শ্রীলঙ্কার কোচের পদ থেকে মুডির পদত্যাগ
বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কার কোচের পদ ছেড়ে দিতে পারেন টম মুডি। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো।
শ্রীলঙ্কাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই অস্ট্রেলিয়ান আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না তিনি। তার বদলে নতুন চাকরি নিয়ে ফিরে যাচ্ছেন নিজের দেশে। অস্ট্রেলিয়ার রাজ্য দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি, সঙ্গে নিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কা দলে তার সঙ্গে কাজ করা সহকারি কোচ ট্রেভর পেনিকেও।
শ্রীলঙ্কান ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়ার কারণ হিসেবে পরিবারকে আরেকটু বেশি সময় দেওয়ার ইচ্ছেটাকেই ব্যাখ্যা করেছেন তিনি। শ্রীলঙ্কার কোচ হিসেবে দু বছরের মেয়াদকালে তিনি থাকতেন কলম্বোতে আর তার পরিবার থাকতো ইংল্যান্ডে। “শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে, সে কথা মনে রাখলে মানতেই হবে, এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত ছিল। তবে জীবনের এই পর্যায়ে এসে পরিবারকে আরেকটু বেশি সময় দেওয়াটাকেও বেশ জরুরি। তবে শ্রীলঙ্কান ক্রিকেটের অব্যাহত অগ্রযাত্রায় সম্ভাব্য যে কোনো রকমের সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হবো”-শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছেন তিনি।
এসএলসিও ব্যাপারটা মেনেই নিয়েছে, “মুডি আমাদের সঙ্গে থাকছেন না, এটা খুবই দুঃখজনক। তবে আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। দায়িত্ব পালনকালে শ্রীলঙ্কান ক্রিকেটকে সাফল্য এনে দিতে তিনি যে ভূমিকা রেখেছেন এসএলসি তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। আমরা ভবিষ্যতে তার সাফল্য কামনা করছি।”
