২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ভারতের ইনিংস বিলম্বিত করার টার্গেট

শুনে কেউ যদি সিদ্ধান্তে পৌঁছান যে হাবিবুল রক্ষনাত্মক অধিনায়ক, তাহলে সেটা তার সমস্যা। হাবিবুল বাশারের তাতে ভ্রুক্ষেপ নেই। হাবিবুল বাশার যা দেখেছেন প্রথমদিন এবং যা বুঝেছেন তাতে আর ভারতীয় ব্যাটসম্যানদের আউট করা প্রধান লক্ষ্য নয়। লক্ষ্য ওদের রান করাটা যথাসাধ্য কঠিণ করে তোলা। যাতে রান করতে দেরি হয় এবং বাংলাদেশ অন্যদিক থেকে না পারুক, ম্যাচটা প্রলম্বিত করার ক্ষেত্রে সফল হয়। শনিবার দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য একটু চেষ্টা করে দেখবেন, শুরুর উদ্দীপনা দিয়ে যদি উইকেট তুলে নেয়া যায়! ভারতের লেজ যেহেতু অনেক বড়, কাজেই দুটো উইকেট পেলে এখান থেকে ম্যাচে খানিকটা ফিরে আসা সম্ভব। নইলে বাউন্ডারি ঠেকানোর কাজেই মন দেবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

“কাল (শনিবার) আমাদের প্রথম লক্ষ্য থাকবে শুরুতে দুটো উইকেট নেয়ার চেষ্টা করা। এরপর ধোনি ছাড়া ওদের স্বীকৃত আর কোনো ব্যাটসম্যান নেই। কাজেই আমরা যদি শুরুতে উইকেট নিয়ে নিতে পারি তাহলে ফিরে আসার একটা সুযোগ আছে।” হাবিবুলের এই ব্যাখ্যার পর অবধারিত পাল্টা প্রশ্ন -- আর যদি উইকেট না পড়ে? “তাহলে আমরা রান ঠেকানোর দিকেই মনযোগ দেবো। যাতে ওদের কাজটা অনেক কঠিণ হয়। বড় রান করলেও সময় নেয়। খেলাটাকে যতদূর সম্ভব টেনে নেয়া যায়।” প্রথম দিনে ভারতের রান উৎসবের পর পরিকল্পনাটা এভাবেই পরিবর্তিত। এই উইকেটে অন্য কোনো উপায়ও দেখছেন না অধিনায়ক,“উইকেট যা ভেবেছিলাম তার চেয়েও বেশি ব্যাটিং -- স্বর্গ। এখানে টেন্ডুলকার --- সৌরভদের মাপের ব্যাটসম্যানরা নিজেরা ভুল না করলে ওদের আউট করা প্রায় অসম্ভবের কাছাকাছি ব্যাপার। আর ওরা ব্যাটও করছে দারুণ। কোনো সুযোগই দিতে চাইছে না।”

এই উইকেটেও একজন সকালে অন্য কিছু ঘটার ইঙ্গিত দিয়েছিলেন। মাশরাফি বিন মুর্তজা। টেস্টের প্রথম বলে উইকেট নেয়া মোটামুটি  মেঘহীন বজ্রপাতের মতো একটা ব্যাপার, তেমন কীর্তি করার পরও দিন শেষে তাকে বলতে হচ্ছে,“এই উইকেটে বল করাটা সত্যিই খুব কঠিণ। প্রচণ্ড গরম। তার ওপর উইকেট থেকে কোনো সহায়তা নেই। সত্যি খুব কঠিণ।” বলার সময় মাশরাফিকে এমন বিপদগ্রস্থ দেখালো যে মনে হলো এর চেয়ে কঠিণ পরীক্ষার মুখে তাকে পড়তে হয়নি। তাহলেও প্রথম বলে উইকেট পাওয়ার জন্য মাশরাফির কাছে এই টেস্টটা স্মরনীয়ই হয়ে থাকবে। তার পরিকল্পনাটা কী ছিল? “প্রথম বলে সবসময়ই লক্ষ্য থাকে বলটা জায়গায় ফেলা। আমি সে -- ই কাজটাই করেছি। আর বলটা ভেতরে ঢুকেছে অনেক বেশি। বলটা এত ভালো হয়ে গেছে যে আমি নিজেও খানিকটা অবাক। যা -- ই হোক, প্রথম বলে উইকেট পাওয়া অসাধারণ একটা ব্যাপার।” তোপটা গেছে ওয়াসিম জাফরের ওপর দিয়ে। তখন অন্য প্রান্তে দাঁড়িয়ে দীনেশ কার্তিক, কিন্তু সেই ভীতি সামলেছেন রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে। অথচ ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেও তিনি জানতেন না খেলবেন কিনা! এবং খেললেও ওপেন করবেন কিনা।

