বৃষ্টিগর্ভে বিলিন হওয়া দিনে হাবিবুলের হতাশা
দুপুরে রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোরে প্র্যাকটিস করছে বাংলাদেশ দল। হাবিবুল, আশরাফুল, শাহরিয়ার নাফীসরা সবাই ব্যাটিংয়ে। আর দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে ওসব দেখে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন সাংবাদিকরা। দর্শকদের অবশ্য ঘোলের স্বাদও পাওয়া হয়নি। আগের রাত এবং রোববার সকালের বৃষ্টিতে মাঠটার অবস্থা এমন, যে সেখানে হাল--চাষ চললেও চলতে পারে, ক্রিকেট খেলা একটুও নয়। কাজেই সকাল সাড়ে ১১টার মধ্যেই খেলা বাতিল। চট্টগ্রামের এবারের ক্রিকেট পঞ্জিকায় যোগ হলো আরেকটা হতাশার দিন। এবার যা যা হচ্ছে এবং আরও যা হবে বলে আশঙ্কা তাতে চট্টগ্রামের ক্রিকেটপঞ্জিকার নাম বদলে না হতাশার পঞ্জিকা হয়ে যায়।
পৃথিবীতে এটা মেনেই নেয়া হয়েছে যে কিছু কিছু জিনিসের পুরো প্রতিষেধক কোনোদিন বেরোবে না। তার একটি হচ্ছে ক্রিকেটে বৃষ্টির কুপ্রভাব। কিন্তু কেমোথেরাপি দিয়ে যেমন ক্যান্সারের রোগীকেও খানিকটা স্বস্তি দেয়া যায় তেমনি মাঠের পর্যাপ্ত পানি---নিস্কাশন ব্যবস্থা দিয়ে বৃষ্টির সঙ্গে লড়াই করা যায়। কিন্তু সেখানটাতেই রুহুল আমিন স্টেডিয়ামের সমস্যা। সামান্য বৃষ্টিতেই পানি জমে গিয়ে এমন বেহাল দশা যে গ্রাউন্ডসকর্মীদের চেষ্টাকে মাঝে---মধ্যে মনে হয় নিছকই চাকরি জায়েজ করা। এই মাঠের টেস্ট উপযোগিতা নিয়ে চলতে থাকা সন্দেহ তাই প্রশ্নাকার নিয়ে চলে গেল বোর্ড সেক্রেটারি মাহবুব আনাম পর্যন্ত। তিনি অবশ্য পাল্টা যুক্তি দিচ্ছেন, “আমার মনে হয় না এখানকার ড্রেনেজ সিস্টেম আন্তর্জাতিক মানের তুলনায় খারাপ। মিরপুর এর চেয়ে অনেক ভালো, কিন্তু এই বৃষ্টি হলে কিছু দিয়ে কিছু করা যায় না। তবু আমার মনে হয় ড্রেনেজটা ভালো করার সুযোগ আছে। সেজন্য খানিকটা সময় লাগবে।”
তা এমন মাঠে যে এই মে মাসের বৃষ্টিতে ওয়ানডে ভেসে যাবে এবং টেস্টও তৃতীয় দিনেই যাই যাই করবে তা আর বিস্ময়ের কী! আর হাবিবুল বাশারকে তাতে দেখাচ্ছে নিকটাত্মীয় হারানোর মতো শোকাহত। ফটোগ্রাফারদের মধ্যে যারা ঐ সময়ের ছবিটা পেলেন, তারা বহুদিন সেটাকে ব্যবহার করতে পারবেন। ঠাণ্ডা থেকে সেরে উঠলেও শরীর কাহিল, ইনজুরি সমস্যাতে দল বিধ্বস্ত, তার সঙ্গে বৃষ্টিতে খেলাই মাঠে গড়াচ্ছে না--- এই ত্রিমুখী জ্বালায় ক্রিকেট অধিনায়কের চেহারা কেমন হয় এটা তার আদর্শতম ছবি। “সত্যি খেলা না হওয়ার চেয়ে হতাশার কিছু হতে পারে না। এমনিতে কতোদিন পর টেস্ট খেলছি। তখন যদি এই অবস্থা হয় তাহলে সেটা দারুণ দুঃখের”--- বলার পর হাবিবুল বাশার যোগ করছেন, এখন টার্গেট দুটো। প্রথমত, বাকি দুদিন খেলা হলে ড্র নিশ্চিত করা এবং তারপর ব্যাট করলে অন্তত ৫ সেশন ব্যাট করা, “ম্যাচ এখন যে অবস্থায় গেছে তাতে আমাদের জেতার সুযোগ আর নেই বললেই চলে। এখন যেটা করতে হবে আমাদের সেটা হলো ড্র করার চেষ্টা করা। এবং ব্যাটিংয়ে নামলে যত বেশি সম্ভব ব্যাট করা। সেটা ৫ সেশন হলে খুব সন্তুষিÍটর বিষয় হয়।”
