ঠাণ্ডা-গরম আর হোয়াটমোরের টেস্ট
এটা ঠান্ডা আর গরমের টেস্ট। ঠান্ডা আর গরমের মতো দুটো জিনিসেও যার শখ মিটছে না তার নাম ডেভ হোয়াটমোর। রীতিমতো আগুন হয়ে ডেভ হোয়াটমোর দৃশ্যপটটা দখল করে নিতে চাইছেন। এবং পারছেনও বোধহয়!
পত্রিকার পাতায় ঠান্ডা সমস্যা নিয়ে বিশেষজ্ঞের মতামত নেই। টিভি রিপোর্টারও কোথাও গিয়ে সরেজমিন জানাচ্ছেন না জ্বর আর ঠান্ডায় কতোজন কাবু হলেন। মানে সারাদেশে ঠান্ডা আর জ্বরের কোনো প্রাদুর্ভাব নেই। তাহলে কী করে যে বাংলাদেশ দলে ঠান্ডাটা এমন মহামারীর মতো ছড়িয়ে গেলো চিকিৎসা বা ক্রিকেটবিজ্ঞান কোনো জায়গাতেই তার জবাব নেই। সংবাদ সম্মেলনে হাবিবুল বাশারও বিস্মিত হয়ে বললেন, “সত্যিই কিন্তু। আমিও বুঝতে পারছি না। এটা তো আর কোথাও নেই। শুধু আমাদের দলে কেন?”
যখন কথা বলছেন তখনও হাবিবুলের গলা ধরা। এদিনও ঠিকঠাক প্র্যাকটিস করতে পারেননি। তবু স্বস্তির কথা যে পরিস্থিতির অবনতি না হওয়াতে তার খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটেছে। কিন্তু তুষার ইমরানের অবস্থা এত খারাপ যে তাকে ডাক্তার---হাসপাতাল করতে হচ্ছে। এরপর তাকে মাঠে নামতে হলে অতিমানব হতে হয়। বাকিদের অবস্থা এত খারাপ বলেই বোধহয় আশরাফুলকে খেলতেই হচ্ছে, যেমন পুরো সুস্থ না হলেও হাবিবুলকে নামতে হবে। সর্দি, ঠান্ডা আর জ্বর মিলিয়ে অবস্থা এতটাই খারাপ যে হাবিবুলকে একবার বলতে হলো, “পুরো ফিট দল নিয়ে তো আর সবসময় নামা যায় না। কাজেই কী আর করা যাবে! এই ভাগ্য মেনেই তো আমাদের নামতে হবে।”
জ্বর আর ঠাণ্ডা কেন এমন ছড়িয়ে পড়লো বাংলাদেশ দলে, এর পেছনে স্বাস্থ্যগত অসচেতনতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে; তবু অসুখ---বিসুখে তো কারো হাত নেই। মেনে নিতেই হয়। যেমন ভারতীয় দলকে মেনে নিতে হচ্ছে চট্টগ্রামের এই অসহ্য গরম।
অস্ট্রেলিয়ানরা ভারতে এসে একবার আইসজ্যাকেট পরে খেলতে নেমেছিল। গরম থেকে আত্মরক্ষার্থে। এবার ভারত কি সেরকম কিছু করতে পারে না! প্রস্তাবগুলো ভারতীয় সাংবাদিকদের, যাদের মুখে ভারতীয় ক্রিকেটারদের শারীরিক ভালো---মন্দের চেয়ে ওদের লোলুপ মানসিকতার কথাই বেশি শোনা যায়। সেই তারাও এবার সমব্যথী। বুধবার প্র্যাকটিস শেষে অনিল কুম্বলেকে যখন সাংবাদিকরা ঘিরে ধরেন, তখন তিনি বারবার বলছিলেন, “নো সিলি, নো শর্টলেগ।” অধিনায়কের কাছে চাহিদামতো ফিল্ড প্লেসমেন্টের দাবি নয়, সাংবাদিকদের কাছে অনুরোধ, তারা যেন কাছে---পিঠে দাঁড়িয়ে সামান্য বাতাসের প্রবাহটাও বন্ধ না করে দেন! গরমে ভারতীয়রা এমনই নাস্তানাবুদ। আর এই গরমে কুম্বলের মতো অক্লান্তে দিনভর বল করতে পারা বোলারও কাবু হয়ে যেতে পারেন ধরে দ্রাবিড় ৫ বোলার (তিন স্পিনার এবং দুই পেসার) খেলানোর পক্ষে। তাতে নিশ্চিতভাবেই বাদ পড়তে হচ্ছে যুবরাজ সিংকে। দীনেশ কার্তিককে দিয়ে ওপেন করাতে চাইছেন দ্রাবিড়, কিন্তু তা হলে ভিভিএস লক্ষ্মণকে বাদ দিতে হয়। কিন্তু লক্ষণ---যুবরাজ দুজনকে বসিয়ে রাখা ভ্রান্তিবিলাস হবে ধরে শেষপর্যন্ত সম্ভবত দ্রাবিড়----সৌরভদের কেউ একজন ওপেন করে লক্ষ্মণের জন্য জায়গা তৈরি করবেন। মানে টেন্ডুলকার, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ সব মারণাস্ত্রই বাংলাদেশের দিকে তাক করা। এদের একজন এই ঘাসহীন ন্যাড়া উইকেটে দাঁড়িয়ে গেলেই শেষ!
