ডোপমুক্ত ছিল বিশ্বকাপ
এবার আর কোনো ডোপপাপী ধরা পড়েনি। গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফকে। ক্রিকেটারদের মধ্যেও এই অনৈতিক কাজের প্রবণতা দেখে বিশ্বকাপের সময় ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছিল আইসিসি। ক্রিকেটের জন্য সুখবর, সেই সব পরীক্ষায় পজিটিভ হননি এক জনও।
দৈব চয়ন ভিত্তিতে সর্বমোট ৬৮ জনকে বেছে নেয়া হয়েছিল ডোপ টেস্টের জন্য। বিশ্বকাপের ১৫টি ও দুটো প্রস্তুতি ম্যাচে অংশ নেয়া প্রত্যেক দলের দু জন করে ক্রিকেটারকে মুখোমুখি হতে হয়েছিল এই পরীক্ষায়। সবগুলোরই ফলাফল নেগেটিভ হওয়ায় আইসিসির প্রধান নির্বাহী ম্যালকম স্পিড যারপরনাই আনন্দিত,“আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সবগুলো ড্রাগ টেস্ট নেগেটিভ হওয়া খেলাটার জন্যও একটা দারুণ ব্যাপার। এটা দারুণ ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে সবার মাঝে। এই খেলার সঙ্গে জড়িত প্রত্যেকেই গর্ববোধ করতে পারে সেজন্য।”
