২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে নির্দোষ দাবী করে ইনজামামের কড় জবাব

তদন্ত কমিটির রিপোর্ট দেখে ভীষণ ক্ষুব্ধ ইনজামাম --- উল হক। শান্ত, নম্র, ভদ্র হিসাবেই তিনি ক্রিকেট বিশ্বে পরিচিত। অথচ তার বিরুদ্ধেই কি না ‘স্বৈরতান্ত্রিক’ অধিনায়কত্বের অভিযোগ!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 06:48 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার কারণ অনুসন্ধানে গড়া একটি তদন্ত কমিটি দু দিন আগে জানিয়েছে, বিশ্বকাপ থেকে দলের আগে -- ভাগে ফিরে আসার অন্যতম কারণ ইনজামামের স্বৈরাচারী মনোভাব। এই অভিযোগ শুনে পাকিস্তানের সদ্য বিদায়ী অধিনায়কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া,“এই তদন্ত কমিটির সব সদস্যই আমার চেয়ে বয়সে বড়। আমি তাদের শ্রদ্ধাও করি। কিন্তু সত্যি কথা বলতে কি, তাদের কারোরই অধিনায়কত্বের কোনো রকম অভিজ্ঞতা নেই।” ক্ষোভের সঙ্গেই তার প্রশ্ন,“আমার নেতৃত্বে পাকিস্তান যখন ম্যাচ জিতছিল তখন কেন আমাকে স্বৈরাচারী বলা হয়নি? দুুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের ক্রিকেটে প্রত্যেক পরাজয়ের পরই এ ধরনের অভিযোগ আনা হয়।”

সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ বাটকে প্রধান করে গড়া এই কমিটির অন্য দুই সদস্য পাকিস্তানের প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ ও পিসিবি’র সাবেক ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স সেলিম আলতাফ। তারা মনে করেন, গত আগস্টে ওভাল টেস্টের সেই বহুল আলোচিত গন্ডগোলের পরই ইনজামামকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া উচিৎ ছিল। নির্বাচক কমিটিকে অবজ্ঞা করে ইচ্ছামতো কোনো ক্রিকেটারকে দলে নেয়ার অভিযোগও আনা হয়েছে ইনজামামের বিরুদ্ধে। তবে এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সদ্য বিদায়ী অধিনায়ক,“আমরা দল গড়ার সময় বিতর্ক ও আলোচনা করতাম ঠিকই, তবে আমি কখনোই কারো প্রতি পক্ষপাতিত্ব দেখাইনি।”

তার অধিনায়কত্বের সময়ে সেলিম আলতাফ পিসিবির হয়ে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ দুজনে এক সঙ্গে কাজ করেছেন পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে। অথচ তখন কোনো অভিযোগ না এনে এখন আনা হচ্ছে দেখে ইনজামাম একই সঙ্গে বিস্মিত ও বিরক্ত, “আমি সব সময়ই মৃদুভাষী ও সহজ --- সরল মানুষ হিসাবে পরিচিত। কয়েকজন সাবেক ক্রিকেটার তো আরো আগ্রাসী অধিনায়ক হতে পারিনি বলে আমার সমালোচনাও করেছেন। অথচ এখন তারা বলছেন আমি নাকি স্বৈরাচারী। সেজন্য ভীষণ দুঃখ পেয়েছি আমি। দীর্ঘ দিন ধরে পাকিস্তান ক্রিকেটকে সেবা করা সত্ত্বেও বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের জন্য সমস্ত দোষ চাপানো হচ্ছে আমার ওপরে।”