সফর বাতিল হওয়ায় খুশি হেইডেনরা
জিম্বাবুয়ে সফর বাতিল হওয়ায় স্বস্তিই পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিশ্বকাপে তাদের সাফল্যের অন্যতম নায়ক ম্যাথু হেইডেন তো জানিয়েই দিয়েছেন, বাতিল না হলেও হয়তো এই সফরে যেতেন না তিনি!
আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের এক সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাওয়ার কথা ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু রবার্ট মুগাবে সরকারের মানবাধিকার লংঘনের প্রতিবাদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড গত রোববার ওই সফর বাতিল করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশকে স্বাগত জানিয়ে হেইডেন ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকাকে জানিয়েছেন, “এবার আমি নিজের অবস্থানটা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছিলাম, ভাবছিলাম সফরটা যদি শেষ পর্যন্ত হয়ও, আমি তাতে যাবো কি না।”
তিন বছর আগে এ রকমই একটা পরিস্থিতিতে লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছিলেন বয়কটকে। সেবারও নাকি না যাওয়ার কথা ভেবেছিলেন হেইডেন, কিন্তু শেষ পর্যন্ত ঘোষণাটা আর দেননি। এবার আর সে ভুল করতেন না বলেই জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
তার ওপেনিং পার্টনার গিলক্রিস্টও স্বস্তিই প্রকাশ করেছেন এই সিদ্ধান্তের কথা শুনে, কিন্তু তিনি একই সঙ্গে সহানুভূতিও জানিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটারদের প্রতি। “আমি খুবই খুশি হয়েছি যে সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আমাদের নিতে হচ্ছে না। তবে আমরা যদি অন্য কোথাও ওদের সঙ্গে খেলতে পারি, যদি আমাদের সরকার সেটা অনুমোদন করে, তাহলে সেটার প্রতি আমার সমর্থন থাকবে। ওদের দেশে স্বৈরশাসনের কারণে ওদের ক্রিকেটারদের তো শাস্তি পাওয়া উচিত নয়। আমরা যদি অন্য কোনোভাবে ওদের জায়গা করে দিতে পারি, সেটা বেশ ভালো হবে”-বলেছেন এই উইকেট-কিপার ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ড্যারেন লেমানও জানিয়েছেন তাদের স্বস্তির কথা, “এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সেটা যে শেষ পর্যন্ত এ পর্যায়ে এসেছে, তাতে আমরা বেশ খুুশি।”
তবে এই সিদ্ধান্তের সমালোচনা করার লোকও পাওয়া গেছে একজন। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্স মনে করিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটের প্রতি অস্ট্রেলিয়ার ‘নৈতিক দায়িত্বে’র কথা। ‘হেরাল্ড সান’ পত্রিকায় লেখা কলামে তিনি যুক্তি দেখিয়েছেন, “সাম্প্রতিক সময়ে কয়েকবার ওই দেশে যাওয়ার সুবাদে আমি বলতে পারি, এই গ্রেট অস্ট্রেলিয়ান দলটির খেলা দেখার সুযোগ জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য একটা বিরাট সুযোগ এনে দিত। আমরা যদি না যাই, কত শিশু যে এই খেলাটির সেরা খেলোয়াড়দের দেখার সুযোগ হারাবে সারা জীবনের জন্য!”
