টেন্ডুলকার-সৌরভরা পথে ফেরাচ্ছেন ভারতকে
সকালে ভারতকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন তিনি, লাঞ্চের পর বাংলাদেশের দ্বিতীয় সাফল্যটাও এসেছে সেই মাশরাফি বিন মর্তুজার হাত ধরেই। লাঞ্চের পর টানা তিনটি মেডেন ওভার নিয়ে দারুণভাবেই শুরু করেছিলেন তিনি, রান না পেয়ে বিরক্ত দীনেশ কার্তিক (৫৬) মিড অফে ক্যাচ দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হাতে। সেই ধাক্কাটা সামলে উঠতে না উঠতেই আঘাত হেনেছেন শাহাদত হোসেন। মাশরাফির জায়গায় বল হাতে পেয়ে নতুন স্পেলের প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়কে (৬১)। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ভারত অধিনায়কের বিদায়ে দারুণভাবেই ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ। ৮ রানের মধ্যে দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যাওয়া পথে ফিরিয়েছেন শচীন টেন্ডুলকার (৩৫) আর সৌরভ গাঙ্গুলী (১৬)। চা বিরতি পর্যন্ত আর কোনো বিপর্যয় হতে দেননি তারা, চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে ভারতকে নিয়ে গেছেন ৩ উইকেটে ১৮১ রানে।
জ্বর নিয়েই খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক লাঞ্চের পর আর মাঠে নামেননি। তিনি ফিরে গেছেন হোটেলে, সহ---অধিনায়ক আশরাফুলকে তাই দ্বিতীয় সেশনের পুরোটাই পালন করতে হয়েছে অধিনায়কের দায়িত্ব।
টস জিতে ব্যাট করতে নামা ভারতকে প্রথম বলেই একটা ধাক্কা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওয়াসিম জাফরকে বোল্ড করে দিয়ে। অফস্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছে মনে করে বলটা ছেড়ে দিয়েছিলেন জাফর, ইনসুইং করে সেটা উড়িয়ে নিয়েছে অফ স্টাম্প। কিন্তু এরপর আরেক ওপেনার দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে সে ধাক্কা ভালোই সামাল দিচ্ছেন রাহুল দ্রাবিড়। লাঞ্চ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি তারা। দ্বিতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়ার পথে অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করে দ্রাবিড় পুরণ করেছেন টেস্টে তার ৪৭ তম হাফসেঞ্চুরি, কার্তিকও করেছেন তার তৃতীয় ফিফটি। লাঞ্চের আগে ২৫ ওভারে ভারত তুলেছে ১ উইকেটে ১১৩ রান, দ্রাবিড় ৫২ আর কার্তিক ৫৪ রান নিয়ে ব্যাট করছিলেন।
উইকেট দেখে বিশেষজ্ঞরা বলছেন, এই উইকেট হবে ব্যাটসম্যানদের স্বর্গ। আর প্রতিপক্ষের বোলিং শক্তি বলতে যখন বাঁহাতি স্পিনাররা, চতুর্থ ইনিংসে তাদের মুখোমুখি হওয়া এড়ানোটাও একটা বিবেচনা বটে। টস জিতে তাই ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।
দ্রাবিড়ের দলের জন্য অবশ্য একটা দুঃসংবাদ আছে, মুনাফ প্যাটেল খেলতে পারছেন না। তার জায়গায় বিক্রম সিংকে নিয়ে দল সাজিয়েছে তারা, আর দীনেশ কার্তিককে দিয়ে ওপেন করানো এবং পাঁচ বোলার খেলানোর সমীকরণ মেলাতে গিয়ে দলের বাইরে রাখা হয়েছে যুবরাজ সিং ও ভিভিএস লক্ষ্মণ দুজনকেই।
বাংলাদেশ অবশ্য প্রত্যাশা অনুযায়ীই দল সাজিয়েছে, ১৪ জনের দল থেকে তারা বাইরে রেখেছে সৈয়দ রাসেল, মেহরাব হোসেন জুনিয়র ও তুষার ইমরানকে।
বাংলাদেশ দল : জাভেদ ওমর, শাহরিয়ার নাফীস, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, রাজিন সালেহ, খালেদ মাসুদ, মাশরাফি বিন মূর্তজা, মোহাম্মদ রফিক, শাহাদত হোসেন ও এনামুল হক জুনিয়র।
ভারত দল : ওয়াসিম জাফর, দীনেশ কার্তিক, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, রমেশ পাওয়ার, অনিল কুম্বলে, জহির খান, আরপি সিং, বিক্রম সিং।