৫ সেশন ব্যাট করতে হলে বাকি দুদিনের পুরোটাই খেলতে হবে। এবং বাকি দু---দিনের পুরোটা খেলা হচ্ছে না। চট্টগ্রাম মাঠের কিউরেটরকে এখন মাঠের চেয়ে বেশি রাখতে হচ্ছে আবহাওয়ার খবর। সেই খবর অনুযায়ী সোমবারও বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। আর বৃষ্টি যদি না---ও হয় তাহলেও সোমবার লাঞ্চের আগে খেলা শুরু সম্ভব নয়। আর বৃষ্টি হলে ক্রিকেটের পঞ্জিকায় আরেকটি হতাশার দিন। হয়ত চূড়ান্ত হতাশার দিনও। কারণ সব দেখে---শুনে যদি মনে হয় যে আর এখানে খেলা সম্ভব নয়, তাহলে একদিন আগেও দু--দুলের সম্মতিতে বাতিল হয়ে যেতে পারে ম্যাচটি।
বৃষ্টির প্রভাব এই ম্যাচে ক্রমবর্ধনশীল। প্রথমদিন লাঞ্চের সময় কিছু সময় নষ্ট করার পর দ্বিতীয় দিনের বৃষ্টি কেড়ে নিল সিংহভাগ সময়। তারপর তৃতীয় দিন পুরোটা বৃষ্টিগর্ভে বিলীন হওয়ার ধারাবাহিকতাটা থাকলে চতুর্থ দিন তো পুরো দিনের চেয়েও বেশি সময় নষ্ট হওয়ার কথা! বিকালে আকাশ কালো করে তোলা মেঘের রাশি এবং তার আগে মাঠ দিয়ে হেঁটে আসার সময় কাউকে কাউকে জুতা হাতে নিয়ে যেভাবে কিছু জায়গা পার হতে হতে হলো তা দেখার পর এখানে আর খুব বেশি আশা করা বাড়াবাড়িই মনে হচ্ছে। কিন্তু জীবনে কিছুই যেমন ফেলনা যায় না, খুঁজলে যেমন ছাইয়ের ভেতরও রতেœর সন্ধান মেলে তেমনি একটা শিক্ষা কিন্তু ইতিমধ্যেই পাওয়া হয়ে গেছে। শিক্ষাটা হলো চট্টগ্রামের এই দৃশ্যত মরা উইকেটেও বাউন্স আছে যথেষ্ট এবং তারচেয়েও বড় কথা উইকেটে বাউন্স থাকলে মাশরাফি---শাহাদাতরা বল উঠিয়ে টেন্ডুলকারদেরও বিপাকে ফেলতে পারেন। আর তাতে করে বেরোচ্ছে কিছু ভুল শিক্ষারও প্রমাণ। বাংলাদেশ কেন এখানে দুজন মাত্র পেসার নিয়ে খেলছে। হাবিবুল আফসোসের স্বরেই বলছেন, “আমাদের দুজন পেসার ভালো বল করেছে। এখন আরেকজন পেসার থাকলে হয়ত ভালোই হত। কারণ বল যতটা টার্ন করবে বলে ভেবেছিলাম অতোটা টার্ন আসলে করছে না। কিন্তু আমাদের তো আসলে সেরকম তৃতীয় পেসারও নেই। ডলার মাহমুদের কথা আমি শুনেছি, আর বাকিদের কথা সেভাবে জানি না। মনে হয় আমাদের পেস বোলিংয়ের লাইনটা আরও লম্বা হওয়া দরকার।”
ভারত কিন্তু তিনজন পেসার নিয়েই খেলছে।
চট্টগ্রাম ক্রিকেট কিংবা হতাশার পঞ্জিকায় বৃষ্টিবিধৌত টেস্টের টিকা হিসাবে এটাও লিখে রাখা উচিত যে বাংলাদেশ এখানে উইকেটের চরিত্র বুঝতে বেজায় ভুল করেছিল। বৃষ্টির ফাঁকে---ফাঁকে হওয়া ক্রিকেট কানে কানে আরও বলে দিয়ে গিয়েছিল তিন স্পিনারের মোহে অন্ধ হয়ে থাকাটা ঠিক নয়। অন্ধ হলে হোচট খেতে হয়। গর্তে পড়তে হয়।
