২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে টেস্টের চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন দ্রাবিড়

রসিক লোক বলে খ্যাতি আছে হাবিবুল বাশারের। পারতপক্ষে রসিকতা করার সুযোগ ছাড়েনও না। ছাড়লেন না মঙ্গলবারের সংবাদ সম্মেলনেও। এক ভারতীয় সাংবাদিক জানতে চেয়েছিলেন,“বিশ্বকাপের ভারতীয় দল আর এবারের ভারতীয় দলের পার্থক্য কী?” বাংলাদেশ অধিনায়কের জবাবটা শুনে গোটা সংবাদ সম্মেলনস্থলেই হাসির রোল উঠলো,“বিশ্বকাপে তারা আমাদের কাছে হেরেছিল। এবার জিতেছে।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 08:59 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

রসিকতার অংশটা চুকিয়ে অবশ্য এটাও যোগ করলেন,“এবার তারা অনেক পরিকল্পিত ক্রিকেট খেলেছে।” ভারতের পরিকল্পনাকে শেষ ম্যাচে এলোমেলো করে দেওয়ারও ইচ্ছে ছিল। কিন্তু প্রকৃতি তো ম্যাচটা মাঠেই গড়াতে দিল না। এই সিরিজে অন্তত একটা ম্যাচে জেতার লক্ষ্য পূরণের সুযোগও তাই শেষ হয়ে যাওয়ায় প্রাপ্তির খাতাটা ভরাট দেখতে পাচ্ছেন না হাবিবুল,“যদি একটা ম্যাচ জিততে পারতাম, তাহলে বলতাম প্রাপ্তি অনেক।” তবে অনেক না হলেও কিছূ প্রাপ্তি তো আছেই। সেগুলো হাবিবুলের ভাষায় এমন,“দুটো ম্যাচে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। বিশ্বকাপে আমাদের একটা সমস্যা ছিল। আমরা একটা ম্যাচে খুব ভালো খেলতাম তো পরের ম্যাচটায় খুব খারাপ। এবার তেমনটা হয়নি। দুটো ম্যাচেই আমরা ভারতকে একটু হলেও ধাক্কা দিতে পেরেছি।”

হাবিবুলের দাবি গ্রাহ্যতা পাচ্ছে। কারণ, ধাক্কা কাটিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারার বিষয়টাকে নিজেদের প্রাপ্তির খাতায় টুকেছেন রাহুল দ্রাবিড়ও,“প্রথম ওয়ানডেতে আমরা যেভাবে ফিরে এসেছিলাম, তা ছিল এক কথায় দারুণ। ৫ উইকেট পরে গিয়েছিল আমাদের। এরপর ধোনি ও কার্তিকের জুটিতে ম্যাচটা বের করে নিয়েছিলাম আমরা। ওই পরিস্থিতিতে ম্যাচ বের করে নিতে পারার বিষয়টা দ্বিতীয় ম্যাচের আগে ভীষণ আতœবিশ্বাস জুগিয়েছিল আমাদের।”

ভারতের ওই ম্যাচ জেতাতে এখন আফসোস বেড়ে যাওয়ার কারণ আছে বাংলাদেশ শিবিরের। প্রথম ওয়ানডেতে জেতা ম্যাচ হাতছাড়া না করলে ্এখন ১ --- ১ এর সমতা নিয়ে সিরিজ শেষ হতো। শেষ ম্যাচটা পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর তাই রাহুল দ্রাবিড় হাসিমুখে সিরিজের ট্রফি নিতে পারতেন না। বরং ফ্রেমে বাঁধাই হতো রাহুল আর হাবিবুলের হাসিমুখে ট্রফি ভাগাভাগি করার ছবি।

