২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের ব্যাপারে খেলোয়াড়দেরও মত নেওয়া উচিত : টেন্ডুলকার

নিরঞ্জন শাহ কিছুতেই স্বীকার করতে চাননি ব্যাপারটা। তবে বিসিসিআই সেক্রেটারি যতই অস্বীকার করুন না কেন, ডেভ হোয়াটমোরের সঙ্গে আলোচনাই যে তাদের চট্টগ্রাম সফরের অন্যতম উদ্দেশ্য, সে ব্যাপারে সবাই মোটামুটি নিঃসংশয়। তবে এত তাড়াহুড়া করে কোচ নির্বাচনের পক্ষপাতি নন শচীন টেন্ডুলকার। তার মতে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই বিসিসিআই--এর পরবর্তী কোচের নাম ঘোষণা করা উচিৎ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

গ্রেগ চ্যাপেলকে নিয়ে কম ঝামেলা হয়নি ভারতীয় ক্রিকেটে। সেই সব দুঃস্মৃতি সম্ভবত এখনো তাড়া করে ফেরে টেন্ডুলকার ও তার সতীর্থদের। সেজন্য এই ব্যাটিং ‘জিনিয়াস’--- এর আশা, চূড়ান্ত ঘোষণা দেয়ার আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে নেবে বিসিসিআই। “আমি নিশ্চিত বিসিসিআই খেলোয়াড়দের সঙ্গে আলাপ --- আলোচনা করবে এবং এটা হবে একটা সর্বসম্মত সিদ্ধান্ত। আশা করি আমাদের বক্তব্য বিবেচনা করা হবে”---- চট্টগ্রামে ৩৬তম টেস্ট সেঞ্চুরি পাওয়ার পর ‘লিটল জিনিয়াস’ একটি ভারতীয় টিভি চ্যানেলকে শুনিয়েছেন এমন আশাবাদ।

সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের এই আশাবাদ বাস্তবে কতটা প্রতিফলিত হয় তার জন্য আরো কয়েক দিন অপেক্ষায় থাকতেই হচ্ছে।