২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপে ম্যাচ অনিশ্চিত, জ্বরে কাহিল বাংলাদেশ

নিম্নচাপের ফলে চট্টগ্রাম বন্দরে ৭ নম্বর বিপদ-সংকেত। হাবিবুল বাশার বা বাংলাদেশ শিবিরের বিপদ-সংকেতটার নম্বরটা জানা যাচ্ছে না, তবে পরিস্থিতি যেমন অবনতিশীল, তাতে সেটা ৭ এর চেয়ে বেশি ছাড়া কম হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 09:14 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

নিম্নচাপের জায়গায় এখানে ভাইরাস জ্বরের প্রভাব। প্রভাব তো নয়, কুপ্রভাব এবং তাতে আক্রান্তের সংখ্যা বেড়ে বেড়ে এমন জায়গায় গেছে যে হোটেল পেনিনসুলা যেন আর হোটেল নয়, একটা ক্লিনিক। আর হাবিবুল বাশাররা যেন ক্রিকেটার নন, ক্লিনিকের রোগী। আশরাফুল আগে থেকেই হাসপাতালে। রাজ্জাকের জ্বরও পুরনো। ফরহাদ রেজাকে আশরাফুলের জায়গায় খেলানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সোমবার সকাল থেকে তার শরীরেও জ্বর-জ্বর ভাব। সেটা আছে শাহাদাতের শরীরেও। তাই টেস্ট দলের তিনজন রাজিন সালেহ, তুষার ইমরান এবং মেহরাব হোসেন জুনিয়রকে জরুরী বার্তা পাঠিয়ে একদিন আগেই চট্টগ্রামে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। তৃতীয় ওয়ানডেতে ভারতের আগেই ভাগ্যের এমন মার!

চট্টগ্রাম বাংলাদেশের সুন্দরতম শহর। এবং সবচেয়ে বিপদজনক শহরও বোধহয়। ঘিরে থাকা পাহাড় আর সাগর ছোঁয়া বাতাস মিলিয়ে একটা আরামদায়ক পরিবেশ। ঢাকা থেকে এলে তো মোটামুটি স্বর্গ-নরক ব্যাপার। ঢাকায় কয়েকদিন কাটিয়ে, ভীড় আর যানজটের শিকার হয়ে ভারতীয় সাংবাদিকরাও এখানে এসে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন। সেই স্বস্তি কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত অস্বস্তি। সৌন্দর্যের সাগর যে রুপ বদলে এখন মৃত্যুপুরী হওয়ার পথে!

নিম্নচাপের অমোঘ পরিণতি সাইক্লোনে, আবহাওয়াবার্তা অনুযায়ী সেটা সোমবার রাতেই চট্টগ্রাম বন্দরে আঘাত করার কথা, তা হয়ে গেলে ম্যাচ হওয়ার প্রশ্ন নেই এবং তা না-হয়ে বৃষ্টি যদি এমন চলতে থাকে তাহলেও ম্যাচের মাঠে গড়ানো নিয়ে ঘোর অনিশ্চয়তা। এই থেমে থেমে চলা বৃষ্টির জন্য সোমবার দু-দলই মাঠে প্র্যাকটিস করতে পারল না। ভাগ্যিস কয়েকদিন আগে ইনডোরটা তৈরি হয়ে গিয়েছিল। ভারতীয় দল সেখানে সকালে এবং বাংলাদেশ দল বিকালে প্র্যাকটিস করে দুধের স্বাদ ঘোলে মেটালো।

ইনডোর আছে, বিশাল কমপ্লেক্স জুড়ে স্টেডিয়াম, পার্কিংয়ের সুবিধা, সাগরের আরও কাছাকাছি বলে নির্মল বাতাস পাওয়া যায়, কিন্তু তাহলেও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম নয়। পানি নিষ্কাষন ব্যবস্থায় আকাশ-পাতাল তফাত। মিরপুর স্টেডিয়ামের কিউরেটর বদিউল আলম খোকন দুটো স্টেডিয়ামের তুলনা করতে গিয়ে বলছিলেন, ঢাকায় যে অবস্থায় প্রথম ওয়ানডেটা হয়েছিল সেটা এখানে হলে ২৫ ওভারের ম্যাচ হতো কিনা সন্দেহ! ঢাকায় সকালের ঐ ঝড়-বৃষ্টির পরও কিন্তু ম্যাচ শুরু হয়ে গিয়েছিল দশটায়। ৪৭ ওভারের ম্যাচ।