কিন্তু এ ক্ষেত্রেও ভারতীয়দের শংকা সেই গরম। যে গরমে ৫ মিনিট দাঁড়ালে মনে হয় সাগরে গোসল করে আসা হয়েছে সেখানে দাঁড়িয়ে লম্বা ইনিংস কতোটা খেলা সম্ভব তা নিয়ে সংশয় থাকছেই।
কে একজন যেন রসিকতা করে বলছিল, ঠান্ডা লাগার ব্যাধিটা যদি সংক্রামকই হবে তাহলে হোয়াটমোরকে ধরে না কেন? রসিকতার উত্তরে রসিকতা, “হোয়াটমোর বাংলাদেশ দলের সঙ্গে থাকলে না ঠাণ্ডাটা সে পর্যন্ত পৌছাবে।” রসিকতা, কিন্তু এখনকার বাস্তবতায় আসল কথাও। শরীরটা বাংলাদেশ দলের সঙ্গে আছে, বাংলাদেশের শার্ট-ট্রাউজারই পরছেন, কিন্তু মনটা তার ভারতে। বৃহস্পতিবার দুপুর ২টায় এই লেখা যখন লেখা হচ্ছে তখন রুহুল আমিন স্টেডিয়ামে মাঠ প্রস্তুতির কাজ চলছে। স্পনসর বিলবোর্ড বসানো, উইকেটের যতœ---আত্তি। কিন্তু মনে হচ্ছে এই মাঠটা এখন নিছকই মঞ্চের পেছনের গ্রিন রুম, আসল মঞ্চ হোটেল পেনিনসুলা। যেখানে রুম বুক করা হয়েছে ভারতীয় বোর্ডের কর্তাদের জন্য, যারা বরযাত্রীর মতো এসে নিজেদের করে নেবেন হোয়াটমোরকে। যে দলটা বাংলাদেশের প্রতিপক্ষ তাদের কোচ হওয়ার জন্য খেলার মাঝখানেই তিনি চুক্তি করতে সেজেগুজে তৈরি। কাজেই ১৩ মাস পর টেস্ট, ঠাণ্ডার কারণে কাহিল অবস্থায় করণীয় ঠিক করা, এই শক্তিশালী ভারতীয় ব্যাটিংকে সামলানোর মন্ত্র আবিষ্কার এসব নিয়ে মাথা ঘামানোর কাজটা একান্ত বাংলাদেশেরই। হাবিবুল বাশার এবং তার সতীর্থদের। হোয়াটমোর শরীরটা বাংলাদেশের ড্রেসিং রুমে রেখে মনটা যে ওদিকে দিয়ে বসে আছেন!
ঠাণ্ডা---গরমের এই টেস্টে হোয়াটমোর তাই আগুন। ভারতের শক্তির তাপে বাংলাদেশ পুড়বে কিনা কে জানে, কিন্তু হোয়াটমোরের আগুনে বাংলাদেশকে পুড়তেই হচ্ছে।
লিখতে লিখতে ভেসে উঠছে গায়ানার স্মৃতি। ভারতের কোচ হওয়ার বিষয়ে তার আগ্রহ সেখানেই প্রথম নগ্নভাবে প্রকাশিত হয়েছিল, যখন ভারতীয় এক টিভি চ্যানেলকে ঢাক--ঢোল পিটিয়ে জানিয়েছিলেন আমি ভারতের কোচ হতে চাই। এবং সেই পটভুমিতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এখানেও যদি খেলোয়াড়রা তেমন অঙ্ক ওল্টানো কিছু করে বসে!
আমরা ভাবব হোয়াটমোরের শেষ মুহূর্তের অনৈতিক আচরণের জবাব। হোয়াটমোর ভাববেন, বিদায়ী উপহার! যে যেভাবে বোঝে আর কী!
