শুরুতেই চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ
৫ উইকেটে ৫৫৩ রান নিয়ে আগের দিন শেষ করার পর শনিবার আর ব্যাট করতে নামেনি ইংল্যান্ড।
প্রথম ইনিংস ঘোষণা করেছে সেখানেই। তার পর শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের লড়াই। শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ পর্যন্ত সেই লড়াইয়ে বেশ বেকায়দাতেই ছিল ক্যারিবীয়রা। লাঞ্চের সময় তাদের স্কোর দুই উইকেটে ৯৭ রান।
শুরুটা অবশ্য খুব খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে ৩৮ রান ওঠার পর ক্রিস গেইলকে (৩০) বোল্ড করে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দিয়েছেন প্লাঙ্কেট। পরের জুটিতে ৪৫ রান ওঠার পর তিন নম্বরে ব্যাট করতে নামা ডেভন স্মিথও (২১) পানেসারের বলে বোল্ড। তবে ওপেনার ড্যারেন গঙ্গাকে সঙ্গে নিয়ে লাঞ্চ পর্যন্ত আর কোনো ক্ষতি হতে দেননি রামনরেশ সারওয়ান। ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক ব্যাট করছেন ১২ রান নিয়ে। গঙ্গা অপরাজিত ২০ রানে।