উইকেটের চরিত্রও আকাশ-পাতাল না হোক কিছু তফাত আছে। ঢাকার মতো বিকালের দিকে বল স্লো হয়ে আসার ভয় নেই। একেবারে ওয়ানডের চাহিদামতো ব্যাটিং ট্র্যাক। সারাদিনই বল ব্যাটে আসার কথা। এখানে রান আরও অনেক বেশি।

চট্টগ্রামে এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে? গোপন বাক্সে ভোটাভুটি হলে তামিম ইকবাল এক নম্বর হয়ে যেতে পারেন। তামিমের রাজত্বে উত্তরনের পর নিজ মাঠে মঙ্গলবারই প্রথম ম্যাচ; কাজেই স্থানীয়দের মধ্যে অপার আগ্রহ। হোটেলের রিসিপশনিস্ট থেকে মাঠকর্মী সবাই চাইছেন তামিম বোলার ঠ্যাঙ্গানোর নির্মমতম অধ্যায়টা এখানেই রচনা করুন। কিন্তু চট্টগ্রামের পরিমন্ডল ছেড়ে সামগ্রিকভাবে হিসাব-নিকাশে গেলে সিরিজের আলোচিত ব্যক্তির নাম কিন্তু তামিম ইকবাল নয়, রবি শাস্ত্রী।

সোমবার তিনি সংবাদ সম্মেলনে এলেন না, ইনডোরে প্র্যাকটিস বলে তার শারীরিক উপস্থিতিটাও খুব ধরা পড়ল না, কিন্তু দ্বিতীয় ম্যাচের পর উস্কানিমুলক মন্তব্য করে তিনিই এখন পর্যন্ত ম্যান অব দ্য সিরিজ। কী রাহুল দ্রাবিড়, কী হাবিবুল বাশার-দুজনের সংবাদ সম্মেলনেই বারবার উদ্ধৃতি হয়ে এল তার মন্তব্য। দ্রাবিড় কূটকৌশল এবং পোষাকী ভদ্রতায় সামাল দিলেন। হাবিবুল বাশারের নিজের অবসর নিয়ে এত কথা বলে তিনিও খুব পাল্টাপাল্টির রাস্তায় গেলেন না। কিন্তু রবি শাস্ত্রী সিরিজের আবহে একটা যুদ্ধ-যুদ্ধ ভাব বইয়ে দিয়েছেন। কিছু তিক্ততাও। কিছু মান-অপমানের হিসাবনিকাশ ঢুকে গেছে তার অকারণ উস্কানিতে।

বৃষ্টিøাত রুহুল আমিন স্টেডিয়াম কিংবা হোটেল পেনিনসুলাতে এসব আলোচনা যখন চলছে, তখন পুরো চট্টগ্রামের মন কিন্তু অন্যদিকে। বাংলাদেশ দলের জ্বর সমস্যা বা নিম্নচাপের প্রভাব নয়, তারা চিন্তিত মেয়রের শারীরিক অবস্থা নিয়ে। যৌথবাহিনীর হাতে আটক চট্টগ্রামের মেয়রের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়াতে তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে, সেখানেই হামলে পড়েছে চট্টগ্রামের মিডিয়া। আসছে নানান রকম খবর। ভাসছে নানান গুজব।

না। চট্টগ্রামের মন ক্রিকেটে নেই। ঘুর্নিঝড়ের দুশ্চিন্তা, মেয়রের শারীরিক অবস্থার মাঝে ক্রিকেটের দিকে মনযোগ ঘোরানোর সুযোগ কই। তার সঙ্গে বৃষ্টিজনিত অনিশ্চয়তা, বাংলাদেশে দলের জ্বরের প্রাদুর্ভাব মিলিয়ে ম্যাচের আগের দিন চট্টগ্রামে ম্যাচটা প্রায় অনুপস্থিতই। এবং তখন মনে হচ্ছে, রবি শাস্ত্রীই আসলে ম্যাচটা টিকিয়ে রেখেছেন। তিনি হুংকার দিয়েছিলেন, কয়েকদিন পর বাংলাদেশ দেখবে ভারত কেমন দল! সেই হিসাব মেলানোর বাইরে ম্যাচ নিয়ে আর কোনো উত্তেজনার কিছু তো দেখছি না!