পাকিস্তানের লক্ষ্য ২৩৬ রান
সুযোগ পেলে যে দলের জন্য তিনি কতটা কার্যকরী তা আরেকবার প্রমাণ করলেন ফারভিজ মাহরুফ। তার ৫৪ বলে অপরাজিত ৬৯ রানের এক ঝড়ো ইনিংসের সুবাদে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটাতে ৯ উইকেটে ২৩৫ রান করেছে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৬ ওভারে এক উইকেট হারিয়ে ৭৮ রান করেছে পাকিস্তান। সালমান বাট ২৬ ও ইয়াসির হামিদ ব্যাট করছেন ৮ রান নিয়ে। ২৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৩৮ রান করে রান আউট হয়েছেন ইমরান নাজির।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক জয়াবর্ধনে। তবে পাকিস্তানের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চামারা সিলভা ছাড়া আর কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি। ৪৭ করে সিলভা যখন রান আউট তখন শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ১৭৭। সেখান থেকে বিশ্বকাপের রানার্সআপদের একাই টেনে নিয়ে গেছেন মাহরুফ। তার দুর্দান্ত ইনিংসটা সাজানো ছিল ৯টি চার ও একটি বিশাল ছক্কায়। ৬১ রান দিয়ে তিন উইকেট নিয়ে উমর গুল পাকিস্তানের সফলতম বোলার। তবে একটি উইকেট নিলেও ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়েছেন আসিফ।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৩৫/৯ (থারাঙ্গা ১৭, জয়াসুরিয়া ১, কাপুগেদারা ২৮, জয়াবর্ধনে ১৮, সিলভা ৪৭, দিলশান ১৪, প্রসন্ন ২০, মাহরুফ অপঃ ৬৯, বান্দারা ৬, মালিঙ্গা ৩, অমরাসিংহে অপঃ ১; আসিফ ১/২৬, সামি ১/৪৯, গুল ৩/৬৯, রাজ্জাক ১/৫২, আফ্রিদি ০/৪৩)।
