২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনস্তাত্বিক খেলায় আগ্রহ নেই তাদের

দু’দলের কোচরা লড়েছিলেন জম্পেশ এক কথার লড়াই। শুরুটা করেছিলেন বাংলাদেশ দলের কোচ ডেভ হোয়াটমোরই। অবশ্য তার কথার সূত্র ধরে লড়াই বেঁধে যাবে, এমনটা ভেবে নিশ্চয়ই বলেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাসুদ পারভেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

নিরীহ এক প্রশ্নের জবাবে মিরপুরে দ্বিতীয় ওয়ানডে শেষে বলেছিলেন,“বাংলাদেশের চেয়ে ভারতীয় দল সামান্য একটু এগিয়ে।” শুনেই ভারতের ক্রিকেট ম্যানেজার রবি শাস্ত্রীর মন্তব্য জমজমাট এক কথার লড়াইয়ের প্রেক্ষাপটই তৈরি করেছিল,“বাংলাদেশকে কোনো দয়া-দাক্ষিণ্য নয়। আমরা ৩-০ করতে চাই। দুদিন বাদে তাকেই (হোয়াটমোর) জিজ্ঞেস করবেন, ভারতীয় দল কতটা এগিয়ে।” কিন্তু ফুটতে থাকা কথার লড়াইয়ের উত্তপ্ত কড়াইয়ে যেন জল ঢেলে দিলেন আবার দু’দলের অধিনায়ক। প্রথমে রাহুল দ্রাবিড় এবং তারপরে হাবিবুল বাশার। ভারত অধিনায়ক বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম লাগোয়া ইনডোর ক্রিকেট সেন্টারে আর বাংলাদেশ অধিনায়ক হোটেল পেনিনসুলায়। ঘন্টাখানেকের ব্যবধানে তাদের দুজনের কথায় ফুটে উঠলো, মনস্তাত্বিক খেলায় নামার অনিচ্ছা।

জ্বালাধরানো কথা বললেই না মনে আঁচড় কাটে! শাস্ত্রীর মন্তব্যকে সমর্থন করে লড়াইয়ের পালে আরো হাওয়া লাগানোর কোনো আগ্রহই দেখা গেল না রাহুল দ্রাবিড়ের কথায়। প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে তোলার পরও না। ইনডোরে নেট প্র্যাকটিস সেরেই এসেছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে। সেখানেই তার কাছে জানতে চাওয়া হলো, রবি শাস্ত্রীর কথামতো বাংলাদেশ আসলেই দয়া-দাক্ষিন্য দেখানোর মতো দল কিনা। চাঁছাছোলা প্রশ্নেও ‘সলিড ডিফেন্স’ই করে গেলেন তিনি,“আমার মনে হয় না, এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো কারণ আছে। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সই তাদের হয়ে কথা বলছে। সবাই দেখেছেন, বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড (প্রস্তুতি ম্যাচে অবশ্য), দক্ষিণ আফ্রিকা এবং আমাদের হারিয়েছে।” জমে যাওয়া লড়াইয়ের মোড় অন্যদিকে ঘূরিয়ে দেওয়ার চেষ্টারই প্রতিচ্ছবি তার কথায়। তবে মনস্তাত্বিক খেলায় না নামলেও কোচের সঙ্গে একমত পোষণ না করার ব্যাপারটাও বোঝানো হয়ে গেছে রাহুল দ্রাবিড়ের।

হাবিবুল অবশ্য লড়াইয়ে নামতে না চাওয়ার ঘোষণা দিয়েছেন সরাসরিই। বাংলাদেশ দল সোমবার সকালেই প্র্যাকটিস করতে গিয়েছিল সাগরিকার টেস্ট ভেন্যুতে। কিন্তু সেখান থেকে তাদের হোটেলেই ফিরিয়ে এনেছে বৃষ্টি। পাশের ইনডোরটাতে প্র্যাকটিস সেরেছে অতিথি ভারতীয় দল। বৃষ্টির জন্য আউটডোর প্র্যাকটিসের কোনো সুযোগ তো ছিল না। দুপুরে বাংলাদেশ দল ইনডোরে গেছে। তার আগে হোটেলেই মিডিয়ার মুখোমুখি হওয়ার কাজ সেরেছেন হাবিবুল। সেখানে প্রশ্নে প্রশ্নে শাস্ত্রীর মন্তব্যজনিত ক্ষোভের বিস্ফোরণ দেখেছেন। কিন্তু নিজে তার কোনো অনুঘটক হতে চাননি। মনোযোগ দিয়ে প্রশ্নগুলো শুনে দ্রাবিড়ের মতোই ডিফেন্স করে গেছেন,“আমি মাঠের বাইরে কথার লড়াইয়ে নিজেকে জড়াতে চাই না। অবশ্য ক্রিকেটে এমন হয়। কথা দিয়ে মাইন্ড গেম খেলার ব্যাপার।” তবে ভারতের সঙ্গে পার্থক্য কমিয়ে আনার বিষয়টা তার কথায় ঠিকই এসেছে,“পার্থক্য একটু হলেও কমে এসেছে। এখন আমাদের বিপক্ষে ওদের জিততে হলে অনেক কষ্ট করতে হয়। আগে এতটা কষ্ট করতে হতো না।”

সাত নম্বর বিপদ সংকেতে সিরিজের শেষ ম্যাচ হওয়া নিয়েই এখন সংশয়। দুই অধিনায়ক কথার লড়াই থামিয়ে না দিলে লড়াইটা বাইরে অন্তত থাকত!