অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজ আয়োজন করতে চায় দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ে যদি খেলতে রাজি হয়, তাহলে সেপ্টেম্বরে এই দুদেশের মধ্যকার প্রস্তাবিত সিরিজটা আয়োজন করতে রাজি আছে দক্ষিণ আফ্রিকা।
আইসিসির নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনটি ওয়ানডের এই সিরিজ খেলতে বিশ্ব চ্যাম্পিয়নদের যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ে সফরে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড নিষেধাজ্ঞা জারি করায় বাতিল করা হয়েছে সফরটি। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া বিকল্প হিসেবে একটি নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজটি আয়োজনের প্রস্তাব দিয়েছে এরই মধ্যে। তবে জিম্বাবুয়ে এই প্রস্তাবে রাজি হবে বলে বিশ্বাস করেন না অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) রেডিওকে সোমবার তিনি বলেছেন, “আমার কাছে মনে হচ্ছে জিম্বাবুইয়ান ক্রিকেট ইউনিয়ন তৃতীয় কোনো দেশে এই সিরিজটি খেলতে রাজি হবে এমন সম্ভাবনা খুবই কম। কারণ আমার ধারণা অন্তত জিম্বাবুয়ের সরকারের পক্ষে এটা মেনে নেওয়া খুবই লজ্জাজনক হবে যে নিজেদের দেশে তারা বিশ্বের সেরা দলের সঙ্গে খেলতে পারছে না।”
তবে যদি জিম্বাবুইয়ানরা এই প্রস্তাবে রাজি হয়, তাহলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ইউসিবির প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে জানিয়েছেন, দু পক্ষ যদি রাজি থাকে তাহলে এই সিরিজ আয়োজন করতে কোনো অসুবিধা হবে না তাদের। “আমি এখনো এমন কোনো কথা শুনিনি কারো কাছ থেকে। অবশ্যই আগে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়াকে সম্মত হতে হবে যে সিরিজটি তারা অন্য কোথাও আয়োজন করতে চায়। দুপক্ষ যদি রাজি থাকে, তাহলে আমরা সানন্দেই সেটা আয়োজন করতে পারবো”-বলেছেন তিনি।
ক্রিকইনফো-এর সহযোগিতায়
