ভারতের বিশ্বকাপ হতাশার ক্ষতে প্রলেপ দেয়ার সিরিজ
বছর তিনেক আগের বাস্তবতা এখন নিক্ষিপ্ত হয়েছে কল্পনার আস্তাকুঁড়ে। বাংলাদেশ-ভারত ম্যাচের ফলকেন্দ্রিক ভবিষ্যদ্বানী প্রসঙ্গেই চলে আসছে কথাটা।
তখন অনায়াসে বলে দেয়া যেতো ভারত জিততে যাচ্ছে। এখন বলা যায় না। খোদ রাহুল দ্রাবিড়ই দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটারদের কৃতিত্বের এমন ঝকঝকে সার্টিফিকেট। ভারত অধিনায়কের মুখ থেকেই শুনে নিন সেটা,“খেলতে নামলেই বাংলাদেশের বিপক্ষে জিতে যাবেন, এমন নিশ্চয়তা আর নেই। বাংলাদেশ এখন অনেক প্রতিভাবান দল।”
এই দলের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জয় দিয়ে বিশ্বকাপ হতাশার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ বুলোতে পারছে ভারতীয় শিবির। রাহুল দ্রাবিড়ের কথা অন্তত তাই মনে করাতে বাধ্য,“বিশ্বকাপের হতাশার কথা বিবেচনা করলে আমি বলবো, বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের শুরুটা আমাদের ভালো হয়েছে। অন্তত হার দিয়ে শুরু করার চেয়ে তো ভালো হয়েছে।”
অবশ্য অসমাপ্ত কাজটা শেষ করার দিকেও তীক্ষè দৃষ্টি আছে তাদের। সেটা বিবৃত করতেও ভোলেননি ভারত অধিনায়ক,“ছেলেরা সবাই ৩-০ তে জেতার জন্য মুখিয়ে আছে। আমরা ওয়ানডে সিরিজ জেতার টার্গেট নিয়েই এখানে এসেছিলাম। সেটা পুরো হয়েছে। তবে ওয়ানডেতে আরেকটা টার্গেটে পৌঁছানো বাকি আছে আমাদের। আর তা হলো ৩-০ করা। আমরা কিন্তু এখনো সব ম্যাচ জিতিনি। সব ম্যাচে জিততে হলে আমাদের পারফরম্যান্সের ধারাবহিকতা ধরে রাখতে হবে।”
অবশ্য সেজন্য আগের দুই ম্যাচের একাদশে ধারাবাহিকতা থাকছে না। সিরিজের শেষ ম্যাচ যদি মাঠে গড়ায়, তাহলে খেলার সুযোগ পাবেন রবীন উত্থাপ্পা এবং পেসার রুদ্র প্রতাপ সিং। মূলত ওপেনার উথাপ্পা ব্যাটিং করবেন তিন নাম্বারে। তার মানে, আগের দুই ম্যাচে তিন নাম্বারে খেলা মহেন্দ্র সিং ধোনিকে একটু নিচে নেমে ব্যাট করতে হবে। বিশ্রাম দেওয়া হবে জহীর খানকে। তবে এটাকে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা বলতে নারাজ ভারত-অধিনায়ক। বাঁ-হাতি পেসার জহীরকে বিশ্রাম দেওয়ার মানে হ্েচছ ওয়ানডে সিরিজ জেতা হয়ে যাওয়ায় এখন টেস্ট সিরিজটাই বেশি উঁকি দিচ্ছে দ্রাবিড়ের মনে,“সামনে টেস্ট সিরিজ আছে। সেখানে চাঙ্গা জহীরকে পাওয়া আমাদের জন্য জরুরি। তাই ওকে একটু বিশ্রাম দেওয়া হচ্ছে।”
সিরিজ জেতা হয়ে গেছে বটে। তা হলেও কোনো ম্যাচই সহজে জেতা হয়নি। বাংলাদেশ দল হারার আগে তাদের সামর্থ্যরে সর্বোচ্চ পরীক্ষাই নিয়েছে। একজন সেটা মনে করিয়ে দিতেই রাহুল দ্রাবিড় বললেন,“শেষ ম্যাচটা বড় ব্যবধানে এবং সহজে জিততে পারলে ভালোই লাগবে।” তা তো লাগবেই। ত্রিনিদাদে ভারতকে সহজে হারানোর পর হাবিবুল বাশারেরও তেমনই লেগেছিল!
