২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক মৃত্যুই হয়েছে উলমারের : জ্যামাইকান পুলিশ

জ্যামাইকান পুলিশ এতদিন বলে আসছিল খুন করা হয়েছে পাকিস্তানের ক্রিকেট কোচ বব উলমারকে। তবে লন্ডনের দৈনিক সানডে টাইমসের খবরটি সত্যি হলে মৃত্যুর দু মাস পর অবশেষে তারাও মেনে নিচ্ছে, আসলে হয়তো খুন হননি এক সময়ের এই ইংলিশ টেস্ট ক্রিকেটার। খুব সম্ভব স্বাভাবিক মৃত্যুই হয়েছে তার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে ম্যাচ হারার পরের দিন কিংস্টনের প্যাগাসাস হোটেলে নিজের কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মারা যান ‘ল্যাপটপ কোচ’ উলমার। তারপর থেকেই তার মৃত্যুকে নিয়ে চলছে নানা গুঞ্জন, বিশেষ করে ব্রিটিশ মিডিয়ায়। সেই গুঞ্জনেরই সর্বশেষ সংস্করণ বেরিয়েছে রোববারের সানডে টাইমসে। জ্যামাইকান পুলিশের নাম না জানা এক সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, উলমারকে খুন করা হয়েছে এ ব্যাপারে নিশ্চিত কোনো প্রমাণ না পাওয়ায় অবশেষে তারাও মেনে নিচ্ছে হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যু হয়েছিল উলমারের। “আমার বিবেচনায় এটি স্বাভাবিক মৃত্যুই”--- সানডে টাইমসকে বলেছেন ওই পুলিশ কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, জ্যামাইকান পুলিশকে আসলে বিভ্রান্ত করেছে উলমারের প্রথম ময়না তদন্তের রিপোর্ট। ভারতীয় বংশোদ্ভুত এক চিকিৎসকের দেওয়া ওই রিপোর্টের ভিত্তিতেই তারা বলে আসছেন উলমারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ন্যাট ক্যারি নামের এক বিখ্যাত ব্রিটিশ প্যাথলজিস্টের কাছে এ ব্যাপারে মতামত চাওয়া হলে তিনি উড়িয়ে দিয়েছেন ব্যাপারটি।

জ্যামাইকান পুলিশের আরেকটি সন্দেহ, বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে উলমারকে। এ ব্যাপারটি খুঁজে দেখতে তৃতীয় একজন প্যাথলজিস্টের সাহায্য নিতে চাইছে তারা। এই রিপোর্টেরই জন্যই অপেক্ষা করা হচ্ছে, নইলে প্রকাশ্যেই ভুলটা স্বীকার করে নিতো তারা!