২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ বললেন,“ভারতবর্ষে তো এরকম কতো কিছুই রটে”

ঠিক নিশ্চিত হতে পারছিলেন না, নিজের হেলমেটের গ্রিলটা বাঁকা হয়ে গেছে কিনা। নিশ্চিত হওয়ার জন্য ডাকলেন শচীন টেন্ডুলকারকে, “দেখ তো, এটাকে বাঁকা মনে হচ্ছে কিনা?” শচীন তা নির্ণয় করতে সৌরভ গাঙ্গুলীর কাছে ঘেঁষতেই বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের পাশের ইনডোরের গেটে হামলে পড়লেন বাংলাদেশ আর ভারতের ফটোসাংবাদিক ও টিভি ক্যামেরাম্যানরা। ফ্রেমবন্দী করার মতো এমন বিরল মুহুর্ত অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। “হ্যাঁ, এটাকে বাঁকাই লাগছে”--- হেলমেটটা দেখেশুনে বলেই চলে গেলেন শচীন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এরপরে ইনডোরে আরো অনেকেই সৌরভের কাছে গেলেন। তাদের সবাই ভারতীয় সাংবাদিক। সবার প্রশ্নের ঢংও একই। তাদের সফলতম অধিনায়ককে যে ইদানীং বাঁকা চোখে দেখা শুরু হয়ে গেছে তার দেশেই! সবজায়গায় নয় অবশ্য। আপাতত এর বিস্তার শুধু দিল্লীতেই। এই নিয়েই জিজ্ঞাসার জবাবে সৌরভকে বলতে শোনা গেল,“আরে ভারতবর্ষে তো এরকম কতো কিছুই রটে।” কী রটেছে তার নামে?

রটেছে এই যুগের ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল ও টনি গ্রেগ হতে চলেছেন সৌরভ। যারা ১৯৭৯ সালে আরো অনেকের মতো নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে যোগ দিয়েছিলেন ক্যারি প্যাকারের সঙ্গে। আর ক্যারি প্যাকারের ভারতীয় সংস্করণ হওয়ার ইচ্ছের কথা ঢাকঢোল পিটিয়েই ঘোষণা করেছেন ভারতের শীর্ষস্থানীয় চ্যানেল জিটিভির চেয়ারম্যান সুভাষ চন্দ্র। চালু করতে চলেছেন ইন্ডিয়ান লিগ ক্রিকেট। অক্টোবরে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট দিয়ে এর যাত্রা শুরুর কথা সংবাদমাধ্যমকে জানানোর সময়  ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের উপস্থিতি সবাইকে ভীষণ চমকেছে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার যে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিরও চেয়ারম্যান।

ভারতীয় ক্রিকেট বোর্ডকে চ্যালেঞ্জ জানানো জিটিভির এই উদ্যোগ যে হালে পানি পাবে, তাতে কোনো সন্দেহই রাখেনি কপিলের উপস্থিতি। সেই সঙ্গে দিয়ে রেখেছে আরেকটা বিপ্লবের ইঙ্গিতও। এখনকার খেলোয়াড়দের মধ্যে কে --- তাই সবার কৌতুহলী প্রশ্ন এমন হওয়াই স্বাভাবিক। সবার আগে দিল্লীর মিডিয়া বাতাসে ভাসিয়ে দিয়েছে সৌরভের নাম। সব শুনে সৌরভ একদম উড়িয়েই দিচ্ছেন,“সব ফালতু কথা। আমি কেন খেলতে যাবো ওখানে!”

আপাতত চট্টগ্রাম টেস্টই তার চিন্তাজুড়ে। শচীন, সৌরভ, লক্ষণ ও কুম্বলেরা টেস্ট খেলতে আগেরদিনই চট্টগ্রামে এসে পৌঁছান। মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডেটা মাঠে গড়াবে কিনা, তা জানার জন্য যখন দফায় দফায় মাঠ পর্যবেক্ষন চলছে, তখন তারা নিবিষ্ট মনে ইনডোরে খেটে চলেছেন। ঘুর্ণিঝড় শেষ পর্যন্ত আঘাত না হানলেও সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের বারোটা বাজিয়ে গেছে ঠিকই। এর রেশ আবার চট্টগ্রাম টেস্টে গিয়ে পড়বে না তো! নেটে বোলিং সেরে ব্যাটিংয়ে নামার আগে সেটাই জানতে চাইলেন সৌরভ,“ঝড়ের কী অবস্থা বলো তো? কেটে গেছে নাকি? টেস্টটা হতে দেবে তো?” এসব প্রশ্নে আশ্বস্ত হওয়ার মতো উত্তরই পেলেন। আর টেস্টে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে তো নিশ্চয়ই এসেছেন বাংলাদেশে। যেটাকে তার  ‘সেকেন্ড হোম’ বলতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন। কলকাতার পর এখানেই যে সবচেয়ে বেশি ‘দাদা, দাদা’ শুনতে হয় তাকে!

 মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটলো না। তেমনি এখানকার কিছু পুরনো চেনামুখের ডাকও উপেক্ষা করতে পারলেন না। আর এদেশের পরিচিত সাংবাদিকদের সাক্ষাৎকারের দাবি এবার মেটাতে না পারার অক্ষমতার কথাও বেশ বুঝিয়ে বললেন,“এখন তো হাত --- পা বাঁধা হয়ে গেছে। মুখ খুললেই বিপদ। ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে আসতে পারলে অবশ্য ভিন্ন কথা।” তবে কুশলাদি বিনিময়ে তো আর বাধা নেই, তা করতে গিয়েই এক টিভি সাংবাদিকের কাছ থেকে জানলেন, কয়েকমাস আগে তাদের চ্যানেলটা পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। শুনে ব্যথিতও হলেন খুব।

এই ব্যথার প্রকাশ ঘটলেও তার নিজেরটা হয়তো লূকিয়েই রাখলেন। সেটা তার নিজের দেশেই তাকে বাঁকা চোখে দেখা শুরু হয়ে যাওয়ার ব্যথা!