২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকার-গাঙ্গুলীর জোড়া সেঞ্চুরি, তবু বাংলাদেশের বোলারদেরই জয়!

সব মিলিয়ে খেলা হবে সর্বোচ্চ ২৩ ওভার, তবু যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারি একেবারে শূন্য হয়ে যায়নি, সাড়ে পাঁচ ঘন্টা অপেক্ষা করেও বসে ছিলেন কিছু দর্শক তার একটা কারণ ছিল শচীন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলীর সেঞ্চুরির সম্ভাবনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 03:21 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সেই অপেক্ষটা বিফলে যায়নি, সেঞ্চুরি করেছেন ভারতের এই দুই সুপারস্টারই। কিন্তু বাংলাদেশের বোলারদের দিনটাও একেবারে খারাপ কাটে নি তাই বলে। কারণ সেঞ্চুরির পর পরই তাদের দুজনকেই বিদায় করে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা আর শাহাদত হোসেন। সৌরভ ১০০ আর শচীন ১০১ রান করেছেন। এরপর মোহাম্মদ রফিক রমেশ পাওয়ারকে (৭) বোল্ড করে দিলে বাংলাদেশের পক্ষেই বরং হেলে গেছে সাফল্যের পাল্লাটা। আলোর স্বল্পতায় ২০ ওভার পরেই খেলা শেষ হওয়ার আগে ভারত করেছে ৬ উইকেটে ৩৮৪, অপরাজিত দুই ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি (৩৬) আর অনিল কুম্বলে (১)।

প্রথমে সৌরভ। ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরিটা করে পরের ওভারেই বিদায় নিয়েছেন তিনি। মাশরাফির বলে উড়িয়ে মারতে গিয়েছিলেন, বল ব্যাটের ওপরের কানায় লেগে উঠে গেছে আকাশে, মিড অফ থেকে রফিকের সেটা ধরতে কোনো কষ্টই হয়নি। ঠিক ১০০ রান করেই ফিরে গেছেন সৌরভ।

টেন্ডুলকার তারচেয়ে এক রান বেশি করেছেন। তবে সেঞ্চুরিটা খুব সহজে হয়নি তার, ৯৮ থেকে পরের দুটি রান নিতে প্রায় ১৫ মিনিট সময় ব্যয় করেছেন ‘লিটল জিনিয়াস’। সেঞ্চুরির পর তাই তিনিও গিয়েছিলেন হাত খুলে মারতে। শাহাদতের বলটা আকাশে উঠে যাওয়ায় সেই মিড অফেই ধরা পড়েছেন তিনিও, এবার ফিল্ডার মোহাম্মদ আশরাফুল।