২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ ভেন্যু খুঁজছে অস্ট্রেলিয়া

রিকি পন্টিংয়ের দলকে জিম্বাবুয়ে সফরে যেতে দেওয়া হবে না, জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। এরপর অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের ভাগ্য সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ব্যাপারটা মোটেই সে পথে যাচ্ছে না!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সরকারের নির্দেশ মাথা পেতে নিয়েও ক্রিকেট অস্ট্রেলিয়া উপায় খুঁজছে সেপ্টেম্বরে নির্ধারিত এই সিরিজটি আয়োজনের। সিরিজটি বাতিল না করে কোনো এক নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের চেষ্টা করবে তারা।

“জিম্বাবুয়ের ক্রিকেটারদের সাহায্য করতে যা কিছু সম্ভব করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অন্য কোথাও খেলতে পারলেও হয়তো সেই সাহায্যটা করা হবে”-ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যু হিসেবে কোথায় সিরিজটি আয়োজন করা যায় এ ব্যাপারে সিদ্ধান্তে আসার জন্য সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

মেলবোর্ন থেকে পাঠানো বিবৃতিতে সাদারল্যান্ড জানিয়েছেন, “আমাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের, এটা আমরা মেনে নিচ্ছি। তবে জিম্বাবুয়ের ক্রিকেটকে সাহায্য করতে আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা এখন ওই তিনটি ওয়ানডে জিম্বাবুয়ের বাইরে কোনো দেশে খেলা যায় কিনা তা খতিয়ে দেখবো।”

তবে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজন করতে হলেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির অনুমোদন লাগবে। সংস্থার প্রধান নির্বাহী ম্যালকম স্পিড এ ব্যাপারে যে তাদের সম্মতি আছে তা জানিয়েছেন একটু ঘুরিয়ে,“ ম্যাচ কোনো এক জায়গায় হবে আর কোথাও হবেই না-এ দুয়ের মধ্যে যদি বেছে নিতে বলা হয়, তাহলে আমরা নিশ্চয়ই খেলাটা হোক তা-ই চাইবো। সিদ্ধান্তটা নিতে হবে দুই বোর্ডকে। আমরা তাদেরকে সব সম্ভাবনা খতিয়ে দেখার ব্যাপারে উৎসাহ দেবো।”