তবে হাসার সুযোগ তো এখনো শেষ হয়ে যায়নি। সামনে আছে দুই টেস্টের সিরিজ। ম্যাচ যেহেতু হয়নি, তাই সংবাদ সম্মেলনে আসন্ন টেস্ট সিরিজ নিয়েই ঘুরপাক খেতে থাকলো একের পর এক প্রশ্ন। সেখানেই রাহল দ্রাবিড় বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জটা মনে করিয়ে দিলেন। বোঝাতে চাইলেন টেস্ট আর ওয়ানডে এক নয়। তাই হাবিবুলদের জন্য বড় এক পরীক্ষাই অপেক্ষা করে আছে,“অবশ্যই টেস্ট ক্রিকেট কিছুটা কঠিন হবে তাদের জন্য। কারণটা খূব সহজ। তারা খুব বেশি টেস্ট খেলেনি। অন্যদিকে আমাদের দলের দিকে তাকান। আমাদের দলে এমন অনেকে আছে যারা প্রচুর টেস্ট খেলেছে। আমাদের টেস্ট দলটার অভিজ্ঞতাও অনেক। সুতরাং আশা করছি, দুটো টেস্ট ম্যাচই খুব ভালো যাবে আমাদের।” টেস্টে প্রতিপক্ষের অনভিজ্ঞতায় বাংলাদেশকে চেপে ধরার অপেক্ষায় এখন ভারত অধিনায়ক। একটা ধাক্কা অবশ্য আছে ভারতের জন্য। অনেক লুকোচুরির পর শেষপর্যন্ত ফিরে যেতে হচ্ছে পেসার শ্রীশান্তকে। আর তাই শুধু ওয়ানডে দলের জন্য নির্বাচিত রুদ্র প্রতাপ সিং থেকে যাচ্ছেন টেস্ট সিরিজে। 

এমনিতেই টেস্ট কম খেলেছে বাংলাদেশ। তারওপর গত একবছরে টেস্ট খেলাই হয়নি। “আমরা বোধহয় ১৩ মাস পর  টেস্ট খেলতে যাচ্ছি”--- বললেও হাবিবুল খারিজ করে দিচ্ছেন এটাকে বড় করে দেখে আগেভাগে হতাশ হওয়ার সম্ভাবনা,“এটা চিন্তার ঠিকই। তবে দুশ্চিন্তা কিছুতেই নয়।” তিনি বরং টেস্টের চ্যালেঞ্জটা নিতেই আগ্রহী। এজন্য মনের জোরের অভাব হচ্ছে না বলেও মনে হলো,“যতদূর মনে পড়ছে, অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সর্বশেষ টেস্ট সিরিজটাতে খুবই ভালো খেলেছিলাম আমরা। বিশেষ করে প্রথম টেস্টে। ওই স্মৃতি নিয়েই নামতে চাইছি। তাছাড়া আমি মনে করি, ভালো ক্রিকেট খেলার সুযোগ থাকলে এটাই সঠিক সময়। দল হিসেবে এখন আমরা ভালো খেলছি। আমি আগেও বলেছি কথাটা। গত এক বছরে আমাদের পারফরমার অনেক বেড়েছে। তাই এক বছর টেস্ট না খেললেও এই সিরিজে ভালো খেলার সুযোগ আমাদের আছেই।”

সুযোগটা ব্যাটসম্যান হাবিবুলের জন্যই অনেক বেশি। কারণ ওয়ানডেতে তিনি যতোটা ম্রিয়মান, ঠিক ততোটাই উজ্জ্বল টেস্টে, সেখানে বাংলাদেশের সেরা। তাই টেস্টের চ্যালেঞ্জটা তাকেই নিতে হচ্ছে সামনে থেকে,“জানি, টেস্টে আমি রান করলেই অনেক কিছূ সহজ হয়ে যায়। তবে আমি টেস্টে অন্যদের কাছ থেকেও বড় ইনিংস আশা করছি।” এটা সবসমযই আশা করেন। কিন্তু পান না। এবার পেলে তবু বহুদিন পর টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জটা ভালোভাবে নেয়া হয়!