২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বোলিং কোচ হতে আগ্রহী অ্যালান ডোনাল্ড

নিজে দক্ষিণ আফ্রিকান হলেও ইংল্যান্ডের সঙ্গে অ্যালান ডোনাল্ডের সম্পর্কটা নিবিড়। ইংলিশ কাউন্টি ওয়ারউইকশায়ারের হয়ে দীর্ঘদিন খেলেছেন, তার স্ত্রীও একজন ইংরেজ। সেই ভালবাসা থেকে ডোনাল্ড এখন ইংল্যান্ডের বোলিং কোচ হতে আগ্রহী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 07:48 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ইঙ্গিত, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ওপরে জোর দেয়ার জন্য বর্তমান বোলিং কোচ কেভিন শাইনকে নিয়োগ দেয়া হতে পারে সেখানে। এই সম্ভাবনার কথা শুনেই ডোনাল্ড প্রকাশ করলেন তার আগ্রহ,“আমি এই কাজটা করতে পছন্দই করবো। এটা খুবই আকর্ষণীয় চাকরি। ইংল্যান্ডে অজস্র প্রতিভা আছে। তাদের নিয়ে কাজ করার সুযোগ পেলে তা হবে দুর্দান্ত ব্যাপার।”

৩৩০টি টেস্ট ও ২৭২টি উইকেট নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। তবে খেলোয়াড়ি জীবনে ‘শ্বেতবজ্র’ নামে পরিচিত ডোনাল্ডের কোচিং অভিজ্ঞতা বলার মতো কিছু নয়। ওয়ারউইকশায়ারের তরুণ বোলারদের প্রশিক্ষণ করানোর অভিজ্ঞতাই বোলিং কোচ হিসাবে ডোনাল্ডের সবচেয়ে বড় অর্জন। তবে স্বল্প অভিজ্ঞতাকে ইংল্যান্ডের বোলিং কোচ হওয়ার ক্ষেত্রে অন্তরায় মনে করছেন না তিনি,“খুব বেশি কোচিং ব্যাজ নিয়ে আমি এই জায়গায় আসিনি। কিন্তু এই খেলাতে আমার অভিজ্ঞতার ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ। খেলাটার প্রতি দারুণ ভালবাসাও আছে আমার।”