২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা দিতে হবে না অস্ট্রেলিয়াকে

আইসিসির নির্ধারিত সফরসূচির অন্তর্ভুক্ত কোনো সিরিজ বাতিল করলে জরিমানা দিতে হয়, এটাই নিয়ম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 05:40 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

জিম্বাবুয়ে সফর বাতিল করায় অস্ট্রেলিয়ার জন্য সেই জরিমানা ২০ লাখ ডলার হতে পারে এমন একটা আশঙ্কাই করছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু সেই আশঙ্কা এখন আর নেই, অস্ট্রেলিয়ান সরকারের হস্তক্ষেপ বাাঁচিয়ে দিয়েছে তাদের। সরকারি নিষেধাজ্ঞার ব্যাপারটি অনুমোদন করে তাদের জরিমানা করা হবে না বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যালকম স্পিড।

বিবিসি ফাইভ লাইভের স্পোর্টসউইক অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে স্পিড ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন এ ভাবে, “একটা দেশের সরকার তাদের দলকে সফরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা এই ব্যাখ্যাটাই চাইছিলাম। সরকার তাদের অপছন্দের কথা জানাবে, কিন্তু রাজনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভারটা ক্রিকেট প্রশাসনের হাতে ছেড়ে দেবে, এমনটা আমাদের পছন্দ নয়।”

তার ইঙ্গিতটা আসলে ইংল্যান্ডের দিকে। দু বছর আগে জিম্বাবুয়েতে ইংল্যান্ড ক্রিকেট দলের সফর নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের মতোই সোচ্চার হয়েছিল ব্রিটিশ সরকারও। কিন্তু ক্রিকেট বোর্ডের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়ার ভারটা তারা ক্রিকেট প্রশাসকদের ওপরেই ছেড়ে দিয়েছিলেন। সে কথাটা মনেও করিয়ে দিয়েছেন স্পিড।

নিজে একজন অস্ট্রেলিয়ান হিসেবে সিদ্ধান্তটাকে কী ভাবে নিচ্ছেন তিনি? স্পিড জানাচ্ছেন, “আমি এতে খুশিও নই অখুশিও নই। আসলে এই সিদ্ধান্তটা আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমাদের সদস্য দেশগুলোর মধ্যে একটা চুক্তি আছে যে কোনো গ্রহণযোগ্য কারণে অসম্ভব না হলে তারা পরস্পরের দেশে নির্ধারিত সফরে যাবে। তবে ওই চুক্তির একটা অংশে আছে কোনো দেশের সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ যদি কোনো রকমের নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে।”