২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলিংউডের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

তাদের আগের দিনের ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিটা বড় হবে আর সেই সুবাদে ইংল্যান্ডও পেয়ে যাবে বিশাল একটা স্কোর --- ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস নিশ্চয়ই এ আশা নিয়েই তাকিয়ে ছিলেন অ্যালিস্টার কুক এবং পল কলিংউডের দিকে। সেরকম হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে এখন হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতো ইংল্যান্ড। কুক (১০৫) তার পঞ্চম সেঞ্চুরিকে বেশি দূর নিয়ে যাওয়ার আগেই ফিরে গেলেও রান যে খুব কম হয়েছে তা কিন্তু নয়। কলিংউডও সেঞ্চুরি করায় চা --- বিরতির সময় ৫ উইকেটে ৩৭২ রান নিয়ে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে স্বাগতিকরা। ডোয়াইন ব্রাভোর বলে বোল্ড হওয়ার আগে ১১১ রান করেছেন কলিংউড। চা --- বিরতির সময় ইয়ান বেল ৫৯ ও ম্যাট প্রায়োর ব্যাট করছিলেন ৫ রান নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে বৃহস্পতিবার খেলা হয়েছিল মাত্র ৫৬ ওভার। টস হেরে ব্যাট করা ইংল্যান্ডের দিন শেষে স্কোর ছিল ৩ উইকেটে ২০০।  সেখান থেকে শুক্রবার সকালে দলকে মাত্র ২১৯ পর্যন্ত নিয়ে যাওয়ার পরই জেরম টেলরের বলে ডোয়াইনা ব্রাভোর ক্যাচ হয়ে যান অ্যালিস্টার কুক। প্রথম সেশনে উইন্ডিজ বোলারদের ওই একটাই সাফল্য।

দ্বিতীয় সেশনেও একটার বেশি উইকেট ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। চা --- বিরতির কিছুক্ষণ আগে ফিরে যাওয়া কলিংউড পঞ্চম উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করেছেন বেলের সঙ্গে। কলিংউডের চতুর্থ টেস্ট সেঞ্চুরিতে বাউন্ডারির সংখ্যা ১৪টি।