১৩ মাস পর টেস্ট, বিরতির ভীতি ভুলিয়ে দিচ্ছে উজ্জ্বল স্মৃতি
রোদ - ঝড় - বৃষ্টির খেলা আপাতত শেষ। এখন তাহলে ভারত --- বাংলাদেশ খেলার কথা ভাবা যায়!
খেলা বলতে টেস্ট খেলা। বাংলাদেশ দলের একজন খেলোয়াড়কে কথাটা মনে করিয়ে দিতে তিনি পাল্টা প্রশ্ন রাখছেন, “আচ্ছা, বলুন তো, খেলাটাকে টেস্ট বলা হয় কেন? একদিনে খেলা হয় বলে এটার নাম একদিনের ক্রিকেট। তা পাঁচদিনের খেলার নাম তো ফাইভ ডে হতে পারতো! না হয়ে টেস্ট কেন?” এবং প্রশ্ন শেষে প্রশ্নের যৌক্তিকতার ব্যখ্যা,“সত্যিই যে খেলাটার নাম টেস্ট দিয়েছে তাকে সালাম। টেস্ট খেলাটা সত্যিকারের টেস্ট।” জানিয়ে রাখি, যিনি কথাটা বলছেন তাকে বাংলাদেশের সবচেয়ে টেস্ট উপযোগী খেলোয়াড় ধরা হয়। তার কাছেই টেস্ট মানে এমন, কাজেই বাকিদের কাছে আরও কঠিণ হওয়ার কথা। গত এক বছরে বিশ্বকাপকেন্দ্রিক চিন্তার ফলে অতিরিক্ত ওয়ানডেমুখীতা এবং ফলে টেস্টের সঙ্গে ১৩ মাসের বিচ্ছেদে টেস্ট ক্রিকেটটা বাংলাদেশের জন্য সত্যিকারের পরীক্ষা। টেস্ট। দল বদলে যাচ্ছে, টেস্ট স্পেশালিস্টরা দলে ফিরেছেন, প্রতিপক্ষও তাদের খ্যাতিমান তারকাদের বিশ্রাম শেষ করে সুসজ্জিত।
বাংলাদেশের আবহাওয়াবার্তা তার চিরদিনের সুনাম (!) বজায় রেখে এবারও ভুল প্রমানিত। চট্টগ্রাম তাই এখন সাইক্লোনের দিক থেকে নিশ্চিন্ত। কিন্তু সমুদ্রের সাইক্লোন গেলেও মনের মধ্যে একটা হতাশার সাইক্লোন ঠিক বহমান। তামিম আর আফতাব বাদ পড়াতে টেস্ট দলে যে চট্টগ্রামের কোনো খেলোয়াড়ই নেই! মঙ্গলবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শান্ত্বনা পুরস্কার হিসাবে জানানো হচ্ছিল এই টিকেট টেস্টের প্রথম দিনও চলবে। শুনে মাঠ ফিরতি কয়েকজনের তীর্যক মন্তব্য,“টেস্ট দেখে কী হবে! তামিম আর আফতাব তো নেই!” ১৩ মাস পর খেলতে গিয়ে খেলোয়াড়দের সমস্যা হবে কিনা কে জানে, কিন্তু এতদিন বিরতির বাদে দল গড়তে গিয়ে নির্বাচকরা কিন্তু খানিকটা তাল হারিয়ে ফেলেছিলেন। আর সেই তালে -- গোলেই কিনা ওয়ানডে স্পেশালিস্ট তুষার ওয়ানডেতে উপেক্ষিত হয়ে টেস্ট দলে! আশরাফুল শেষ পর্যন্ত সুস্থ না হয়ে উঠলে দল গঠন নিয়ে খুব ঝামেলা নেই, তুষার, রাজিন দুজনই বোধহয় খেলবেন। কিন্তু আশরাফুল সুস্থ হয়ে গেলে দুজনের একজন, কারণ, মোটামুটি নিশ্চিত যে সাকিবের টেস্ট অভিষেক এখানে হচ্ছেই। আর হাসপাতাল ছেড়ে আশরাফুল মঙ্গলবার চট্টগ্রামে পৌঁছানইনি শুধু, বিকালে দলের সঙ্গে নেটে ব্যাটও করেছেন আধ ঘণ্টার মতো।
মঙ্গলবার রাত থেকেই হাবিবুল বাশারের ঠান্ডা লেগে এমন অবস্থা যে বুধবার প্র্যাকটিসের মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। তা সে কারণে শরীর যত কাহিল থাকুক, তবু মনের দিক দিয়ে হাবিবুল বাশার এখন অনেক সুখী মানুষ। তার অস্বস্তির ওয়ানডে গেছে, আশা করছেন বিতর্কটাও সঙ্গে চলে গেছে। এসেছে স্বস্তির টেস্ট। বাশারের স্থির বিশ্বাস, ওয়ানডের ব্যর্থতার কালো ছায়া এত লম্বা হবে না যে সেটা তার টেস্ট পারফরম্যান্সকেও প্রভাবিত করবে। নিরন্তর সমালোচনা নেই, সংবাদ মাধ্যম কলমে ধার দিয়ে তাকে কেটে ফেলতে তৈরি নয়; কাজেই নিশ্চিন্তেই খেলতে পারবেন। আর তাহলে টেস্টে দেখা যাবে সেই হাবিবুলকে। প্রিয় এবং পছন্দের হাবিবুল। তা হলে সমস্যার অনেকখানি সমাধান, না হলে দুশ্চিন্তার অনেক উপাদান।
