলাদেশী জবাব দেওয়া হয়ে গেছে।
বৃষ্টির ফাঁদ কেটে টেন্ডুলকাররা যেমন বেরোতে পারেন, মাশরাফিরাও তেমনি পারেন ফাঁদ কাটতে। বৃষ্টিকে জয় করে। টেন্ডুলকারদের কীর্তিকে সিংহভাগ ক্ষয় করে।
