ফরহাদ রেজার কাছে হারলো আবাহনী
এই ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী অন্যদের সঙ্গে ব্যবধান আরো বাড়িয়ে নিতো। কিন্তু বিকেএসপিতে কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের ম্যাচে আবাহনী ৭ উইকেটে হেরে গেছে বিমানের কাছে। হারের হতাশা ভুলে আবাহনী কোচ আমিনুল ইসলাম বরং বিমানের ফরহাদ রেজার ব্যাটিংয়েই মগ্ন হতে পারছেন। তার কথা শুনে তেমনই মনে হলো,“অসাধারণ ইনিংস। বলা যায় ওর কাছেই হেরে গেলাম আমরা।”
মাত্র ১০৬ বলে ৫ বাউন্ডারি ও ১১ ছক্কার উৎসব করে ফরহাদ রেজার ১২৭ রানের ইনিংস। বিমানের ওপেনার নাফিস ইকবালের ৮৫ রানের ইনিংসটারও ভূমিকা কম নয়। তারা দুজনে মিলে গড়েছেন প্রায় দু’শ ছোঁয়া একটা জুটি। তাই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৮ রানও নিরাপদ রাখতে পারেনি আবাহনীকে। বিফলে গেছে এই রান তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখা নাজিমউদ্দিনের ৯৭ রানের ইনিংসও। সেই সঙ্গে শ্রীলঙ্কার উপুল চন্দনার (৫৭) সঙ্গে তার ৯৯ রানের জুটিও। অবশ্য হেরেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়নি আবাহনীকে। ২১ পয়েন্ট নিয়ে তারাই এখনো শীর্ষে।
ওদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে শুক্রবার মোহামেডানকে (১৬২/১০) ৬ উইকেটে হারিয়ে সোনারগাঁ ক্রিকেটার্স (১৬৩/৪, ৪২ দশমিক ৫ ওভারে) পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ১৯। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসকে (২৩৯/১০) ৩ উইকেটে হারানো ভিক্টোরিয়া ( ২৪১/৭, ৪৭ দশমিক ৫ ওভারে) এবং মোহামেডান এখন ১৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।