এবং হাবিবুলের মতো জাভেদও এখানে আর সবসময় দূরবীনের নীচে নন। এটা টেস্ট ক্রিকেট, জাভেদ যত ইচ্ছা বল ছাড়ার অধিকার রাখেন। খালেদ মাসুদকে তার ক্ষয়ে যাওয়া ব্যাটিং শক্তি নিয়েও খুব ভাবতে হচ্ছে না। ওয়ানডেতে যদি ব্যাটিংয়ের জন্য বাদ পড়েন, তাহলে টেস্টে তিনি ফিরেছেন কিপিংয়ের জোরে। মানে, মিলে ---- মিশে যা দাঁড়াচ্ছে, সেটা হলো, সিনিয়র ক্রিকেটাররা এখানে ওয়ানডের মতো চাপে নেই। ১৩ মাস পর টেস্ট খেলা যদি হয় সমস্যার নাম, তাহলে এটা হলো সুবিধার দিক। গত বছর এপ্রিলে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের স্মৃতি ভেসে উঠলে অবশ্য মনে হচ্ছে সমস্যার কিছু নেই। ফতুল্লা মাঠের সেই শেষ টেস্টটাতে তো আরেকটু হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ধরেই ফেলেছিল। মাঝের ওয়ানডেমুখীতায় স্মৃতি তলিয়ে যেতে পারে, কিন্তু সেটা মিলিয়ে যাওয়ার স্মৃতি একটুও নয়।
অনিল কুম্বলে সেটা জানেন। নিজে থেকেই বললেন, “বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে গত বছর প্রায় হারিয়ে দিয়েছিল সেটা আমরা ভালোমতোই জানি।” মাঠের গৌরবটা জানেন, সম্ভবত জানেন না মাঠের বাইরের কলঙ্কের খবরটা। গত বছর এপ্রিলে এখানেই পুলিশী তাণ্ডবের নির্মম শিকার হয়েছিলেন সাংবাদিকরা। ফলে নানান প্রতিবাদ --- ম্যাচ বয়কট। আর এসবের ফাঁকে জ্যাসন গিলেস্পি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কুখ্যাত কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন। নাইট ওয়াচম্যান হিসাবে খেলতে নেমে ডাবল সেঞ্চুরি। গিলেস্পির মতো আরেকটা কুখ্যাত ডাবল সেঞ্চুরিরও শিকার হয়েছিল বাংলাদেশ। কীর্তিমানের নাম শচীন টেন্ডুলকার। ২০০৪ সালের সফরে ঢাকায় যে ডাবল সেঞ্চুরিটি টেন্ডুলকার করেছিলেন সেটা বাংলাদেশের ফিল্ডারদের এত বেশি বদান্যতাপ্রসূত ছিল যে টেন্ডুলকারের মনে হলেও লজ্জায় জিভ কাটার কথা।
সেই টেন্ডুলকার এবার এসেছেন শুধু টেস্ট খেলতে। বুধবারই প্রথম অনুশীলন। আর সেখানে রবি শাস্ত্রীর সঙ্গে যৌথভাবে জন্ম দিলেন দিনের সবচেয়ে মজাদার দৃশ্যটির। শাস্ত্রী নেটে গিয়ে টেন্ডুলকারকে ব্যাটিং টিপস দিচ্ছেন, বোঝাচ্ছেন কীভাবে কী করতে হবে! চট্টগ্রামের প্রচণ্ড গরমে প্রায় সেদ্ধ হয়ে যাওয়া সাংবাদিকদের জন্য এক ফোটা বৃষ্টির মতো নির্মল বিনোদন। শাস্ত্রী আর টেন্ডুলকারের ব্যাটিংয়ের দৃশ্যটা পাশাপাশি রাখুন, এই বিনোদন -- বৃষ্টির ছোঁয়া আপনার শরীরেও লাগবে।
হতে পারেন ধোনি কাগজ --- কলমের ম্যান অব দ্য সিরিজ। কিন্তু ঔদ্ধত্য আর অকারণ আস্ফালনে রবি শাস্ত্রীই আসল ম্যান অব দ্য সিরিজ। বাংলাদেশের কেউ টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ হবে আশা করাটা বাড়াবাড়ি, কিন্তু রবি শাস্ত্রীর লাগাম টেনে ধরার খেলাটা তো বাংলাদেশের খেলা উচিত।
তাহলে সিরিজটা ভারতের অনুকুলে ২ --- ০ হলেও অংকের হিসাব ভুল। সিরিজ জয়ী দলের নাম বাংলাদেশ!
