চার সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড
আগের দিন সেঞ্চুরি করেছিলেন অ্যালিস্টার কুক। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে আরো তিনটি সেঞ্চুরি উপহার পেল ইংল্যান্ড। পল কলিংউড, ইয়ান বেল ও অভিষিক্ত ম্যাট প্রায়রের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার দিকেই এগোচ্ছে স্বাগতিকরা। দিনশেষে তাদের স্কোর ৫ উইকেটে ৫৫৩ রান। কলিংউড ১১১ রান করে ফিরে গেলেও বেল ও প্রায়র অপরাজিত থেকেই ফিরেছেন মাঠ থেকে। বেল ১০৯ ও ইংল্যান্ডের পক্ষে প্রথম উইকেট কিপার হিসাবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা প্রায়র ব্যাট করছেন ১২৬ রান নিয়ে।
বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে বৃহস্পতিবার খেলা হয়েছিল মাত্র ৫৬ ওভার। টস হেরে ব্যাট করা ইংল্যান্ডের দিন শেষে স্কোর ছিল ৩ উইকেটে ২০০। সেখান থেকে শুক্রবার সকালে দলকে মাত্র ২১৯ পর্যন্ত নিয়ে যাওয়ার পরই জেরম টেলরের বলে ডোয়াইনা ব্রাভোর ক্যাচ হয়ে যান অ্যালিস্টার কুক। প্রথম সেশনে উইন্ডিজ বোলারদের ওই একটাই সাফল্য।
দ্বিতীয় সেশনেও একটার বেশি উইকেট ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। চা --- বিরতির কিছুক্ষণ আগে ফিরে যাওয়া কলিংউড পঞ্চম উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করেছেন বেলের সঙ্গে। কলিংউডের চতুর্থ টেস্ট সেঞ্চুরিতে বাউন্ডারির সংখ্যা ১৪টি।
তৃতীয় ও শেষ সেশনে আর কোনো ক্ষতি হতে দেননি বেল ও প্রায়র। সতীর্থের চেয়ে প্রায়র একটু বেশি আগ্রাসীই ছিলেন। তার ১২৮ বলের ইনিংসে বাউন্ডারি ১৯টি। অন্যদিকে বেল চার মেরেছেন ১১টি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে দু জনে যোগ করেছেন ১৯০ রান।
