খেলতে অপারগতা জানিয়ে সিসিডিএমকে আবাহনীর চিঠি
খেলোয়াড় সংকটে জর্জরিত আবাহনী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিকে চিঠি দিয়ে হস্তক্ষেপ কামনা করেছিল। কিন্তু তাতে বিন্দুমাত্র সাড়া মেলেনি। শেষ চেষ্টা হিসেবে রোববার তারা বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনামের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল। তাতেও আশাব্যঞ্জক কিছু পাওয়া যায়নি।
আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান গাজী আশরাফ লিপুকে সেই ফোনালাপে বেশ অসন্তুষ্টই মনে হল,“ বোঝেন না, উনি (মাহবুব) কিভাবে কথা বলেন! কুটনৈতিক কথাবার্তা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টাই করেছেন।” তাই তারা চরম সিদ্ধান্তে যেতে বাধ্য হয়েছেন বলেই জানালেন লিপু। রোববার সন্ধ্যায় তারা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশকে (সিসিডিএম) চিঠি দিয়ে কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের বাকী ম্যাচগুলোতে খেলার ব্যাপারে নিজেদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে।
অর্থাৎ সোমবার বিকেএসপিতে সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটাতেও খেলছে না পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আবাহনী। লিপু যেটাকে বলছেন,“স্বাধীনতার পরে দেশের ক্রিকেটে নজিরবিহীন ঘটনা। আমরা এই প্রহসনের লিগে খেলতে চাই না।” আবাহনী চিঠি দিয়ে না খেলার কথা জানিয়ে দিলেও তাতে তেমন একটা হেলদোল হয়েছে বলে মনে হল না। সিসিডিএমের সদস্য সচিব আদনান রহমান দীপন বলছেন,“হ্যাঁ, তাদের চিঠি আমরা পেয়েছি। কিন্তু আমাদের কিছু করার নেই। তারা বোর্ডকেও চিঠি দিয়েছিল। বোর্ড আমাদের বলে দিয়েছে লিগ যথানিয়মেই চলবে। তাই আবাহনী খেলছে কী খেলছে না সেটা দেখার সুযোগ আমাদের নেই।”