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের শরীরে যে চোট লেগেছে, তার ধকল তারা এখনও সামলাতে পারেনি। প্রভাবে এই সিরিজেও টালমাটাল। শুক্রবারের আগ পর্যন্ত ভারতীয় দল জানতোই না যে তাদের সহ --- অধিনায়ক কে? শুক্রবার শেষে শচীন টেন্ডুলকারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে, কিন্তু একটা সিরিজের মাঝখানে এসে সহ --- অধিনায়কের নাম ঘোষিত হওয়া অস্বাভাবিক ব্যাপার। যেমন লক্ষণ এবং যুবরাজের মতো দুজন অসাধারণ ব্যাটসম্যানকে মাঠের বাইরে বসিয়ে রাখাও অস্বাভাবিক।

সেটা নিয়ে যে টানা --- হ্যাঁচড়া তাতে ম্যাচ শুরুর আগ পর্যন্ত অনিশ্চিত ছিল ভারতীয় একাদশ। সকালে দল ঘোষিত হলে দীনেশ কার্তিক জানলেন তিনি খেলছেন, ওপেনও করছেন। উইকেটরক্ষক হিসাবে ভারতীয় দলে ছিলেন, মুলত ব্যাটিংয়ে পিছিয়ে থাকায় ধোনির কাছে জায়গা হারানো দীনেশ কার্তিক এখন ভারতীয় দলের ওপেনার। ওপেনার হিসাবে প্রথম নেমেছিলেন দক্ষিণ আফ্রিকায়, সেখানে সাফল্যের পুরস্কার এখানেও। এবং এখানেও সফল। ৫৬ রানের ইনিংসটি না হলে ভারত শুরুর ধাক্কাটা কতোটা সামলাতে পারে প্রশ্ন থাকেই। সেই ইনিংস খেলাটা আত্মবিশ্বাস এমন বাড়িয়ে দিয়েছে যে এখন তিনি মনে করেন, উইকেটে কিছু না থাকা সত্বেও তাদের বোলাররা নাকি ভালো করবে, “এখানে বল করাটা খুব কঠিণ। কিন্তু আমাদের বোলাররা অনেক কঠিণ কন্ডিশনে খেলে এসেছে। কাজেই আমি আশা করি, তারা ভালোই করবে।” সেই আশাবাদের পেছনের যুক্তির ভীতটা বড় দুর্বল। বরং হাবিবুলের এই যুক্তিটাই জোরালো, “উইকেট যা তাতে আমাদের ভালো ব্যাট করা উচিত। সেই জায়গাটাতে এখন আমাদের মনযোগী হতে হবে। এখানে উইকেট বিলিয়ে না দিলে বড় ইনিংস খেলা সম্ভব।”

উইকেটের যা চরিত্র, টেন্ডুূলকারদের যা মতি --- গতি তাতে এর বেশি কিছু ভাবা যায় না। ভাবলে যা হয় তাকে বিলাসিতা বলে!