আফ্রিদি-ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
ম্যাচ তখন জমে উঠেছে। জয়ের লক্ষ্য ২৩৬ তখনো ৯৯ রান দূরে। ১৮.৩ ওভার বাকি। ২ উইকেটে ৮৪ থেকে হঠাৎ করেই পাকিস্তান তখন ৫ উইকেটে ১৩৭।
৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা শ্রীলঙ্কার সামনে। কিন্তু সম্ভাবনাটা উড়ে গেছে মাত্র ১০.৩ ওভারে। শহীদ আফ্রিদির ৩৪ বলে ৭৩ রানের ঝড়ে আট ওভার হাতে রেখেই ৫ উইকেটে জিতে গেছে শোয়েব মালিকের ‘নতুন পাকিস্তান’।
এর আগে সুযোগ পেয়ে নিজের কার্যকারিতা আরেকবার প্রমাণ করেছিলেন ফারভিজ মাহরুফ। তার ৫৪ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসের সুবাদে শুক্রবার ৯ উইকেটে ২৩৫ রান করেছিল শ্রীলঙ্কা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক জয়াবর্ধনে। তবে পাকিস্তানের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চামারা সিলভা ছাড়া আর কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি। ৪৭ করে সিলভা রান আউট হলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৭৭। সেখান থেকে বিশ্বকাপের রানার্সআপদের একাই টেনে নিয়ে যান মাহরুফ। তার দুর্দান্ত ইনিংসটা সাজানো ছিল ৯টি চার ও একটি বিশাল ছক্কায়। ৬১ রানে তিন উইকেট নিয়ে উমর গুল পাকিস্তানের সফলতম বোলার। তবে একটি উইকেট নিলেও ১০ ওভারে মাত্র ২৬ রান দেন আসিফ।
জবাব দিতে নেমে ভালোই এগোচ্ছিল পাকিস্তান। ৯ ওভারে বিনা উইকেটে ৫৩। পরের বলেই ৩৪ রান করে সালমান বাট রান আউট। একটু পরে ইয়াসির হামিদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বান্দারা। স্কোর ২উইকেটে ৮৪। সেখান থেকে ৩১.৩ ওভারে ৫ উইকেটে ১৩৭ হওয়ার পেছনে ভূমিকা ছিল অন্য ওপেনার ইমরান নাজিরেরও রান আউট হওয়ার। ভালো সূচনার পর দুই ওপেনারই রান আউট হলে তার কুপ্রভাব তো ইনিংসে কিছুটা পড়বেই।
অবশ্য তিনজন রান আউট (থারাঙ্গা, চামারা সিলভা ও জয়াবর্ধনে) হওয়ায় শ্রীলঙ্কা যতটা বেকায়দায় পড়েছিল সে অবস্থা পাকিস্তানের হয়নি। কারণ শহীদ আফ্রিদি। ৮টি চার ও ৪টি ছক্কা মেরে তিনি শ্রীলঙ্কান বোলার-ফিল্ডারদের খুব তাড়াতাড়িই বুঝিয়ে দেন দিনটি আসলে তার। আর শহীদ আফ্রিদির দিনে প্রতিপক্ষের ভাগ্যে যে পরাজয়ই লেখা থাকে তা কে না জানে! তবে এমন ইনিংস খেলে ম্যাচ জেতাতে পারায় আফ্রিদি নির্ঘাত কামরান আকমলের প্রতি কৃতজ্ঞ। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৫১ বলে ৫১ করে শেষ পর্যন্ত হার না মানলে হেরে যাওয়া দল হয়তো পাকিস্তানই হতো।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৩৫/৯ (থারাঙ্গা ১৭, জয়াসুরিয়া ১, কাপুগেদারা ২৮, জয়াবর্ধনে ১৮, সিলভা ৪৭, দিলশান ১৪, প্রসন্ন ২০, মাহরুফ অপঃ ৬৯, বান্দারা ৬, মালিঙ্গা ৩, অমরাসিংহে অপঃ ১; আসিফ ১/২৬, সামি ১/৪৯, গুল ৩/৬৯, রাজ্জাক ১/৫২, আফ্রিদি ০/৪৩)।
পাকিস্তান : ৪২ ওভারে ২৩৯/৫ (সালমান বাট ৩৪,ইমরান নাজির ৩৮, ইয়াসির হামিদ ১০, মোহাম্মদ ইউসুফ ১২, শোয়েব মালিক ১১, কামরান আকমল অপ. ৫১, আফ্রিদি অপ. ৭৩, অতিরিক্ত ১০, মাহরুফ ১/৪৭, বান্দারা ১/৬৯)
ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : শহীদ আফ্রিদি
পরবর্তী ম্যাচ : ২০ মে, রোববার
